বড় দলগুলো বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে যায়। আরো স্পষ্ট করে বললে, তাদের মূল লক্ষ্য থাকে শিরোপা জয়।
তবে সেমিফাইনালে নিয়মিত জায়গা করে নেওয়াও একটি দলের ধারাবাহিক সাফল্যের বড় প্রমাণ। সেই বিচারে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল জার্মানি।
চলমান ২৩তম বিশ্বকাপ আসরের মধ্যে সর্বোচ্চ ১২ বার সেমিফাইনালে খেলেছে জার্মানি। তবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সর্বশেষ তিন আসরে শেষ চারে জায়গা করে নিতে পারেনি। জার্মানরা এবার প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে রাউন্ড অব ৩২ পর্ব থেকে ছিটকে গেছে।
দ্বিতীয় সর্বোচ্চ ৮ বার করে সেমিফাইনালে উঠেছে ব্রাজিল ও ফ্রান্স। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সর্বশেষ শেষ চারে উঠেছিল ২০১৪ সালে, নিজেদের মাঠ মিনেইরাওয়ে। ওই ম্যাচে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার ক্ষত এখনো তাদের বয়ে বেড়াতে হচ্ছে।
আর ঘণ্টাখানেক পরেই ফ্রান্স অষ্টমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামবে। ডালাসে ফরাসিদের প্রতিপক্ষ স্পেন।
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি এ নিয়ে তিন বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে সেমিফাইনালে ইতালিয়ানদের ইতিহাস বেশ সমৃদ্ধ। তারা শেষ চারে খেলেছে ৭ বার।
এ ছাড়া বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এ নিয়ে ষষ্ঠবারের মতো সেমিফাইনালে উঠেছে। এর আগে পাঁচবার সেমিফাইনালে উঠে তারা প্রতিবারই জিতেছে। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
সবচেয়ে বেশিবার সেমিফাইনালে ওঠা ৫ দল
জার্মানি ১২ বার
ব্রাজিল ৮ বার
ফ্রান্স ৮ বার
ইতালি ৭ বার
আজেন্টিনা ৬ বার




