• ই-পেপার

বাম্পার ফলনেও শ্রমিক সংকটে বিপাকে লালপুরের পাটচাষি

চুনারুঘাটে ৩০০ ঘনফুট অবৈধ বালু জব্দ করল প্রশাসন

হবিগঞ্জ প্রতিনিধি
চুনারুঘাটে ৩০০ ঘনফুট অবৈধ বালু জব্দ করল প্রশাসন

হবিগঞ্জের চুনারুঘাটের দেওরগাছ এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ৩০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করেন।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। এসময় চুনারুঘাট থানা-পুলিশের এরটি টিম উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন।

ইউএনও গালিব চৌধুরী বলেন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, নদী ও পরিবেশ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত ও কঠোরভাবে অব্যাহত থাকবে।

৩৬ দিন সাগরে নিখোঁজ, কাঁচা মাছ খেয়ে প্রাণে বাঁচলেন শ্রীলঙ্কান বাবা-ছেলে

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
৩৬ দিন সাগরে নিখোঁজ, কাঁচা মাছ খেয়ে প্রাণে বাঁচলেন শ্রীলঙ্কান বাবা-ছেলে
ছবি: কালের কণ্ঠ

খাবার বলতে কেবল কাঁচা মাছ, আর তৃষ্ণা মেটাতে লবণাক্ত সমুদ্রের পানি। এসব খেয়েই টানা ৩৬ দিন সাগরে ভেসে থাকা শ্রীলঙ্কার এক বাবা ও তার ছেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালীর জেলেরা।

কক্সবাজারের মহেশখালী উপজেলার জেলেদের উদ্ধার অভিযানে বঙ্গোপসাগর থেকে জীবিত উদ্ধার হওয়া শ্রীলঙ্কার বাবা-ছেলে দুই জেলের দাবি, মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে টানা ৩৬ দিন সাগরে ভেসেছিলেন। এসময় বেঁচে থাকার জন্য লবণাক্ত সমুদ্রের পানি পান করেন এবং কাঁচা মাছ খেয়ে জীবন রক্ষা করেন।

উদ্ধারকারী জেলেরা জানান, শুক্রবার (২৪ জুলাই) বঙ্গোপসাগরের শুলিরধার এলাকায় মাছ ধরতে যাওয়ার পথে একটি ইঞ্জিন বিকল ফিশিংবোট ভাসতে দেখেন তারা। কাছে যেতেই বোটে থাকা দুই ব্যক্তি হাত নেড়ে সাহায্যের আকুতি জানান। ভাষা বুঝতে না পারলেও তাদের অসহায় অবস্থা দেখে দ্রুত নিজেদের ফিশিংবোটে তুলে নেন। পরে শনিবার (২৫ জুলাই) সকালে তাদের মহেশখালী উপকূলে নিয়ে আসা হয়।

উদ্ধার হওয়া দুই ব্যক্তি হলেন শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকার বাসিন্দা এস এইচ চামিন্দা (৫১) এবং তার ছেলে সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিং (৩০)।

উদ্ধারকারী ফিশিংবোটের মালিক জিয়াউর রহমান বলেন, ‘মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা তাদের উদ্ধার করেছি। প্রায় ৫ লাখ টাকার মাছ ধরার প্রস্তুতি নিয়ে সাগরে গিয়েছিলাম। কিন্তু তাদের অসহায় অবস্থা দেখে আর মাছ ধরা হয়নি। সবকিছু বাদ দিয়ে তাদের নিয়ে খালি হাতে উপকূলে ফিরে এসেছি।’ তিনি বলেন,  সরকারের কাছে অনুরোধ, দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শ্রীলঙ্কার এই বাবা-ছেলেকে নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।

উদ্ধার হওয়া দুই জেলের ভাষ্যমতে, প্রায় ৩৬ দিন আগে মাছ ধরার সময় তাদের ফিশিংবোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর স্রোতের টানে তারা গভীর সাগরে ভেসে যেতে থাকেন। দীর্ঘ সময় কোনো ধরনের সহায়তা না পেয়ে বেঁচে থাকার জন্য লবণাক্ত সমুদ্রের পানি পান করেন এবং সমুদ্রে ধরা কাঁচা মাছ খেয়ে দিন কাটান।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সোলতান জানান, উদ্ধার হওয়া দুই ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তারা শ্রীলঙ্কার নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাদের পরিচয়, ৩৬ দিন সাগরে ভেসে থাকার দাবি এবং ঘটনার অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছে। উদ্ধার হওয়া দুই শ্রীলঙ্কান নাগরিকের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ইতিমধ্যে শ্রীলঙ্কা দূতাবাসে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

