জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রবিবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় অর্থমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনৈতিক ও আইন অঙ্গনের এক উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন। তিনি সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট সংবিধান ও আইন বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন এবং দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
শোকবার্তায় অর্থমন্ত্রী আরো উল্লেখ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবীদের সংগঠিত করতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবন, প্রজ্ঞা ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অর্থমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশের রাজনৈতিক, আইন ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিরা তার অবদানের কথা স্মরণ করে শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ রবিবার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।




