• ই-পেপার

বগুড়া আজিজুল হক কলেজে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী সভা ও লিফলেট বিতরণ

মণিরামপুরে বসুন্ধরা শুভসংঘের স্বাস্থ্য সচেতনতামূলক সভা

মনিরামপুর, যশোর
মণিরামপুরে বসুন্ধরা শুভসংঘের স্বাস্থ্য সচেতনতামূলক সভা
সংগৃহীত ছবি

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগান সামনে রেখে যশোরের মণিরামপুরে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার  (১৪ জুন) পৌর শহরের সংশপ্তক শিল্পী সংগঠন কার্যালয় চত্বরে মণিরামপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। 

উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি এস এম হাফিজুর রহমানের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশের সঞ্চালনায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সৌমেন সরকার, সংগীত শিক্ষক সঞ্জয় মল্লিক, সংগীতশিল্পী বাপন হালদার, বিকাশ চৌধুরী, নূপুর মল্লিক, রাখী দেবনাথ,  দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি  অধ্যাপক বাবুল আকতার উপস্থিত। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা  শুভসংঘ মণিরামপুর উপজেলা শাখার  সহসভাপতি ডা. হাবিবুর রহমান, মো. হাদিউজ্জামান, যুগ্ম সম্পাদক প্রবীর সরকারসহ  অন্য সদস্যরা। 

আলোচনাসভার প্রধান আলোচক কেশবপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সৌমেন সরকার বলেন, শিশু-কিশোরদের  স্বাস্থ্যকর জীবনধারা এবং রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার গ্রহণ, ফাস্ট ফুড পরিহার, হাত ধোঁয়ার সঠিক নিয়ম, ডেঙ্গু ও অন্যান্য সংক্রামক রোগ থেকে বাঁচতে করণীয় এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে, বর্তমানে হাম, মৌসুমি রোগ ও অস্বাস্থ্যকর খাবারের ক্ষতিকর দিকগুলো নিয়ে শিক্ষার্থীদের সচেতন করেন।


​বসুন্ধরা-শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখার  উপদেষ্টা ও  দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি  অধ্যাপক বাবুল আকতার বলেন, ‘সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এবং শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য সচেতনতা তৈরি করে একটি সুস্থ জাতি গঠনে বসুন্ধরা-শুভসংঘ সব সময় পাশে থাকবে।’


সংশপ্তক শিল্পী সংগঠনের সাধারণ সম্পাদক সংগীত শিক্ষক সঞ্জয় কুমার মল্লিক বলেন,  ‘বসুন্ধরা-শুভসংঘের এই জনহিতকর উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। তিনি বলেন, এই স্বাস্থ্য  সচেতনতাসভা শিশু-কিশোরদের   দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।’

বসুন্ধরা শুভসংঘ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি এস এম হাফিজুর রহমান  বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় সমাজের কল্যাণে বিভিন্ন মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। বসুন্ধরা শুভসংঘ বিশ্বাস করে, সচেতনতাই সুস্থ সমাজ গঠনের প্রথম ধাপ। আজকের এই আলোচনাসভা থেকে প্রাপ্ত জ্ঞান ও পরামর্শ নিজেদের জীবনে কাজে লাগিয়ে তোমরা সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে—এই প্রত্যাশা করি।’

আলোচনা শেষে শিশু-কিশোররা  স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সুস্থ জীবনযাপনের অঙ্গিকার করে

কাপাসিয়ায় বসুন্ধরা শুভসংঘ পাঠাগারে ইসলামী বই-কোরআন শরিফ উপহার

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
কাপাসিয়ায় বসুন্ধরা শুভসংঘ পাঠাগারে ইসলামী বই-কোরআন শরিফ উপহার
ছবি : কালের কণ্ঠ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরখিরাটী গ্রামে অবস্থিত বসুন্ধরা শুভসংঘ পাঠাগারে ইসলামী বই ও কোরআন শরিফ উপহার দেওয়া হয়েছে। 

শুক্রবার (১২ জুন) পাঠাগার পরিদর্শনে গিয়ে বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান ও বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার সভাপতি ডা. সাইদুর রহমান এ উপহার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার উপদেষ্টা চিকিৎসক ডা. এমদাদুল হক সোহেল ও হামেদ মিয়া।

পাঠাগার পরিদর্শন শেষে অতিথিরা বলেন, একটি সমাজকে এগিয়ে নিতে বইয়ের বিকল্প নেই। বই মানুষের চিন্তার জগৎকে প্রসারিত করে, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ তৈরি করে। প্রত্যন্ত অঞ্চলে এমন পাঠাগারের বিস্তার ঘটলে নতুন প্রজন্ম আরো সৃজনশীল ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে।

নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি করা এবং আলোকিত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরখিরাটী গ্রামে গড়ে উঠেছে বসুন্ধরা শুভসংঘ পাঠাগার। প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে জ্ঞানচর্চার আগ্রহ বাড়াতে প্রতিষ্ঠিত এই পাঠাগারটি এখন স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।

প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত পাঠাগারে দেখা যায় বইপ্রেমী মানুষের ভিড়। শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, চাকরিজীবী—সব শ্রেণি-পেশার মানুষ অবসর সময়ে ছুটে আসছেন এখানে। কেউ পড়ছেন গল্প-উপন্যাস, কেউ ইতিহাস ও জ্ঞানমূলক বই, আবার কেউ ধর্মীয় ও মূল্যবোধসম্পন্ন গ্রন্থ।

