টানা দ্বিতীয় বছরের মতো মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার গেমে থাকছেন না বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। তবে স্বস্তির খবর হলো, গত বছরের মতো এবার তাকে কোনো ধরনের নিষেধাজ্ঞার কবলে পড়তে হচ্ছে না। তার সঙ্গে বিশেষ ছাড় পাচ্ছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলা ডি পলও।
মেসিসহ অল-স্টার স্কোয়াড থেকে সরে দাঁড়ানো চার খেলোয়াড়ের জায়গায় নতুন চারজনকে অন্তর্ভুক্ত করেছে এমএলএস। ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের আন্দ্রেস কুবাস, হিউস্টন ডায়নামোর গিলহের্মে এবং শিকাগো ফায়ারের ফিলিপ জিঙ্কারনাগেলকে নতুন করে দলে নেওয়া হয়েছে। এ ছাড়া মন্টেরিতে পাড়ি জমানো গোল্ডেন বুট রেসের শীর্ষ তারকা হুগো কাইপার্স, রদ্রিগো দে পল এবং ম্বেকেজেলি ম্বোকাজিও এবার মিস করছেন অল-স্টার প্রদর্শনী।
আগামী বুধবার রাতে শার্লট এফসির ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে লিগা এমএক্স অল-স্টারের মুখোমুখি হবে এমএলএস। মেসির অনুপস্থিতিতে এমএলএস অল-স্টার একাদশের মূল আকর্ষণ হতে যাচ্ছেন সন হিউং-মিন এবং থমাস মুলার। তাদের সঙ্গী হিসেবে থাকছেন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ তারকা ম্যাট ফ্রিজ, টিম রিম ও ম্যাক্স আরফস্টেন।
গত বছরের প্রেক্ষাপট অবশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। এমএলএসের নিয়ম অনুযায়ী, চোট ছাড়া কোনো খেলোয়াড় অল-স্টার গেম মিস করলে এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা দেওয়া হয়। গত গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপের চরম ব্যস্ত সূচির কারণে মেসি ও জর্ডি আলবা অল-স্টার গেম এড়িয়ে গেলে তাদের এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। যাকে সে সময় ইন্টার মায়ামির মালিক জর্জ মাস একে ‘কঠোর ও নির্মম’ সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছিলেন।
তবে ২০২৬ বিশ্বকাপের কারণে এবার নিয়মে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। গত ১৯ জুলাই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলেছেন মেসি ও ডি পল। দীর্ঘ টুর্নামেন্ট শেষে ফিরে আসা খেলোয়াড়দের বিশ্রাম নিশ্চিত করতে ক্লাবগুলোকে নমনীয় হওয়ার সুযোগ দিয়েছে লিগ কর্তৃপক্ষ। ফলে মেসিদের ওপর কোনো শাস্তির খড়গ আসছে না।
এমএলএস এক বিবৃতিতে জানিয়েছে, ‘২০২৬ মৌসুম শুরুর আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, বিশ্বকাপ শেষে খেলোয়াড়দের ক্লাবে ফেরা ও বিশ্রামের সময়সীমা ক্লাব ও খেলোয়াড়রা পারস্পরিক আলোচনার মাধ্যমে ঠিক করবে। সেই সমঝোতার আলোকেই মেসি ও ডি পলকে অল-স্টার গেম থেকে ছুটি দেওয়া হয়েছে।’
মেক্সিকান ‘লিগা এমএক্স’ অল-স্টারসের হয়ে মেক্সিকোর বিশ্বকাপ দলের পাঁচ তারকা গিলবার্টো মোরা, এরিক লিরা, জেসুস গ্যালার্দো, আরমান্ডো গঞ্জালেজ ও ব্রায়ান গুতিয়েরেস অংশ নেবেন। সঙ্গে থাকছেন কোস্টারিকার অভিজ্ঞ গোলরক্ষক কেইলর নাভাস।




