• ই-পেপার

বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৩০ হাজার হেক্টর আবাদি জমি!

প্রবীণরা কি এভাবেই ধুঁকে ধুঁকে মরবেন?

অনলাইন ডেস্ক
প্রবীণরা কি এভাবেই ধুঁকে ধুঁকে মরবেন?

সম্প্রতি মিরপুরে ৭৫ বছর বয়সি নূরজাহান বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি তাঁর মেয়ের সঙ্গে যে বাসায় থাকতেন, সেই বাসার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, নূরজাহান বেগমের ঘরসহ পুরো ফ্ল্যাটের অবস্থা অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর। লাশের ফুটেজেও নূরজাহান বেগমের ডান চোখে সাদা ফাঙ্গাসের মতো পড়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। পল্লবী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারাও বলছেন, লাশ উদ্ধারের সময় তাতে পোকার অস্তিত্ব দেখেছেন।

নূরজাহান বেগমের এক ছেলে যুগ্ম সচিব (এই ঘটনার পর তাকে ওএসডি করা হয়েছে) এক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন। ঘটনাটি খুবই হৃদয়বিদারক। মা হিসেবে তিনি নিশ্চয়ই অনেক যত্ন নিয়ে এই সন্তানদের বড় করেছিলেন। সেই সন্তানেরা উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত। অথচ তাঁরা মায়ের প্রতি কোনো দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা বোধ করেননি, এটা বেদনাদায়ক। এ ঘটনা আবারও প্রমাণ করে যে মানুষ এত আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে, নিজের মায়ের খোঁজও রাখতে চান না। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকজন প্রবীণের একাকী মৃত্যু আমাদের স্তম্ভিত করে। রাজধানীর পল্লবীর বাসা থেকে সেলিনা আফরোজা নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা যায়, তিনি কয়েক দিন আগে মারা যান। জানা গেছে, তার স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী। পারিবারিক কলহ থাকায় বাবার পৈতৃক ফ্ল্যাটে থাকতেন সেলিনা আফরোজা। ১২ বছর আগে তিনি কানাডা থেকে দেশে চলে আসেন এবং ওই বাসার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন। প্রবীণরা সমাজে কতটা অসহায়, এ ঘটনা দুটি নতুন করে আমাদের সামনে তুলে এনেছে। ঢাকায় এরকম দুটি ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি, দুঃখিত হয়েছি। কিন্তু গোটা দেশে এ ধরনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। বছর চারেক আগে মাদারীপুরে এক গোরস্থানে পড়ে ছিলেন এই প্রবীণ নারী। তাঁকে এমন অবস্থায় ফেলে রেখে চলে গিয়েছিলেন তাঁর সন্তানরা। নারায়ণগঞ্জে অসুস্থ বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে যায় তাঁর সন্তানরা, চাঁপাইনবাবগঞ্জে অসুস্থ বৃদ্ধ মাকে রাস্তায় রেখে গেছেন ছেলে। সিরাজগঞ্জে অসুস্থ বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে যান সন্তানেরা। হাজার খবরের ভিড়ে এসব এখন গা-সওয়া খবর। সর্বশেষ অনুষ্ঠিত ‘জনশুমারি ও গৃহগণনা’ অনুযায়ী, দেশে ৬০ বছরের বেশি বয়সি মানুষের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ২৬ হাজার ৭১৯, যা মোট জনসংখ্যার ৯ দশমিক ২৮ শতাংশ। ২০১১ সালের জনশুমারিতে এ হার ছিল ৭ দশমিক ৪৭ শতাংশ। দেশের মানুষের গড় আয়ু বেড়ে যাওয়ায় প্রবীণ মানুষের সংখ্যা বাড়ছে। এখন দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দুই কোটির কিছু বেশি। এই প্রবীণদের জন্য রাষ্ট্র ও সমাজ কী করছে?