স্থানীয় বাসিন্দারা বলছেন, আগে অবসর সময় অনেকেই আড্ডা দিয়ে কাটাতেন। এখন সেই সময়ের একটি বড় অংশ বই পড়ার পেছনে ব্যয় করছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে পাঠাগারটি নতুন আগ্রহ তৈরি করেছে।

বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা জানান, চরখিরাটীর মতো গ্রামে এমন একটি পাঠাগার শুধু বই পড়ার জায়গা নয়, এটি মানুষের মিলনস্থল ও নতুন চিন্তার কেন্দ্র হিসেবে কাজ করছে। ভবিষ্যতে পাঠাগারটি আরো বড় পরিসরে মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেবে—এমন প্রত্যাশা তাদের।

ফরিদপুরে নারী নির্যাতন প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের মতবিনিময় সভা

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে নারী নির্যাতন প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের মতবিনিময় সভা

ফরিদপুরে ‘বলাৎকার, ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে শহরের কুঠিবাড়ি কমলাপুর এলাকার রঙিনসুতা যুব উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা শুভসংঘ ফরিদপুর জেলা শাখার সভাপতি তন্ময় রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোনিয়া সুলতানার সঞ্চালনায় সভায় সংগঠনের জেলা শাখার উপদেষ্টা ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি হারুন-অর-রশীদ বক্তব্য রাখেন।

তিনি বলেন, বলাৎকার, ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি মানবতা ও সভ্যতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। এ অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং তরুণ সমাজকে একযোগে কাজ করতে হবে। শিশুদের নৈতিক শিক্ষা, নারীর প্রতি সম্মানবোধ এবং মানবিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে।

এ সময় বসুন্ধরা শুভসংঘের দপ্তর সম্পাদক তিহানুর রহমান তিহান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস, মেহরাব হোসেন ইমন, সানজিদা ইসলাম, তামান্না আফরোজা, সাহেলা আক্তার, আয়শা সিদ্দিকা, লতিফুল খাবীর, সামিয়া আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা

সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে স্বেচ্ছাসেবী সংগঠন

শরিফুল আলম ইমন, শরীয়তপুর
সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে স্বেচ্ছাসেবী সংগঠন
ছবি: কালের কণ্ঠ

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার গুরুত্বপূর্ণ মাধ্যম।  বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুর জেলা শাখার আয়োজিত এক মুক্ত আলোচনা সভায় এ মন্তব্য করেন বক্তারা।।

শনিবার দুপুরে শরীয়তপুর কোর্ট এলাকায় অনুষ্ঠিত সভায় বসুন্ধরা শুভসংঘের বর্তমান সদস্য, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেড.এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শুভসংঘের সভাপতি মো. আব্দুল করিম।বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, শুভসংঘ শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা এবং দৈনিক কালের কণ্ঠের শরীয়তপুর প্রতিনিধি শরিফুল আলম ইমন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল করিম বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ শুধু একটি সংগঠন নয়, এটি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা তৈরির একটি প্ল্যাটফর্ম। সমাজ পরিবর্তনে তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দক্ষতা, নেতৃত্ব ও মানবিক গুণাবলি বিকাশের মাধ্যমে বসুন্ধরা  শুভসংঘ সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখছে।’ তিনি আরো বলেন, ‘স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের মধ্যে সহযোগিতার মানসিকতা তৈরি করা সম্ভব।’

বিশেষ অতিথির বক্তব্যে শরিফুল আলম ইমন বলেন, ‘মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই একজন তরুণ প্রকৃত নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারে। শুভসংঘের সদস্যদের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। সংগঠনের প্রতিটি কার্যক্রম যেন মানুষের উপকারে আসে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’

সভায় বক্তারা বলেন, ‘সমাজের বিভিন্ন সমস্যা সমাধান, মানবিক সহায়তা, শিক্ষা, সচেতনতা বৃদ্ধি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সামাজিক সংগঠনের ভূমিকা অপরিসীম। তরুণদের এগিয়ে আসার মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।’

আলোচনা সভায় সংগঠনের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, সাংগঠনিক শৃঙ্খলা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়। সভায় উপস্থিত সদস্যরা বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম আরো বিস্তৃত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে আরো  উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুর জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট হারুন-অর রশিদ, সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, অর্থ সম্পাদক মো. রিমন ঢালী, দপ্তর সম্পাদক ওমর বিন আলী, প্রচার সম্পাদক শাহিন আলম, অ্যাডভোকেট মৌসুমী আক্তার, অ্যাডভোকেট ইয়াকুব হোসাইন, অ্যাডভোকেট আলী আকবর, অ্যাডভোকেট সজীব আহমেদ, অ্যাডভোকেট সরদার মো. রাসেল, অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট রুবেল আরমান, শিক্ষানবিশ আইনজীবী সুমাইয়া শারমিন, মেহেদী হাসান, মুরাদ হোসেন, রেজা আহসান, সেতু আক্তার, শিক্ষার্থী মিম আক্তার, আশরাফুল রাসেল ও জীবন মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।