সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অব্যবস্থাপনা ও বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় র্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চিকিৎসা অনুশীলন এবং ব্যক্তিগত ক্লিনিক ও পরীক্ষাগার নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় এসব জরিমানা করা হয়।
অভিযানে আনিকা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর’স চেম্বারের মালিক আব্দুল আজিজকে ১০ হাজার টাকা, বিশ্বম্ভরপুর ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর’স চেম্বারের মালিক মো. নাজমুল হাসানকে ১৫ হাজার টাকা, মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর’স চেম্বাররের মালিক আবুল কাহারকে ১৫ হাজার টাকা এবং পলাশ ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর’স চেম্বারের মালিক আবু সিদ্দিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া কর্মকর্তা কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সেবাদানকারী প্রতিষ্ঠানকে গ্রাহকের অর্থ, স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। কিন্তু কিছু প্রতিষ্ঠান এসব বিধি যথাযথভাবে অনুসরণ না করায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