আমাদের সমাজে, প্রবীণদের জন্য কিছু নেই। নামমাত্র মুষ্টিমেয় কিছু প্রবীণের জন্য ভাতার ব্যবস্থা ছাড়া, আমাদের দেশে প্রবীণরা কিছু পান না। তাঁদের জন্য গণপরিবহনে আলাদা আসন নেই, হাসপাতালে আলাদা চিকিৎসা ব্যবস্থা নেই, বিনোদনের ন্যূনতম সুযোগ নেই, পার্কে পৃথক জায়গা নেই। আছে শুধু অবহেলা, উপেক্ষা আর করুণা। প্রবীণরা যেন এই সমাজে পরিত্যক্ত আসবাবপত্রের মতো।

এ প্রবীণরা সবাই একটি সময় পর্যন্ত নিজ নিজ ক্ষেত্র থেকে দেশ ও জাতির সেবায় নিয়োজিত ছিলেন। আজ দেশের সেই প্রবীণরা সমাজের কাছে, রাষ্ট্রের কাছে তাদের প্রদত্ত সেবার বিপরীতে সামাজিক সম্মান আর রাষ্ট্রীয় স্বীকৃতি প্রত্যাশা করেন। প্রবীণদের জীবনকে স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ রাখা কালের দাবি। সরকারি কোষাগারের অর্থ ব্যয় না করেও সরকার সদিচ্ছার মাধ্যমে তাদের জন্য শান্তিপূর্ণ জীবনের অনেকখানি নিশ্চিত করতে পারে। দেশের প্রবীণরা আশা করেন না শুরুতেই সরকার তাদের জন্য উন্নত বিশ্বের মতো সুযোগসুবিধা দিতে উদ্যোগী হবে। তবে এটা আশা করেন, সরকারিভাবে প্রবীণদের যে সামান্য সুযোগসুবিধা বিদ্যমান আছে সে ব্যবস্থাটুকু সহজতর করা হবে।

প্রবীণদের সব থেকে বেশি সমস্যা হচ্ছে তাদের শরীর। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন কলকবজা দুর্বল হয়ে পড়ে। কিডনি-ফুসফুস-লিভার-হার্ট দুর্বল হয়ে যায়। দাঁত পড়ে যায়, চোখ ও কানের কার্যকারিতা কমতে থাকে। এতে করে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, শ্বাসকষ্ট ইত্যাদি নানা শারীরিক সমস্যা দেখা যায়। সরকার চাইলেই সরকারি হাসপাতালগুলোতে প্রবীণদের জন্য পৃথক চিকিৎসা সেবা চালু করতে পারে। এতে কোনো বাড়তি খরচ হবে না। এভাবে সরকার প্রাথমিকভাবে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে কোষাগারের অর্থ ব্যয় না করেও প্রবীণদের জন্য কিছু উদ্যোগ গ্রহণ করতে পারে। দেশের প্রবীণ জনগণের জন্য একটা নীতিমালা প্রণয়ন করে তা ধারাবাহিকভাবে বাস্তবায়নের পথে এগিয়ে আসতে পারে সরকার। হাসপাতাল, গণপরিবহন, সব সেবাদানকারী প্রতিষ্ঠান, পাসপোর্ট, বহির্গমন, কর ব্যবস্থা, বিদ্যুৎ-গ্যাস-পানি-টেলিফোনসহ অন্য বহু ক্ষেত্রে প্রবীণবান্ধব ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। প্রাথমিকভাবে এসব ক্ষেত্রে প্রবীণ ডেস্ক করা যেতে পারে যেখানে প্রবীণরা নিজেদের কাজে কিছুটা অগ্রাধিকার এবং নিরাপত্তা পাবেন। কিছু ক্ষেত্রে কোটা নির্ধারণ করে দেওয়া যেতে পারে, যে কোটার ভিত্তিতে তারা হাসপাতালে গেলে একটা সিট পাবেন, রেলের টিকিটটা নিশ্চিতভাবে পাবেন, বাসের টিকিট এবং সিট পাবেন, পাসপোর্ট জমা ও গ্রহণ করতে পারবেন, বিভিন্ন সেবার বিলটা সহজে জমা দিতে পারবেন, সেবা পাওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা লাগবে না। প্রাথমিকভাবে এসব সুবিধা প্রবীণদের প্রদান করার জন্য কোনো অর্থ ব্যয় করা লাগবে না। প্রজ্ঞাপনের মাধ্যমে এসব ব্যবস্থা চালু করা সম্ভব। পরবর্তী সময়ে সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করে কিছু কিছু ক্ষেত্রে ২০-৩০ শতাংশ রেয়াতের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া যেতে পারে। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত একাধিকবার প্রবীণ কল্যাণ ফাউন্ডেশন আইনের খসড়া করা হলেও আজও আলোর মুখ দেখেনি। বিএনপি সরকার এ আইনটি পর্যালোচনা করে নতুন করে তা তৈরি করতে পারে।

