শুধু সরকারি চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও নতুন প্রযুক্তির সমন্বয়ে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, কৃষি খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণরা উদ্যোক্তা হতে পারলে শুধু নিজেদের কর্মসংস্থানই হবে না, জাতীয় অর্থনীতিতেও বড় অবদান রাখা সম্ভব হবে।
রবিবার (২৬ জুলাই) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষিত তরুণদের কর্মসংস্থানকে বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কৃষিতে পড়াশোনা করলেই সবাইকে শুধু সরকারি চাকরিতে যেতে হবে—এমন ধারণা থেকে বের হয়ে আসতে হবে। কৃষিভিত্তিক ব্যবসা, আধুনিক শিল্প ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে তরুণদের নতুন পথ দেখাতে হবে। এতে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্য কাজ করার সুযোগ তৈরি হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে কৃষি গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি এবং মাঠপর্যায়ে নতুন প্রযুক্তি পৌঁছে দেওয়ার বিকল্প নেই।’ তাই ডিগ্রি অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, ‘দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও গবেষণায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা প্রশংসনীয়। আগামী দিনে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশকে আরও এগিয়ে নিতে এই নবীন শিক্ষার্থীরাই মূল ভূমিকা পালন করবে।
শেকৃবির উপাচার্য ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।






