• ই-পেপার

নতুন করে সংবিধান ও জাতীয় সংগীত রচনার দাবি আয়নাঘরফেরত আযমীর

রাতের মধ্যেই ঢাকাসহ ১৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক
রাতের মধ্যেই ঢাকাসহ ১৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
সংগৃহীত ছবি

রাত ১টার মধ্যে দেশের ১৮ জেলায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আজ রবিবার (৫ জুলাই) বিকাল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসের তথ্যমতে, রাজশাহী, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলছে আবহাওয়া অধিদপ্তর।

চলতি সপ্তাহে ৫ জেলায় বন্যার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
চলতি সপ্তাহে ৫ জেলায় বন্যার পূর্বাভাস
ফাইল ছবি/কালের কণ্ঠ

আগামী ৭২ ঘণ্টায় নদীসমূহ বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে এসব এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

আজ রবিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।

একই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা তথ্য কেন্দ্র।

পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী পাঁচ দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সারিগোয়াইন, সোমেশ্বরী ও কংস নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে এবং যাদুকাটা ও ভুগাই নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে। এসব নদীর পানি সমতল আগামী ৭২ ঘণ্টায় দ্রুত বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, অপরদিকে ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে। যা আগামী দুই দিন হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বন্যা তথ্য কেন্দ্র।

১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত
সংগৃহীত ছবি

সরকার ১৬ জুলাইকে শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রবিবার (৫ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৪ সালের ১৬ জুলাই সংঘটিত দুটি আলোচিত হত্যাকাণ্ডের পর আন্দোলনের প্রভাব দেশব্যাপী ছড়িয়ে পড়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও আলোচিত হয় এবং আন্দোলন আরো ত্বরান্বিত হয়।

তিনি জানান, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন করা হবে। এ উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত পরিবারগুলোকে আমন্ত্রণ জানানো হবে।

এদিন ভোর ৬টায় শাহবাগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। অনুষ্ঠানে আন্দোলনের সময় নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ড নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। পাশাপাশি শহীদ ও আহত পরিবারের কয়েকজন সদস্য বক্তব্য দেবেন।

 
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, আলোচিত শহীদ আবু সাঈদের ঘটনার কথা আপনারা জানেন, যিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার এই আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার জন্য সেখানে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান উপস্থিত থাকবেন।

ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের ১৫ জুলাই ছাত্রলীগ, আওয়ামী লীগ ও বহিরাগত সন্ত্রাসীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের ওপর হামলা চালায়। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর হামলা ছিল বেশি তীব্র। দিনটিকে স্মরণ করে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। প্রদর্শনীর নাম হতে পারে ‘ক্যাম্পাসের ক্ষতচিহ্ন’ অথবা ‘প্রতিরোধের সূচনা’। চারুকলা একাডেমি বা জাতীয় জাদুঘরের সামনে কিংবা শাহবাগ স্কয়ারের উন্মুক্ত স্থানে প্রদর্শনী হতে পারে।

একই দিনে চট্টগ্রামের কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের স্মরণেও একই মর্যাদায় একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সেখানে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ইশরাক হোসেন।

ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
সংগৃহীত ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। রবিবার (৫ জুলাই) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক স্মারকে এ নির্দেশ দেওয়া হয়। স্মারক নম্বর- ৪৬.০০.০০০০.০০০.০৭০.২৭.০১৭.১৯-৬১৩।

স্মারকে বলা হয়েছে, কাজী মোহাম্মদ বোরহান উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, কমিশন বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ পদোন্নতি, অনিয়মের মাধ্যমে তৃতীয় গ্রেডের সুবিধা গ্রহণ এবং অবৈধ সম্পদ অর্জনের সুস্পষ্ট অভিযোগ উঠেছে। এসব অভিযোগ সরেজমিনে তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহা. মনিরুজ্জামানকে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের জন্য অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত ওই স্মারকে সংশ্লিষ্ট অভিযোগপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

নতুন করে সংবিধান ও জাতীয় সংগীত রচনার দাবি আয়নাঘরফেরত আযমীর | কালের কণ্ঠ