বাংলাদেশে বর্তমানে প্রবীণদের জন্য সরকারিভাবে বিশেষায়িত হাসপাতাল রয়েছে মাত্র একটি। এর বাইরে সরকারি-বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা কিছু বৃদ্ধাশ্রম মিলিয়ে খুব অল্প কিছু প্রবীণের থাকার ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশে বৃদ্ধ বয়সে সেবা দেওয়ার জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত সেবাদানকারীও নেই। যেটা ভবিষ্যতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তাই, এখনই এ বিষয়ে নজর দেওয়া দরকার। এক্ষেত্রে আমরা বিভিন্ন দেশের প্রবীণ বান্ধব নীতি ও কর্মসূচি পর্যবেক্ষণ করতে পারি। বিশ্বের বিভিন্ন দেশ প্রবীণদের সুরক্ষা নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে।  প্রবীণদের জন্য দুনিয়ার সবচেয়ে ভালো দেশ সুইজারল্যান্ড। ইউরোপের এই দেশটিতে প্রবীণদের স্বাস্থ্য ও তাদের যথাযথ পরিবেশের ব্যাপারে সরকারি বিভিন্ন নীতিমালা ও কর্মসূচি রয়েছে। এখানে ৬০ বছরের একজন মানুষ আরও ২৫ বছর বেঁচে থাকার প্রত্যাশা রাখেন। প্রবীণদের সামাজিক সংযুক্তি এবং নাগরিক স্বাধীনতার দিক থেকে সুইজারল্যান্ডের স্থান শীর্ষে। দেশটিতে নাগরিকদের বয়স ৬৫ পেরোলেই তিনি সব সরকারি সেবা বিনামূল্যে পান। গণপরিহনে তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়। সবক্ষেত্রে প্রবীণদের দেওয়া হয় বিশেষ সুবিধা। সুইজারল্যান্ডে অসুস্থ প্রবীণদের জন্য বিশেষ কেয়ার গিভার দেওয়া হয় সরকারি খরচে। একটি নির্দিষ্ট সময়ে তারা প্রবীণদের বাড়িতে গিয়ে সেবা প্রদান করেন। নরওয়েতেও প্রায় একই ধরনের সুবিধা রয়েছে। নরওয়েতে ওল্ড হোমগুলোতে আধুনিক সুযোগসুবিধা নিশ্চিত করা হয়েছে, যেন প্রবীণরা সেখানে আনন্দে সময় কাটাতে পারে।

জার্মানিতে প্রবীণদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। প্রবীণ ভাতার পাশাপাশি প্রবীণরা চাইলে অত্যাধুনিক ওল্ড হোমে থাকতে পারেন। সম্প্রতি জাপানে প্রবীণদের বিনোদনের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কানাডাতে প্রবীণদের ভাতার পাশাপাশি বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। প্রবীণদের একাকিত্ব দূর করতে কানাডাসহ বিভিন্ন উন্নত দেশ প্রবীণদের জন্য বিনোদন কেন্দ্র গড়ে তুলেছে। এ ছাড়াও পার্কে প্রবীণদের জন্য রয়েছে আলাদা জায়গা। কিন্তু তারপরও উন্নত বিশ্বের প্রবীণদের মধ্যে একাকিত্ব বোধ বাড়ছে। জাপানে প্রবীণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। সন্তান এবং নিকটাত্মীয়দের থেকে বিচ্ছিন্ন হয়ে প্রবীণদের মধ্যে বাড়ছে মানসিক অবসাদ।

