রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২৩ জুন) ডুজার সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী ও সাধারণ সম্পাদক মাহাথী হাসান স্বাক্ষরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করতে এবং মুক্ত সাংবাদিকতার পথ সংকুচিত করতেই এ ধরনের হামলা চালানো হয়েছে। একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এমন ন্যক্কারজনক ও হিংস্র আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত।
ডুজা নেতৃবৃন্দ জানান, সোমবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমণ্ডি জোনের একটি বিক্ষোভ মিছিল শেষে ব্রিফিং চলাকালে পরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর চড়াও হন কয়েকজন নেতাকর্মী। এ সময় হামলায় দৈনিক সকালের রিপোর্টার মাহমুদুর রহমান শিশির আহত হন।
বিবৃতিতে আরো বলা হয়, সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতার প্রধান অন্তরায় এবং চরম উদ্বেগজনক। অতীতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা বারবার উৎসাহিত হচ্ছে বলেও মন্তব্য করেন তারা।
ডুজা নেতারা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না। তাই দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আহত সাংবাদিকের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা।




