দেশে গত ৬ দিন টানা বৃষ্টি ঝরেছে। ফলে গরম তেমন একটা অনুভূত হয়নি। তবে আগামী দুই দিন দেশে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সকাল ৯টার মধ্যে প্রথম ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এ ছাড়া পরবর্তী ২৪ ঘণ্টায় সামান্য বাড়াতে পারে।
এদিকে আগামী ২৪ ঘণ্টার বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বুধবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস আরো জানায়, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাংশে সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায় ১১০ মিলিমিটার।