সেদিক থেকে বাংলাদেশের পারিবারিক বন্ধন এখনো অটুট। কিন্তু সময়ের পরিক্রমায় এসব বন্ধন ধীরে ধীরে ঢিলে হয়ে যাচ্ছে। একান্নবর্তী পরিবারগুলো ভেঙে ছোট হয়ে যাচ্ছে। এ কারণে প্রবীণেরা আরও বেশি একাকিত্বের যন্ত্রণা ও অবহেলার শিকার হচ্ছেন।

উন্নত বিশ্বের মতো বাংলাদেশে প্রবীণদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম না থাকায় এ দেশের প্রবীণ জনগোষ্ঠী পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও শারীরিক সমস্যায় প্রতিনিয়ত ভুগছেন।

পরিবার ও সমাজে তাঁরা অবহেলিত। পুষ্টিকর খাদ্য, চিকিৎসার সুবিধা, নাগরিক সুবিধা, পারিবারিক ও সামাজিক মর্যাদাসহ বিভিন্ন ধরনের সুবিধা থেকে বঞ্চিত হয়ে প্রতিনিয়ত তাঁরা মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন। আমাদের এ প্রবীণ জনগোষ্ঠীর অধিকাংশই জীবনধারণের মৌলিক সুযোগসুবিধা থেকে বঞ্চিত।

একটি প্রবীণবান্ধব সমাজ গঠনে সরকার তার আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে। প্রথম দরকার, সরকারের সদিচ্ছা। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার অল্প সময়ের মধ্যে বেশ কিছু উদ্ভাবনী এবং অনবদ্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রবীণদের নিয়েও কিছু করার সময় এসেছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ বদলে দিতে পারে প্রবীণদের জীবন। দূর করতে পারে তাদের অসহায়ত্ব। হাসপাতালগুলোতে প্রবীণ কাউন্টার, গণপরিবহনে বিশেষ আসন, ব্যাংকে প্রবীণদের অগ্রাধিকার সেবা, পার্ক, রেস্তোরাঁয় প্রবীণদের জন্য বিশেষ ব্যবস্থা করা যায় সহজেই। এতে প্রবীণরা উপলব্ধি করবেন, রাষ্ট্র, সরকার এবং সমাজ তাদের কথা ভাবে, তাদের সম্মান দেয়। সরকার যদি প্রবীণদের সম্মান জানায় তাহলে প্রবীণরা সম্মানিত হবেন পরিবার ও সমাজে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

ঢাকাসহ ১৭ জেলার জন্য সতর্কবার্তা, বজ্রবৃষ্টির শঙ্কা

অনলাইন ডেস্ক
ঢাকাসহ ১৭ জেলার জন্য সতর্কবার্তা, বজ্রবৃষ্টির শঙ্কা
ফাইল ছবি

ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

আজ রবিবার (৭ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ত্রয়োদশ সংসদ

প্রথম বাজেট অধিবেশন আজ

অনলাইন ডেস্ক
প্রথম বাজেট অধিবেশন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশন বসছে আজ সোমবার (৭ জুন)। এর মধ্যে ১১ জুন সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যা এমপিদের আলোচনা শেষে ৩০ জুন পাস হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চলতি অধিবেশনে বাজেট পাস ছাড়াও সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনা হতে পারে।

এদিকে বাজেট অধিবেশন ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বানের পর থেকে এই প্রস্তুতি শুরু হয়।

সূত্র জানায়, আজ বেলা ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে। এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে।

অধিবেশন সামনে রেখে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বেশ কিছু এলাকায় গতকাল থেকে আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের শোভাযাত্রা-বিক্ষোভ ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।

সংসদ সচিবালয়ের প্রকাশিত অধিবেশনের কার্যসূচি অনুযায়ী, প্রথম দিনে আজ অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন ও শোকপ্রস্তাব উত্থাপন করা হবে। এরপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর তালিকাভুক্ত রয়েছে। এ ছাড়া ‘জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)’-এর আওতায় প্রাপ্ত নোটিসগুলো নিষ্পত্তি করা হবে। এর বাইরে জ্বালানি বিষয়ে করণীয় নির্ধারণে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন করবেন কমিটির সভাপতি এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চলতি অধিবেশনে বাজেট প্রস্তাবনা উত্থাপন ও পাস ছাড়াও সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনা হতে পারে। সংবিধান সংস্কারের লক্ষ্যে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠনের কাজ শেষ করা হবে। এ ছাড়া সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠনের কাজ শেষ করতে চান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেট আলোচনার আগেই কমিটি গঠনের কাজ শেষ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

