• ই-পেপার

শচীন টেন্ডুলকারই আমার মেন্টর, বললেন পৃথ্বী শ

আর্জেন্টিনা ম্যাচের আগে ফিরলেন ইংল্যান্ডের মাঝমাঠের ‘প্রধান ভরসা’

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা ম্যাচের আগে ফিরলেন ইংল্যান্ডের মাঝমাঠের ‘প্রধান ভরসা’
ছবি : রয়টার্স

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের মহারণে নামার আগে বড়সড় স্বস্তির খবর পেল ইংল্যান্ড শিবির। আলবিসেলেস্তেদের রুখে দেওয়ার মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন দলের মাঝমাঠের অন্যতম প্রধান ভরসা ডেকলান রাইস।

ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠেয় সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে শুরুর একাদশেই থাকছেন এই তারকা মিডফিল্ডার। তবে থ্রি-লায়ন্সদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত একাদশ ঘোষণা করা হয়নি।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেক্সিকো সিটিতে খেলার সময় হঠাৎ পাকস্থলীর সমস্যায় আক্রান্ত হন রাইস। ইংলিশদের প্রধান কোচ থমাস টুখেল জানিয়েছেন, অসুস্থতা এতটাই গুরুতর ছিল যে কোয়ার্টার-ফাইনালের আগে টানা তিন দিন বিছানা থেকেই উঠতে পারেননি এই তারকা। আর সে কারণেই নরওয়ের বিপক্ষে চিকিৎসকদের পরামর্শ মেনে তাকে পুরো সময় না খেলিয়ে মাত্র ৪৫ মিনিট মাঠে রাখা হয়েছিল।

নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো শ্বাসরুদ্ধকর জয়ের পর রাইসকে বেশ ক্লান্ত দেখালেও, তিনি মাঠ ছাড়তে চাননি। তবে ম্যাচের দৈর্ঘ্য ১২০ মিনিটে গড়ানোর সম্ভাবনা বিবেচনা করে তাকে তুলে নেওয়ার দূরদর্শী সিদ্ধান্ত নেন টুখেল।

ম্যাচ শেষে ইংলিশ বস টুখেল বলেন, ‘আমরা জানতাম ডেক্লান (অসুস্থতার বিরুদ্ধে) লড়াই করছে। ও আরো খেলতে প্রস্তুত ছিল। কিন্তু ম্যাচ যদি ১২০ মিনিটে গড়ায়, তবে বদলি খেলোয়াড় ব্যবস্থাপনায় বড় সমস্যা হতে পারত। তাই ওকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিই, যা শেষ পর্যন্ত দলের জন্য সঠিক প্রমাণিত হয়েছে।’

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের ফল জানাল সুপার কম্পিউটার

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের ফল জানাল সুপার কম্পিউটার
সংগৃহীত ছবি

আর মাত্র একটি জয়, তাতেই মিলবে স্বপ্নের ফাইনালের টিকিট। শিরোপা ধরে রাখার মিশন থেকে ঠিক এক ধাপ দূরে দাঁড়িয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে আলবিসেলেস্তেদের সেই সোনালী স্বপ্নপূরণের পথে এবার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পরাশক্তি ইংল্যান্ড। মাঠের লড়াই শুরুর আগেই ফুটবল বিশ্বের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। আজ রাতে সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে হাইভোল্টেজ এই ম্যাচের আগে পরিসংখ্যান ও চুলচেরা বিশ্লেষণে বিশ্ব চ্যাম্পিয়নদের চেয়ে এগিয়ে রয়েছে থ্রি-লায়ন্সরা।

ফুটবল বিষয়ক জনপ্রিয় তথ্যচিত্র ও বিশ্লেষক প্রতিষ্ঠান ‘অপটা’র সুপারকম্পিউটার দিচ্ছে এমনই পূর্বাভাস। তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার হিসাব অনুযায়ী, আর্জেন্টিনাকে স্তব্ধ করে ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০ দশমিক ৯৪ শতাংশ। বিপরীতে লিওনেল মেসির দলের ফাইনালে যাওয়ার সম্ভাবনা দেখানো হচ্ছে ৪৯ দশমিক ৬ শতাংশ। ব্যবধানটা সুতোর মতো সূক্ষ্ম হলেও গাণিতিক হিসাবে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে ইংলিশরা।

সুপারকম্পিউটারের চুলচেরা বিশ্লেষণে আরও জানা গেছে, নির্ধারিত ৯০ মিনিটের খেলায় হ্যারি কেনদের সরাসরি জয়ের সম্ভাবনা ৩৮ দশমিক ২ শতাংশ। আর আর্জেন্টিনার সরাসরি জয়ের সম্ভাবনা ৩২ শতাংশ। তবে দুই পরাশক্তির সেমিফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে অমিমাংসিত থেকে টাইব্রেকার বা অতিরিক্ত সময়ে গড়ায়, তবে তার সম্ভাবনা রয়েছে ২৯ দশমিক ৭ শতাংশ।

