বিশ্ব ফুটবলের দুই মহাতারকা ক্রিস্তিয়ানো রোনারদো ও লিওনেল মেসিকে ঘিরে তুলনা যেন কখনোই শেষ হয় না। এবার সেই লড়াইয়ে নতুন এক অনন্য রেকর্ড গড়ে মেসিকেও ছাড়িয়ে গেলেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো।
২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের দুর্দান্ত জয়ে জোড়া গোল করেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথম গোলটি করেই ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। রোনালদো হয়ে যান বিশ্বকাপ ইতিহাসে ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার।
২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬—টানা ছয় বিশ্বকাপেই গোল করার বিরল কীর্তি গড়েছেন তিনি। অন্যদিকে মেসি পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করলেও ছয় আসরে গোল করার রেকর্ড এখনো স্পর্শ করতে পারেননি। ২০১০ বিশ্বকাপে জালের দেখা পাননি তিনি।
উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর দ্বিতীয় গোলটি আসে প্রথমার্ধের শেষ দিকে। জোড়া গোলের সুবাদে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০-এ, যা পর্তুগালের ইতিহাসে সর্বোচ্চ।
প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর রোনালদোকে ঘিরে সমালোচনা শুরু হয়েছিল। অনেকেই তাকে একাদশ থেকে বাদ দেওয়ার দাবি তুলেছিলেন। তবে উজবেকিস্তানের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।
ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘রেকর্ড অবশ্যই আনন্দ দেয়, কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের সাফল্য। আমরা দুর্দান্ত খেলেছি এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি।’
রোনালদোর জোড়া গোলের সঙ্গে আরো গোল করেন নুনো মেন্দেস ও রাফায়েল লিও। একটি গোল আসে আত্মঘাতী থেকে। এই বড় জয়ে নকআউট পর্বের দুয়ারে পৌঁছে গেছে পর্তুগাল।




