• ই-পেপার

তিন বছর পর ফিরল ‘অর্ধাঙ্গিনী’র গল্প, কেমন হলো ‘আজও অর্ধাঙ্গিনী’?

‘স্পাইডারম্যান’ অভিনেত্রীর ভিডিও ঘিরে রহস্য

বিনোদন ডেস্ক
‘স্পাইডারম্যান’ অভিনেত্রীর ভিডিও ঘিরে রহস্য
সংগৃহীত ছবি

মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’ মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন হলিউড অভিনেত্রী স্যাডি সিংক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি রহস্যময় ভিডিওকে ঘিরে শুরু হয়েছে তুমুল জল্পনা। তবে ভিডিওটির উৎস বা সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।

ভাইরাল হওয়া ভিডিওতে স্যাডি সিংককে তার পরিচিত উজ্জ্বল লাল চুলের বদলে গাঢ় রঙের চুল এবং ঘন ভ্রুতে দেখা যায়। অনেকের ধারণা, এটি হয়তো ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’র কোনো দৃশ্য। আবার কেউ মনে করছেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হতে পারে কিংবা অন্য কোনো প্রকল্পের অংশ। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

ভিডিওর একটি সংক্ষিপ্ত অংশে দেখা যায়, পাশে থাকা একজনের দিকে দ্রুত তাকিয়ে স্যাডি বলেন, ‘হোয়াট উড ইউ ডু ইফ (তুমি কী করতে, যদি...)।’ এরপরের অংশটি প্রকাশ করা হয়নি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মধ্যে নতুন করে শুরু হয়েছে চরিত্র নিয়ে জল্পনা। অনেকেই জানতে চাইছেন, নতুন ‘স্পাইডারম্যান’ সিনেমায় স্যাডি সিঙ্ক কি জিন গ্রে, গ্যোয়েন স্টেসি, নাকি মেরি জেন (এমজে) চরিত্রে অভিনয় করছেন।

তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন সিনেমাটির পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। 

‘দ্য হলিউড রিপোর্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্যাডির চরিত্র সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি।

তিনি বলেন, ‘এই রহস্যই সিনেমাটিকে আরও উপভোগ্য করে তুলবে।’

ক্রেটনের ভাষায়, ‘সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন কেন আমরা এত গোপনীয়তা বজায় রেখেছি। কিছু বিষয় আগে থেকে না জানলে সিনেমাটি আরও ভালো লাগে। আমার তো ইচ্ছা, দর্শকরা যেন কিছুই না জেনে হলে প্রবেশ করেন। আমরা অন্য কোনও কারণে নয়, শুধু দর্শকদের অভিজ্ঞতা অক্ষুন্ন রাখতে এসব তথ্য গোপন রেখেছি। যারা মুক্তির প্রথমেই সিনেমাটি দেখবেন, তারা অনেক বেশি রোমাঞ্চকর অভিজ্ঞতা পাবেন, যদি কিছু বিষয় আগে থেকে না জানেন।’

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) নতুন এই সিনেমাটি ভারতে ৩০ জুলাই এবং যুক্তরাষ্ট্রে ৩১ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুক্তির আগে রহস্যময় ভিডিও ঘিরে তৈরি হওয়া বিতর্ক সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

স্বামী-সন্তানকে নিয়ে ভারতে ফিরলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
স্বামী-সন্তানকে নিয়ে ভারতে ফিরলেন প্রিয়াঙ্কা
সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরে হলিউডেই ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় তার প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। এরই মধ্যে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতি মেরিকে নিয়ে হঠাৎ ভারতে পৌঁছেছেন এই অভিনেত্রী।

রবিবার বিমানবন্দর থেকে বের হওয়ার সময় প্রিয়াঙ্কা, নিক ও মালতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও এই সফর নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

বিমানবন্দরে গাঢ় বাদামি রঙের কো-অর্ড সেট, অফ-শোল্ডার টপ, বেইজ ক্যাপ, কালো সানগ্লাস ও বাদামি জুতা পরে দেখা যায় তাকে। অন্যদিকে পুরো কালো পোশাকে ছিলেন নিক জোনাস। কোলে মেয়ে মালতি মেরিকে নিয়েই বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এনডিটিভির খবর, এস এস রাজামৌলি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’র শুটিংয়ের নতুন ধাপে অংশ নিতেই ভারতে এসেছেন প্রিয়াঙ্কা।

‘বারাণসী’র মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও ভারতীয় ভাষার সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। সর্বশেষ ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এ অভিনয় করেছিলেন তিনি।

রাজামৌলি পরিচালিত এই সিনেমায় প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ৭ এপ্রিল ছবিটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

উল্লেখ্য, ২০১৬ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম পরিচয় হয় প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের। ২০১৭ সালে মেট গালায় প্রথমবার একসঙ্গে জনসমক্ষে হাজির হন তারা। 