বিকল না হয়েও সরাসরি লেনে দাঁড়িয়ে ছিল বাস, পরপর দুর্ঘটনায় নিহত ৩

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
বিকল না হয়েও সরাসরি লেনে দাঁড়িয়ে ছিল বাস, পরপর দুর্ঘটনায় নিহত ৩

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে সরাসরি লেনে খামখেয়ালিভাবে প্রায় এক ঘণ্টা একটি যাত্রীবাহী বাস দাঁড় করিয়ে রাখা হয়। এতে পেছন থেকে একে একে দুর্ঘটনার কবলে পড়েছে একটি প্রাইভেট কার, একটি কাভার্ড ভ্যান, দুইটি মোটরসাইকেল ও আরেকটি বাস। এতে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে আরো ১ জন নিহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) ওই এলাকার ইসলামপুর মহিলা মাদরাসার সামনে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার নালী ইউনিয়নের রূপসা বাজারের ব্যবসায়ী আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা ও তার ফুপাতো ভাই সাভারের আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা। আবাস সাহা মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী ও সুজয় সাহা এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মহাসড়কের ইসলামপুরে সরাসরি লেনে একটি যাত্রীবাহী বাস দাঁড় করিয়ে রাখা ছিল। বাসটি দেখে পেছন থেকে আসা একটি প্রাইভেট কার হঠাৎ ব্রেক করলে তার পেছনের একটি কাভার্ড ভ্যান গতি কমিয়ে থেমে যায়। এসময় কাভার্ড ভ্যানের পেছন থেকে দুটি মোটরসাইকেলের পর পেছনে থেকে দ্রুত গতিতে আসা স্বাধীনতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সুজয় সাহা ও আবাস সাহা নিহত হন। অন্য মোটরসাইকেল আরোহী সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।

সাধারণত দেখা যায়, বিকল গাড়ির পেছনে কেবল একটি গাছের ডাল ঝুলিয়ে দিয়েই ‘বিকল হওয়ার’ বার্তা দেওয়া হয়ে থাকে। ফলে দ্রুত গতির সড়কে বুঝা যায় না যে, সামনের গাড়িটি বিকল।

পুলিশ ও পরিবহন খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রধান সড়কগুলোর সরাসরি লেনে থেমে থাকা যানবাহনের পেছন থেকে ধাক্কা খাওয়ার ঘটনা ক্রমশ বাড়ছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ জানান, রাস্তার পাশে থেমে ও সরাসরি লেনে দাঁড় করিয়ে রাখা গাড়ির পেছনে চলন্ত গাড়ির ধাক্কায় হতাহতের ঘটনা বেড়েই চলছে ঢাকা-আরিচা মহাসড়কে। তবে শনিবার যে বাসটির কারণে তিনটি জীবন প্রদীপ নিভে গেল, সেই বাসটি বিকল ছিল না। ফলে পুলিশ বাসটি জব্দ করতে পারেনি। দুর্ঘটনার পরপরই চালক বাস নিয়ে পালিয়ে যায়।

সরাসরি লেনে দাঁড় করিয়ে রাখা বাসটি উদ্ধার ও চালককে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ স্থানীয়রা।

বিলাসবহুল গাড়িতে লুকানো ছিল কোটি টাকার গাঁজা, নারায়ণগঞ্জে উদ্ধার

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
বিলাসবহুল গাড়িতে লুকানো ছিল কোটি টাকার গাঁজা, নারায়ণগঞ্জে উদ্ধার
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের বন্দরে বিলাসবহুল একটি জিপ গাড়ি থেকে কোটি টাকা মূল্যের প্রায় ১৪০ কেজি গাঁজা জব্দ করেছে র‍্যাব-১১।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কয়েকজন মাদক কারবারি একটি বড় চালান নিয়ে বন্দর থানার মদনপুর এলাকায় রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে অবস্থান করছে। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি জিপ (টয়োটা ক্লুগার) থেকে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ১৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ‘জব্দকৃত গাঁজা ও ব্যবহৃত গাড়িসহ আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’