• ই-পেপার

বাণিজ্য চুক্তি চাপ বাড়াবে অর্থনীতিতে

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অপরাধ-সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে কাউকে নিজ উদ্যোগে আটক রাখা বা শারীরিক নির্যাতন থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে দূতাবাস।

সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দূতাবাস।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি অপরাধে জড়িত বলে সন্দেহ হলে বা কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। প্রয়োজনে জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ অথবা ৯১১-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস আরো জানায়, অপরাধের অভিযোগ থাকলেও কাউকে নিজেরা আটক রাখা বা শারীরিকভাবে নির্যাতন করা সৌদি আরবের আইনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশিকে স্থানীয় আইন মেনে চলা এবং এ ধরনের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

ছয়দিন পর আজ আবার বসছে সংসদ

অনলাইন ডেস্ক
ছয়দিন পর আজ আবার বসছে সংসদ

টানা ছয়দিন বিরতির পর আজ আবারও বসছে চলতি সংসদের মূলতবি অধিবেশন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি অধিবেশনে ইতোমধ্যে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হয়েছে। বাজেট পাসের পাশাপাশি অর্থ বিল ও সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন পেয়েছে। গত ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাসের পর অধিবেশন মূলতবি করা হয়।

গত ১১ জুন সংসদে বাজেট উত্থাপনের পর সরকার ও বিরোধীদলের সদস্যরা দীর্ঘ সময় ধরে বাজেটের ওপর আলোচনা করেন। পাশাপাশি অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে বক্তব্য দেন তারা।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবারের বৈঠকের কার্যসূচিতে পাঁচটি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব রয়েছে। এগুলো হলো—পানিসম্পদ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়।

বৈঠকে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে আনা দুটি নোটিশের ওপর আলোচনা হবে। এর মধ্যে একটি নোটিশে চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের শতভাগ রপ্তানি, কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়েছে। অন্য নোটিশে ভূমিহীন ও দরিদ্র মানুষের মধ্যে খাসজমি বন্দোবস্ত দেওয়ার বিষয়টি আলোচনায় আসবে।

এ ছাড়া দিনের কার্যসূচিতে ‘বাংলাদেশ মেট্রোকল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’-এর বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন এবং আইন প্রণয়ন কার্যক্রম রয়েছে।

সূত্র জানায়, চলতি অধিবেশনেই সংসদের স্থায়ী কমিটিগুলোর গঠন প্রক্রিয়া শেষ হতে পারে। ইতোমধ্যে কয়েকটি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। অবশিষ্ট কমিটিগুলোও এ অধিবেশনেই গঠনের প্রস্তুতি চলছে।

কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জুলাই পর্যন্ত অধিবেশন চলার কথা রয়েছে। তবে প্রয়োজন হলে অধিবেশনের মেয়াদ বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

অনলাইন ডেস্ক
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, ‘শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে-কেয়ার সেন্টার) শুধু শিশুদের নিরাপদে রাখার স্থান নয়, বরং দেশের ভবিষ্যৎ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মানসম্মত দিবাযত্ন কেন্দ্রের অভাবে কর্মজীবী মা ও তাদের সন্তানদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।’

সোমবার (৬ জুলাই) রাজধানীর পানি ভবনের মাল্টিপারপাস হলে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘শিশুর প্রাথমিক পরিচর্যা ও বিকাশ’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘বাংলাদেশের মোট জনসংখ্যার ৫০ দশমিক ৫৮ শতাংশ নারী এবং ২৮ দশমিক ৩৬ শতাংশ মানুষের বয়স শূন্য থেকে ১৪ বছরের মধ্যে।’

কর্মজীবী মায়েদের জন্য দিবাযত্ন কেন্দ্রের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি নিজের স্কুলজীবনের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং শিশু দিবাযত্ন কেন্দ্রগুলোর কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান।

বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো অনেক কর্মজীবী মা সন্তান লালন-পালন নিয়ে উদ্বিগ্ন থাকেন। বর্তমানে ১২৩টি শিশু বিকাশ কেন্দ্রে ৭ হাজার ৩৬০ জন শিশুকে সেবা দেওয়া হচ্ছে, যা দেশের মোট শিশুর মাত্র শূন্য দশমিক ৩৪ শতাংশের চাহিদা পূরণ করছে।’

তিনি বলেন, ‘এর ফলে অনেক শিশু প্রারম্ভিক শৈশব বিকাশের প্রয়োজনীয় কার্যক্রম, সমবয়সীদের সঙ্গে খেলাধুলা এবং সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। মানসম্মত ও সর্বজনীন প্রাক-প্রাথমিক শিক্ষা এবং শৈশবকালীন বিকাশ শিশুদের জ্ঞানীয় ও সামাজিক বিকাশের শক্ত ভিত্তি তৈরি করবে ‘

দিবাযত্ন কেন্দ্রের পরিচর্যাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘তাদের মানবিক ও কঠিন দায়িত্ব পালনের কারণে অসংখ্য কর্মজীবী মা নিশ্চিন্তে কাজ করতে পারেন এবং শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পায়। শৈশবই মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়েই সততা, নিষ্ঠা, শান্তি, শিক্ষা, সংস্কৃতি, মানবিকতা, সহনশীলতা, শৃঙ্খলা, কৌতূহল, অধ্যবসায় এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তি গড়ে ওঠে।’

তিনি আরো বলেন, ‘দিবাযত্ন কেন্দ্রের পরিচর্যাকারীরা একদিকে যেমন ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি নির্মাণে ভূমিকা রাখছেন, অন্যদিকে বিপুলসংখ্যক নারীর কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগও সৃষ্টি করছেন।’

সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।

এর আগে ডা. জুবাইদা রহমান সকাল সাড়ে ১০টায় তেজগাঁও সরকারি শিশু পরিবার (বালিকা), সকাল ১১টায় ভূমি ভবনের শিশু দিবাযত্ন কেন্দ্র এবং সাড়ে ১১টায় পানি ভবনের শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন করেন।

১৭ জেলার নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত, দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির আশঙ্কা

অনলাইন ডেস্ক
১৭ জেলার নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত, দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির আশঙ্কা

রাজধানী ঢাকাসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে দুপুর পর্যন্ত ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।  এসব জেলার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।