চলতি জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ থেকে ২৫ কার্যদিবস অধিবেশন চলার পর ৩০ এপ্রিল শেষ হয়। এই অধিবেশনে মোট বৈঠক দিবস ছিল ২৫টি। অধিবেশনে মোট ৯৪টি বিল পাস হয়। আইন প্রণয়ন কার্যাবলি ছাড়াও প্রথম অধিবেশনে পাঁচটি স্থায়ী কমিটি এবং দুটি বিশেষ কমিটি গঠিত হয়।

সাক্ষাৎকার - শেখ রবিউল আলম, মন্ত্রী

আমূল পরিবর্তন আনার চেষ্টা করছি

অনলাইন ডেস্ক
আমূল পরিবর্তন আনার চেষ্টা করছি
শেখ রবিউল আলম

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের ১০০ দিন পার হয়েছে। এমপি, মন্ত্রী ও মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সবচেয়ে বেশি আলোচনায় ঢাকা-১০ আসন থেকে নির্বাচিত এমপি ও মন্ত্রী শেখ রবিউল আলম এবং তাঁর অধীনে থাকা গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয় সড়ক ও সেতু, নৌ এবং রেল। নতুন মন্ত্রীর কার্যক্রমে যেমন কিছু সাফল্য দৃশ্যমান তেমন দীর্ঘদিনের কাঠামোগত চ্যালেঞ্জগুলোও স্পষ্ট। দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মাথায় পবিত্র ঈদুল ফিতর এবং তারপর ঈদুল আজহা-দুই উৎসবে ঘরমুখো মানুষের জন্য নিরাপদ যাত্রা নিশ্চিত করা ছিল সবচেয়ে বড় পরীক্ষা। কোটি মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করা, টোল প্লাজায় শৃঙ্খলা বজায় রাখা, ফেরিঘাটে বিশেষ ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগে বৃহত্তম এই উৎসব দুটিতে মহাসড়ক সচল থাকায় দুর্ভোগের মাত্রা ছিল সহনীয়। সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব নিয়ে কথা বলেছেন তিন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চালানো কতটা চ্যালেঞ্জ বলে মনে করছেন-প্রশ্নে তিনি বলেন, কোনো চ্যালেঞ্জ নেই। কাজ করতে পারলে সবকিছু দায়িত্বের সঙ্গে করা যায়। মন্ত্রণালয়গুলোকে কার্যকর করতে যে দায়িত্ব রয়েছে সেগুলো যদি আপনি জানেন, বোঝেন তাহলে কোনো সমস্যা নেই। বর্তমান সরকারের যে নীতি রয়েছে সড়ক, রেল ও নৌপরিবহনকে সমন্বিতভাবে ফাংশন করার বিষয়টি একটা জায়গা থেকে সুপারভিশন ও নীতিনির্ধারণ হওয়া দরকার। প্রকল্প গ্রহণ ও তা বাস্তবায়ন করা দরকার। আমার ওপর যে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শুরু থেকেই সেসব মন্ত্রণালয়ের প্রতিবন্ধকতাগুলো দূর করে যেসব গুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকারের সঙ্গে বাস্তবায়ন করা দরকার, সেটা স্বচ্ছতার সঙ্গে অপচয় রোধ করে সংশ্লিষ্টদের নিয়ে সমন্বয়ের মাধ্যমে করার চেষ্টা করছি। বেশ কিছু প্রকল্প আছে যেগুলো স্থবির হয়েছিল সেগুলো দ্রুততম সময়ের মধ্যে কীভাবে আবার সচল করা যায় সেটা প্রাধান্য পাচ্ছে। সরকারের ১৮০ দিনের একটি কর্মসূচি রয়েছে, পাশাপাশি নির্বাচনি ইশতেহারেও কিছু অঙ্গীকার রয়েছে সেগুলো সামনে রেখে অগ্রসর হচ্ছি।