এরপর ২০১৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে কন্যা মালতি মেরির বাবা-মা হন তারা।

জুবিন গার্গকে সম্মান জানিয়ে তার নামে নতুন ফুলের প্রজাতি

বিনোদন ডেস্ক
জুবিন গার্গকে সম্মান জানিয়ে তার নামে নতুন ফুলের প্রজাতি
সংগৃহীত ছবি

আসামের জনপ্রিয় গায়ক, সুরকার ও অভিনেতা জুবিন গার্গকে দেওয়া হলো এক বিশেষ সম্মান। তার নামেই নামকরণ করা হয়েছে আদা পরিবারের একটি নতুন প্রজাতির ফুল।

মেঘালয়ের শিলংয়ে আবিষ্কৃত এই নতুন ফুলের নাম রাখা হয়েছে ‘হেডিকিয়াম জুবিনগার্গিয়ানাম’। ভারতের বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (বিএসআই) পূর্বাঞ্চলীয় আঞ্চলিক কেন্দ্রের গবেষকরা দীর্ঘ গবেষণার পর এই নতুন প্রজাতি শনাক্ত করেছেন।

গবেষকরা জানিয়েছেন, শিলংয়ের বোটানিক্যাল গার্ডেনে থাকা একটি অজানা উদ্ভিদ নিয়ে বেশ কিছুদিন ধরে গবেষণা চলছিল। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, এটি আদা পরিবারের সম্পূর্ণ নতুন একটি প্রজাতি।

নতুন এই ফুলের অন্যতম বৈশিষ্ট্য হলো এর ক্রিম-সাদা রঙের সুগন্ধি ফুল, হলুদ রঙের পরাগধানী এবং ঘন লোমযুক্ত ফুলের ডাঁটা। সাধারণত এপ্রিল থেকে মে মাসের মধ্যে এই ফুল ফোটে। এর বৈশিষ্ট্য কাছাকাছি প্রজাতির ফুলের থেকে আলাদা।

জুবিন গার্গ শুধু আসামেই নয়, গোটা উত্তর-পূর্ব ভারতের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী। সংগীত ও সংস্কৃতিতে তার বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবেই নতুন ফুলের প্রজাতির নাম তার নামে রাখা হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৬ সালেই জুবিন গার্গের নামে একাধিক নতুন প্রজাতির নামকরণ হয়েছে। এর আগে আসামের মানস জাতীয় উদ্যানে আবিষ্কৃত একটি নতুন ফুলগাছের নাম রাখা হয় ‘অসব্যাকিয়া জুবিনগার্গিয়ানা’ এবং অরুণাচল প্রদেশে আবিষ্কৃত একটি নতুন প্রজাপতির নাম দেওয়া হয় ‘ইউথালিয়া জুবিনগার্গি’।

ধারাবাহিকে ফিরছেন তটিনী

বিনোদন প্রতিবেদক
ধারাবাহিকে ফিরছেন তটিনী
সংগৃহীত ছবি

দীর্ঘ পাঁচ বছর পর আবারও ধারাবাহিক নাটকে অভিনয়ে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। নাটকটিতে তার চরিত্রের নাম ‘নূরজাহান’।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে তটিনীর প্রথম লুক। সেই প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

‘ফিরে আসার গল্প’-এ তটিনীর সঙ্গে অভিনয় করছেন খায়রুল বাসার, শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, ফাইজুল ইয়ামিন, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার, এজাজুল ইসলাম ও মুকিত জাকারিয়াসহ একঝাঁক তারকা।

এই নাটকের মাধ্যমে দীর্ঘ বিরতির পর ধারাবাহিক নাটকে ফিরছেন অভিনেত্রী সুমাইয়া শিমুও।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, পারিবারিক গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ফিরে আসার গল্প’। আগামী মাসে নাটকটির শুটিং শুরু হবে। পরে সম্প্রচারের তারিখ ও চ্যানেল সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

এর আগে রাজ পরিচালিত ‘তোমাদের গল্প’, ‘তোমাদের গল্প ২’ এবং ‘সম্পর্কের গল্প’ নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন তটিনী। সম্প্রতি একই নির্মাতার নতুন নাটক ‘পথহারা’র শুটিংও শেষ করেছেন তিনি।

অন্যদিকে, তটিনীকে সর্বশেষ দেখা গেছে জাকারিয়া সৌখিন পরিচালিত ‘কাজল চোখের মেয়ে’ নাটকে। ফারহান আহমেদ জোভানের সঙ্গে তার জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ইউটিউবে মুক্তির মাত্র আট দিনের মধ্যেই নাটকটি ১৩ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে।

এদিকে আজ প্রকাশ পাচ্ছে তটিনীর নতুন নাটক ‘অমর প্রেম’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পার্থ শেখ।