• ই-পেপার

৩ ঘণ্টা বিয়ার পান না করেও বেঁচে থাকা যায় : ফিফা সভাপতি

পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা

ক্রীড়া ডেস্ক
পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা
রোহিত শর্মার হাতে পদ্মশ্রী সম্মাননা তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ছবি : সংগৃহীত

ভারতের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হলেন রোহিত শর্মা। 

আজ মঙ্গলবার (২৩ জুন) ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে রোহিতের হাতে এই সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

ভারত সরকার গত জানুয়ারিতে এ বছরের পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রোহিত শর্মার নাম ছিল। আজ সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে পদ্মশ্রী গ্রহণ করেন।

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক ও ব্যাটার রোহিত শর্মা। ২০২৪ সালে তার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। এ ছাড়া ওয়ানডেতে একমাত্র ক্রিকেটার হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি আছে তার। 

দীর্ঘদিনের অবদান, ধারাবাহিক পারফরম্যান্স এবং দেশের ক্রিকেটকে সমৃদ্ধ করার স্বীকৃতিস্বরূপ রোহিতকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মোট ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয়। তাদের মধ্যে ছিলেন ক্রীড়া, সংস্কৃতি, সংগীত, চলচ্চিত্র এবং সমাজসেবাসহ নানা অঙ্গনের ব্যক্তিরা। 

এর আগে রোহিত শর্মা ২০১৫ সালে অর্জুন পুরস্কার এবং ২০২০ সালে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেলরত্ন পুরস্কার পান। এবার পদ্মশ্রী পাওয়ার মাধ্যমে তার সাফল্যের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক।

বিশ্বকাপ ইতিহাসে ‘সবচেয়ে বুড়ো’ একাদশ নিয়ে খেলেছে ইরান

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ইতিহাসে ‘সবচেয়ে বুড়ো’ একাদশ নিয়ে খেলেছে ইরান
ইরান ফুটবল দল। ছবি: ফিফা

এবারের বিশ্বকাপে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে পড়েও স্বাভাবিকভাবে খেলে যাচ্ছে কোন দল? সবার উত্তর হওয়ার কথা ইরান। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধংদেহী সম্পর্ক বিরাজমান ইরানের। তবু দলটিকে মার্কিন মুলুকে গিয়ে খেলতে হচ্ছে। তাদের বিশ্বকাপ অভিযান আরো কঠিন করে তুলেছে ডোনাল্ড ট্রাম্পের সরকার।

সকালে যুক্তরাষ্ট্রে খেলে দুপুরে মেক্সিকো ক্যাম্পে ফিরে যেতে হচ্ছে ইরানকে। আবার বিকেলে খেলেই সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে। 

এমন বাজে অভিজ্ঞতার পরও নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে ড্র করে বিশ্বকাপের নকআউট পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে ইরান। 

শুধু কি তাই? দলটি নতুন এক কীর্তিও গড়ে ফেলেছে। লস অ্যাঞ্জেলেস গত রবিবার (২১ জুন) শক্তিশালী বেলজিয়ামকে রুখে দেওয়ার ম্যাচে ‘সবচেয়ে বুড়ো’ একাদশ নিয়ে খেলতে নেমেছিল ইরান। দলটির গড় বয়স ছিল ৩২ বছর ১৮১ দিন।

বিশ্বকাপে এর আগে সবচেয়ে বেশি বয়সী একাদশ নিয়ে খেলতে নামার রেকর্ড ছিল জার্মানির; ১৯৯৮ বিশ্বকাপে ইরানের বিপক্ষে। জার্মানির ওই দলটার গড় বয়স ছিল ৩১ বছর ৩৩৪ দিন। 

বিশ্বকাপের ম্যাচে সবচেয়ে বেশি বয়সী একাদশ
ইরান ⊳ গড় বয়স ৩২ বছর ১৮১ দিন | আসর ২০২৬
জার্মানি ⊳ গড় বয়স ৩১ বছর ৩৩৪ দিন | আসর ১৯৯৮
বেলজিয়াম ⊳ গড় বয়স ৩১ বছর ৩০১ দিন | আসর ১৯৯৮

আর্জেন্টিনা সমর্থকদের দুঃসংবাদ দিলেন স্কালোনি

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা সমর্থকদের দুঃসংবাদ দিলেন স্কালোনি
আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। ছবি : ফিফা

টানা দুই জয়ে ‘জে’ গ্রুপ থেকে সবার আগে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করা লিওনেল মেসির বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা বনে যাওয়া—সব মিলিয়ে আর্জেন্টিনার জন্য গত রাতটা ছিল নিখাদ আনন্দের। 