প্রধানমন্ত্রীর গতির সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে কেমন লাগছে জানতে চাইলে শেখ রবিউল আলম বলেন, প্রধানমন্ত্রীর গতিটা একটু বেশি। কিন্তু সেই তুলনায় মন্ত্রণালয়গুলো ফাংশন ওভাবে করতে অভ্যস্ত না। কারণ এই গতিতে কাজ করতে আমাদের মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন সেটা আপনি টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং সেকশন বলেন অথবা সিভিল সেকশন বলেন-তারা এভাবে অভ্যস্ত কম ছিল বলে আমার কাছে মনে হয়েছে। সেই গতিতে তাদের ফাংশন করানোটা একটু চ্যালেঞ্জ। কারণ আমরা দ্রুততম সময়ের মধ্যে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে চাই। পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে, কম ব্যয়ে, অপচয় রোধ করে জনস্বার্থকে প্রাধান্য দিতে চাই। সেখানে যখন আমি যাচ্ছি তখন বেশ কিছু প্রাতিষ্ঠানিক জটিলতা দেখা যাচ্ছে। ধরেন- আন্তমন্ত্রণালয়ে বেশ কিছু কর্মকাণ্ড বা বেশ কিছু প্রতিবন্ধকতা থাকে যেগুলো ম্যানেজ করা অথবা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। কোনো কোনো সময় সেই জায়গায় দীর্ঘসূত্রিতা দীর্ঘদিনের একটা প্রাকটিস। আমাদের এই মন্ত্রণালয়গুলোতে তাদেরকে গতিশীল করাটা একটা চ্যালেঞ্জ এবং সে লক্ষ্যে কাজ করছি। অনেকগুলো প্রকল্প ছিল যেগুলো ছোটখাটো সিদ্ধান্তের অভাবে দীর্ঘদিন ধরে বাস্তবায়ন হচ্ছিল না অথবা যারা পিডি ছিলেন অথবা প্রকল্পের দায়িত্বে যারা ছিলেন তাদের বেশ কিছুটা অদক্ষতা অথবা পরিস্থিতি বুঝে সফল হতে না জানা এরকমের কিছু ব্যত্যয় ছিল। সেগুলোকে এই তিন মাসের মধ্যে আলোচনা করে তাদেরকে দিয়ে সেই পরিস্থিতি উত্তরণ করাতে সক্ষম হয়েছি। যার ফলে আমি মনে করছি যে, ভালো চলছে এবং যে আস্থা জনগণ রেখেছে এবং যে দায়িত্ব প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে শতভাগ দিয়ে চেষ্টা করছি। এসবের সুফল পাওয়া শুরু হয়েছে এবং এটা আরও বেগবান হবে। আরও বেশি দৃশ্যমান হবে।

আপনি নিজেও গতির সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন-এমন প্রশ্নে শেখ রবিউল আলম বলেন, প্রথমত-প্রধানমন্ত্রী যে গতিতে এগোতে চাইছেন সেই গতিটা ধারণ করতে পারছি। সে গতিতে আমিও চলতে অঙ্গীকারবদ্ধ এবং অনেকটা অভ্যস্ত। কারণ যে আদর্শ ধারণ করে উনি রাজনীতি করেন আর যে প্রতিকূলতার মধ্যে উনি রাজনীতি করেছেন আর যে জনপ্রিয়তা নিয়ে প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন ওটারও একটা অংশ আমি। কিন্তু আমি যখন মাঠ লেভেলে বা মন্ত্রণালয় লেভেলে কাজ করছি সেখানে তাদেরকে গতিতে আনতে তো আমার একটু সময় লাগছে। মন্ত্রণালয়ের সব ধরনের কর্মকর্তা যারা আছেন তারাও গতিশীল হতে সর্বাত্মক চেষ্টা করছে। হয়তো একটু সময় লাগছে।