কেবল ফাইনালের টিকিটই নয়, শিরোপা জয়ের দৌড়েও ইংল্যান্ডকে কিছুটা এগিয়ে রাখছে সুপারকম্পিউটার। এবার বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট নিজেদের মাথায় তোলার ক্ষেত্রে ইংলিশদের সম্ভাবনা ২১ দশমিক ৯৪ শতাংশ, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনা ২০ দশমিক ৫৫ শতাংশ।

বিশ্বকাপের মঞ্চে দুই দলের মুখোমুখি লড়াইয়ের অতীত ইতিহাসও আর্জেন্টিনার পক্ষে খুব একটা কথা বলছে না। বিশ্বমঞ্চে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে তিনবারই শেষ হাসি হেসেছে থ্রি-লায়ন্সরা, আলবিসেলেস্তেরা জিতেছে বাকি দুই ম্যাচে। তবে আর্জেন্টিনার এই দুই জয়ের একটি এসেছিল টাইব্রেকারে স্নায়ুযুদ্ধে জিতে, আর অন্যটি (১৯৮৬ সালের ম্যাচ) ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে নানা বিতর্ক ও আলোচনার জন্ম দিয়ে।

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে মাঠের বাইরে ২ তারকা ফুটবলার

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে মাঠের বাইরে ২ তারকা ফুটবলার
ছবি : রয়টার্স

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড়সড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড শিবির। আলবিসেলেস্তেদের রুখে দেওয়ার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দুই তারকা ফুটবলারকে পাচ্ছেন না থ্রি-লায়ন্সদের প্রধান কোচ থমাস টুখেল। তারা হলেন অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন ও তরুণ ডিফেন্ডার জারেল কুয়ানসাহ। 

মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে নাটকীয় জয়ের পর উদযাপনের সময় হাত ভেঙে যায় হেন্ডারসনের। এরপর তাকে দ্রুত অস্ত্রোপচারের টেবিলে বসতে হয়। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ায় সেমিফাইনালের মঞ্চে দর্শক হয়েই থাকতে হচ্ছে তাকে। অন্যদিকে, একই ম্যাচে প্রতিপক্ষকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেছিলেন ডিফেন্ডার জারেল কুয়ানসাহ। নিষেধাজ্ঞা থাকায় আর্জেন্টিনার বিপক্ষে হাইভোল্টেজ এই ম্যাচে ডাগআউটে বসেই কাটাতে হবে তাকে।

তবে এই দুই ধাক্কার মাঝেও টুখেল শিবিরের জন্য স্বস্তির খবর, দলের বাকি সদস্যরা পুরোপুরি ফিট রয়েছেন। ফলে শুরুর একাদশ সাজাতে বেশ কয়েকটি বিকল্প মাথায় রাখছেন ইংলিশ বস। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত টানা দুই ম্যাচে একই ব্যাক ফোর (রক্ষণভাগ) খেলাননি টুখেল। তবে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের জয়ী রক্ষণভাগকেই আর্জেন্টিনার বিপক্ষেও ধরে রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি।

কোয়ার্টারে নরওয়েকে ২-১ ব্যবধানে হারানোর ম্যাচে রক্ষণভাগে অতন্দ্র প্রহরী ছিলেন এজরি কনসা, জন স্টোনস, মার্ক গেহি ও নিকো ও'রাইলি। তাদের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট টুখেল। তাই সেমিফাইনালেও এই চার প্রাচীরের ওপরই ভরসা রাখতে পারেন তিনি।

এদিকে ইংলিশ শিবিরে স্বস্তি ফিরিয়েছেন মাঝমাঠের প্রাণভোমরা ডেকলান রাইস। অসুস্থতার কারণে নরওয়ে ম্যাচের আগে ঠিকঠাক প্রস্তুতি নিতে পারেননি তিনি। তবে সোমবারই বিবিসি স্পোর্টস সুখবর দিয়ে জানায়, অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন রাইস। মঙ্গলবারের অনুশীলনেও তাকে পুরো উদ্যমে সতীর্থদের সাথে ঘাম ঝরাতে দেখা গেছে।

সবকিছু ঠিকঠাক থাকলে যুক্তরাষ্ট্রের আটলান্টায় আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের মহারণে শুরুর একাদশেই দেখা যাবে ডেকলান রাইসকে।  
 

রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল, কখন কিভাবে দেখবেন

ক্রীড়া ডেস্ক
রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল, কখন কিভাবে দেখবেন
ছবি : রয়টার্স

ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা ও উত্তেজনার কোনো সীমা নেই। আর যদি হয় আর্জেন্টিনার ম্যাচ, তবে তো ভক্তদের আগ্রহের কোনো কমতি থাকে না। সেমিফাইনালে আজ রাত ১ টায় ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আলবিসেলেস্তেরা।

ঘরে বসেই টিভিতে দেশের তিনটি চ্যানেলে দেখা যাবে ইংল্যান্ড-আর্জেন্টিনার খেলা। রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও এই ফুটবল মহাযজ্ঞের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও সময় টেলিভিশন।

এছাড়া মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি দিতে হবে।

নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা। এ ছাড়া পাড়া-মহল্লার বিভিন্ন জায়গায় বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ।

শচীন টেন্ডুলকারই আমার মেন্টর, বললেন পৃথ্বী শ | কালের কণ্ঠ