কিন্তু আনন্দের মাঝেই আর্জেন্টাইনদের বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছেন ক্রিস্তিয়ান রোমেরো। দলের নির্ভরযোগ্য এই ডিফেন্ডারের ফিটনেস নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। 

ডালাসে কাল অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে অস্বস্তি অনুভব করেন রোমেরো। ৫৭ মিনিটে তাকে তুলে নিতে বাধ্য হন কোচ লিওনেল স্কালোনি। ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারের এই সেন্টার ব্যাকের বদলি নামেন নিকোলাস তালিয়াফিকো। 

Romero
হাঁটুর চোট নিয়ে কাল মাঠ ছেড়েছেন ক্রিস্তিয়ান রোমেরো। ছবি: ফিফা

ম্যাচ শেষে স্কালোনি নিশ্চিত করেছেন, ডান হাঁটুতে চোট পাওয়ার কারণে রোমেরোকে তুলে নিয়েছেন তিনি। আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘ওর চোট কতটা গুরুতর, তা এখনো জানি না। তবে এ ধরনের সমস্যায় সে আগেও ভুগেছে। আশা করি, এবারের চোট গুরুতর কিছু নয়। সে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলেই নয়, যেকোনো ফুটবলারের জন্য এমন কিছু ভালো ব্যাপার নয়।’

রোমেরোও দ্রুত ফেরার ব্যাপারে আশাবাদী, ‘এটা গুরুতর কিছু নয়। ৩-৪ দিনের মধ্যেই আবার ঠিক হয়ে যাব। আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে ফিরব।’ 

গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ আগামী রবিবার (২৮ জুন) জর্দানের বিপক্ষে। নকআউট পর্বে খেলা নিশ্চিত হওয়ায় সেই ম্যাচে রোমেরোকে বিশ্রাম দিতে বিকল্পদের ওপর আস্থা রাখতে পারেন স্কালোনি। 

তিনি সেই ইঙ্গিতই দিয়েছেন, ‘সে (রোমেরো) যদি নাও থাকে, তাহলে যে খেলবে, সে অবশ্যই ভালো করবে। সবাইকে দলে পাওয়া সব সময়ই ইতিবাচক বিষয়।’

১০ নম্বর জার্সির নেইমারকে দেখা যাবে ‘ফলস নাইনের’ ভূমিকায়

ক্রীড়া ডেস্ক
১০ নম্বর জার্সির নেইমারকে দেখা যাবে ‘ফলস নাইনের’ ভূমিকায়
ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ছবি : ফিফা

অপেক্ষার পালা ফুরাচ্ছে ব্রাজিল সমর্থকদের। শতভাগ ফিট নেইমার জুনিয়র অবশেষে বিশ্বকাপে খেলতে নামছেন। আগামী বৃহস্পতিবার ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় তিন বছর পর ব্রাজিলের জার্সিতে দেখা যাবে তাকে।

ব্রাজিলের শুরুর একাদশে নেইমার কার জায়গা নেবেন, তা নিয়ে কোচ কার্লো আনচেলত্তিকে ভাবতে হচ্ছে না। ঊরুর চোটে ছিটকে পড়া রাফিনিয়ার পরিবর্তে খেলবেন তিনি।

তবে প্রত্যাবর্তনের ম্যাচে নেইমারকে প্রথাগত উইঙ্গার হিসেবে দেখা যাবে না। কোচ আনচেলত্তি নাকি ৩৪ বছর তারকাকে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাবেন। ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল এই তথ্য জানিয়েছে।  

Neymar & Ancelotti
ব্রাজিল দলের অনুশীলনে কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে নেইমার। ছবি: সংগৃহীত

নেইমার মাঝমাঠ থেকে আক্রমণ তৈরির কাজ করবেন এবং মাঠের পাশের ফাঁকা জায়গাগুলো ভিনিসিয়ুস জুনিয়রের মতো গতিময় উইঙ্গারদের জন্য ছেড়ে দেবেন। অর্থাৎ চিরচেনা ১০ নম্বর জার্সিতে ‘ফলস নাইনের’ ভূমিকায় খেলবেন নেইমার। 

আনচেলত্তি নেইমারকে ‘ফলস নাইন’ হিসেবেই অনুশীলন করাচ্ছেন। কোচ মনে করেন, লাগাতার চোটের কারণে নেইমারের গতি একটু কমে গেলেও তিনি একজন সৃজনশীল ফুটবলার, যা বিশ্বকাপে ব্রাজিল দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

৩ ঘণ্টা বিয়ার পান না করেও বেঁচে থাকা যায় : ফিফা সভাপতি | কালের কণ্ঠ