সহকর্মী মন্ত্রী ও এমপিদের কাছ থেকে সড়ক নির্মাণ বা মেরামত নিয়ে কেমন অনুরোধ পাচ্ছেন, জানতে চাইলে শেখ রবিউল আলম বলেন, প্রচণ্ড রকমের আবেদন তাদের। ১৭ বছর ইনফ্রাস্ট্রাকচারে খুব বেশি ডেভেলপমেন্ট হয় নাই। প্রকল্পগুলো কাগজ-কলমে হয়েছে। সেই প্রকল্পগুলো কোনো কোনো ক্ষেত্রে জনবান্ধব হয়নি, কোনো কোনো ক্ষেত্রে বাস্তবায়ন হয়নি। যার ফলে যারা এবার নির্বাচিত হয়ে এসেছেন জনগণের কাছে তাদের অঙ্গীকার আছে। এ কারণে প্রচুর পরিমাণে ডিও দিচ্ছেন। কিন্তু সেই পরিমাণ ডিওকে আমলে নিয়ে প্রকল্প বাস্তবায়ন করাটা বেশ দুরূহ। কারণ আর্থিক সক্ষমতা অথবা বাজেটের তো একটা ব্যাপার আছে। তার মধ্যে থেকে সেটা শতভাগ বাস্তবায়ন করা বেশ কঠিন। এক্ষেত্রে জাতীয়ভাবে যেটা গুরুত্বপূর্ণ এবং এমপির ওই এলাকার জনগণের জন্য অগ্রাধিরকার ভিত্তিতে প্রয়োজন- সেটাকে গুরুত্ব দিচ্ছি। স্থানীয় জনগণের অর্থাৎ স্থানীয়ভাবে যিনি এমপি নির্বাচিত হয়েছেন তারও তো ১০টা অঙ্গীকার আছে। ১০টা রাস্তার প্রয়োজন আছে। কিন্তু আমার বাজেটের মধ্যে যদি মনে হয় যে না ১০টা এবারে করা সম্ভব হচ্ছে না, একবারে সব সম্ভব হবেও না, সর্বাধিক গুরুত্বপূর্ণ তিনটা চারটাকে বেছে নিয়ে আমরা কাজ করছি।

সুশাসন, টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা উন্নয়ন প্রকল্পগুলোতে দুর্নীতি অনিয়ম এবং নিম্নমানের কাজের অভিযোগ কীভাবে ক্ষতিয়ে দেখছেন, জানতে চাইলে শেখ রবিউল আলম বলেন, এরই মধ্যে এসব খতিয়ে দেখা হয়েছে। সেগুলোর তদন্তও চলছে। আমার সবচেয়ে বড় অঙ্গীকার-এখন থেকে এসব আর হবে না- এটা আমি নিশ্চিত করব ইনশাল্লাহ। যে প্রক্রিয়ায় আগে প্রকল্প হতো-অপচয়, দুর্নীতি, অপ্রয়োজনীয়, জনবান্ধব না- সেই ধরনের প্রকল্প এখন এ সরকার নেবে না। এটা প্রধানমন্ত্রীর অঙ্গীকার। আর প্রধানমন্ত্রী যেটা অঙ্গীকার করেন, যে লক্ষ্যে দেশ পরিচালনা করতে চান তা বাস্তবায়ন করা হচ্ছে আমার কর্তব্য। আমার জন্য সেটা অবধারিত। এখন থেকে যে সব প্রকল্প হবে তাতে দুর্নীতি ও অপচয় হওয়ার কোনো সুযোগ নেই।

আপনি যেহেতু তিনটা মন্ত্রণালয় এই মুহূর্তে দায়িত্বে আছেন। সেক্ষেত্রে তিনটা মন্ত্রণালয়ে আপনার উল্লেখ করার মতো বিশেষ প্রোগ্রাম কী নিয়েছেন বা বিশেষ ধরনের কী প্রকল্প নেওয়া হয়েছে? শেখ রবিউল আলম বলেন, রেল, নৌ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থাপনায় একটা আমূল পরিবর্তন আনতে চাচ্ছি। এজন্য নানা মেয়াদি কার্যক্রম এরই মধ্যে হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, আগামীতে আমার এখানে উন্নয়ন প্রকল্পের মেয়াদ বাড়ার সুযোগ হবে না বলে আশা করছি। আমরা চাইব-অতীতের দায় যাদের আছে সেটা তাদের। আমাদের ক্ষেত্রে যাতে এটা না হয়।

সূত্র : বাংলাদেশ প্রতিদিনি

বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৩০ হাজার হেক্টর আবাদি জমি! | কালের কণ্ঠ