কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দৈনিক কালের কণ্ঠ–এর মৌলভীবাজার জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি সালাহউদ্দিন শুভর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার অভিযোগ এনে তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, ‘ভানুগাছ মিডিয়া’ ও ‘ভানুগাছ মিডিয়া ০০৩২’ নামে দুটি ফেসবুক আইডি থেকে সাংবাদিক সালাহউদ্দিন শুভকে নিয়ে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ভুয়া ছবি এবং বিভ্রান্তিকর তথ্য নিয়মিত প্রকাশ করা হচ্ছে। অভিযোগে বলা হয়েছে, এসব পোস্টের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি, তার দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনের সুনাম ক্ষুণ্ন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
সাংবাদিক সালাহউদ্দিন শুভ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চালানো এই অপপ্রচার শুধু তার ব্যক্তিগত সম্মানহানির বিষয় নয়, বরং এআই প্রযুক্তির অপব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির একটি উদ্বেগজনক উদাহরণ। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
তিনি আরও জানান, এ ঘটনায় গত ৭ জুন ২০২৬ কমলগঞ্জ থানায় জিডি নম্বর–২৯৫ দায়ের করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।
এদিকে বিষয়টি নিয়ে মৌলভীবাজারের জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এআই প্রযুক্তির অপব্যবহার করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুয়া ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার ঘটনা সাইবার অপরাধের নতুন রূপ হিসেবে দেখা দিচ্ছে।
সাংবাদিক নেতারা বলেন, এআইনির্ভর ডিপফেক ও ভুয়া কনটেন্টের অপব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে। তাই দ্রুত তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা ছবি শেয়ার না করার আহ্বান জানান তারা।
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ‘ভানুগাছ মিডিয়া’ ও ‘ভানুগাছ মিডিয়া ০০৩২’ নামে পরিচালিত ফেসবুক আইডির প্রকৃত পরিচালকদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, সাংবাদিক সালাহউদ্দিন শুভ একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রযুক্তিগত তথ্য-উপাত্ত সংগ্রহ করে অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





