• ই-পেপার

লোডশেডিংয়ের কারণ জানালেন বিদ্যুৎমন্ত্রী

এফইআরবি ও বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক
এফইআরবি ও বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের গণমাধ্যমের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং তথ্য বিনিময় সম্প্রসারণের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে দেশের জ্বালানি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব।

রবিবার (৭ জুন) রাজধানীর আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন এফইআরবি চেয়ারম্যান আজিজুর রহমান এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক অলিভিয়া ছু।

এফইআরবির প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বলেন, ‘জ্বালানি সম্পদ যেকোনো দেশের উন্নয়নের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। বাংলাদেশ ও চীনের গণমাধ্যম এ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি আশা করি, আজকের এই চুক্তির মাধ্যমে এফইআরবি এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব দুই দেশের জ্বালানি খাতের টেকসই উন্নয়ন ও তথ্য আদান-প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

চুক্তি সই শেষে এফইআরবি চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, ‘বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন ও বিভিন্ন মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের প্রযুক্তি ও বিনিয়োগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমঝোতা স্মারকের ফলে দুই দেশের জ্বালানি খাতের বস্তুনিষ্ঠ তথ্য আদান-প্রদান সহজতর হবে। পাশাপাশি বাংলাদেশের জ্বালানি সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে।’

অনুষ্ঠানে এফইআরবির নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম সিরাজ, ভাইস চেয়ারম্যান হাসান আজাদ এবং পরিচালক ফয়সাল আতিক ও সজীব আহমেদ উপস্থিত ছিলেন।

আরো ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মাইনুল হাসান সোহেল, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন, বাংলাদেশি সিনে-জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিসিজেএ) সভাপতি কামরুল হাসান দর্পণ, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) সভাপতি মোহাম্মদ কাওসার উদ্দিন, অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ আনন্দ।

উল্লেখ্য, বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব ২০২৪ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। অন্যদিকে, দেশের জ্বালানি খাতের সাংবাদিকদের শীর্ষ সংগঠন এফইআরবি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছে।

প্রতিশ্রুতি রাখতে না পারায় বিদ্যুৎমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার

অনলাইন ডেস্ক
প্রতিশ্রুতি রাখতে না পারায় বিদ্যুৎমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে আনুষঙ্গিক বিষয়গুলো ভালোভাবে স্টাডি বা পর্যালোচনা করে নেওয়ার জন্য মন্ত্রীকে পরামর্শ দিয়েছেন তিনি।

রবিবার (৭ জুন) সংসদ অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় (ফার্টিলাইজার) গ্যাস সরবরাহ নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জেরে স্পিকার এই মন্তব্য করেন।

অধিবেশনে ফ্লোর নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানা মন্ত্রীর কাছে তার পূর্বের একটি প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন।

তিনি বলেন, ‘মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে ১ মের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেওয়া হবে। এরপরে আরো এক মাস তিন-চার দিন পার হয়ে গেছে। কিন্তু এখনো আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সাপ্লাই আমরা পাইনি।’

আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে, এমন সুনির্দিষ্ট প্রশ্ন রাখেন এই সংসদ সদস্য।

রুমিন ফারহানার প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশে গ্যাসের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। বর্তমানে সার কারখানার চেয়ে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘তিনি বিদ্যুৎ চাচ্ছেন আবার তার ফার্টিলাইজার ফ্যাক্টরিতেও গ্যাস চাচ্ছেন। গ্যাসের তো একটা সীমাবদ্ধতা আছে। এ জন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং সেই কারণে তার ওখানে আমরা সংযোগ দিতে পারছি না।’

মন্ত্রী আরো বলেন, ‘গত ১৭ বছরে কোনো দিন ড্রিলিং (খনন) করা হয়নি। আমরা এই প্রথম এসে ড্রিলিং শুরু করেছি এবং আশা করি ইনশাআল্লাহ আমরা গ্যাস পাব। গ্যাস পাওয়ার পরে আশুগঞ্জ ফার্টিলাইজারের মতো কারখানায় আমরা সংযোগ দিতে পারব।’

মন্ত্রীর এমন বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীকে তার দেওয়া আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন ১ তারিখ থেকে গ্যাস যাবে। সেটি বোধহয় পাওয়া যায়নি।’

ভবিষ্যতে সংসদে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে মন্ত্রীদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ‘সংসদে যে প্রতিশ্রুতি দেবেন, সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে দেবেন।’

ফায়ার সার্ভিসের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
ফায়ার সার্ভিসের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান

স্বচ্ছতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। 

আজ রবিবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত দরবার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দরবারে পরিচালকগণ, প্রকল্প পরিচালকসহ ঢাকায় কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ সরাসরি উপস্থিত ছিলেন।

এ ছাড়া সব বিভাগের বিভাগীয় উপপরিচালক, জেলা কর্মকর্তা এবং ফায়ার স্টেশনের কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে দরবার অনুষ্ঠানে যুক্ত ছিলেন। 

মহাপরিচালক চাকরি শৃঙ্খলা বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্মান বজায় রাখার জন্য সবাইকে নির্দেশনা প্রদান করেন। তিনি আসন্ন নিয়োগ কার্যক্রমকে গত বছরের নিয়োগ প্রক্রিয়ার মতো স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

নিয়োগসংক্রান্ত বিষয়ে বাহিনীর কোনো সদস্য যেন অনৈতিক কোনো কাজে জড়িত না হন সে জন্য তিনি সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি এসংক্রান্ত অধিদপ্তরের সব আদেশ-নির্দেশ বাহিনীর সব পর্যায়ের সদস্যদের অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সব স্তরে বদলির ক্ষেত্রে যে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা হয়েছে তা বজায় রাখার জন্য মহাপরিচালক সকলের আন্তরিক সহযোগিতা প্রার্থনা করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে তিনি প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণের জন্য সবাইকে নির্দেশনা প্রদান করেন। 

বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়, আইনবহির্ভূত এমন কনটেন্ট প্রচারের ক্ষেত্রে বাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতা থাকলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সবাইকে অবহিত করেন। পাশাপাশি তিনি বিভিন্ন কল্যাণমূলক কাজের তথ্যও উপস্থাপন করেন।

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) দুপুরে জাতীয় সংসদের ক্যাবিনেটকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

সভায় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম), ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।