• ই-পেপার

কপিল শর্মা শোয়ের ৭০ ভাগই স্ক্রিপ্টেড

দর্শক কমছে নেটফ্লিক্সে, চাপে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম

অনলাইন ডেস্ক
দর্শক কমছে নেটফ্লিক্সে, চাপে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম
ছবি : রয়টার্স

দর্শকদের আগ্রহ ধরে রাখতে বেশ চাপে আছে নেটফ্লিক্স। একদিকে বাড়ছে প্রতিযোগিতা, অন্যদিকে জনপ্রিয় সিরিজের পরের মৌসুম দেখতে আগ্রহ হারাচ্ছেন অনেক দর্শক।

বুধবার (১৫ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার নেটফ্লিক্স তাদের দ্বিতীয় প্রান্তিকের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করবে। এর আগে বিনিয়োগকারীরা জানতে চাইছেন, দর্শক কমে যাওয়ার এই সময়ে কিভাবে নেটফ্লিক্স আবার ব্যবসা বাড়াবে।

চলতি বছরে নেটফ্লিক্সের বাজারমূল্য ২০ শতাংশের বেশি কমেছে। প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন ব্যবসাও আশানুরূপ বাড়ছে না।

দর্শকদের ধরে রাখতে নেটফ্লিক্স এখন লাইভ অনুষ্ঠান ও বড় ইভেন্টে গুরুত্ব দিচ্ছে। ২০৩০ ও ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের যুক্তরাষ্ট্রের সম্প্রচার স্বত্ব পাওয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি অনলাইন সিনেমা প্ল্যাটফর্ম লেটারবক্সড কেনার বিষয়েও আলোচনা চলছে।

এদিকে জনপ্রিয় সিরিজের নতুন মৌসুম নিয়েও চিন্তায় নেটফ্লিক্স। ‘দ্য নাইট এজেন্ট’ ও ‘বিফ’-এর মতো জনপ্রিয় সিরিজের প্রথম মৌসুমের পর দর্শকসংখ্যা প্রায় অর্ধেক বা তারও বেশি কমে গেছে।

বিশ্লেষকদের মতে, এখন নেটফ্লিক্সের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—দর্শকদের আবারও পর্দায় ফিরিয়ে আনা।

প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা ববি

নিজস্ব প্রতিবেদক
প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা ববি
সংগৃহীত ছবি

প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি।  

তার পক্ষে ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া শুনানি করেন। শুনানি নিয়ে আদালত এক হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেড-এর সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। অপর আসামিরা হলেন-বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া ও অ্যাডমিন সোহেল রানা।

মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ১২ নভেম্বর বিকেল ৬টার দিকে আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেড-এর যোগাযোগ করে তার কম্পানির জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহ করার অনুরোধ করেন। সেই মোতাবেক ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স। যার মূল্য ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।

অভিযোগে আরো বলা হয়, ব্যাটারির মূল্য পরিশোধের কথা থাকলেও তারা যথাসময়ে টাকা পরিশোধ না করে তালবাহানা করে।গত ১১ জানুয়ারি সকাল ১১টার দিকে মেহেদি আলম প্রিন্স তাদের অফিসে গিয়ে পাওনা টাকা চান। তারা কোনো টাকা দিবে না বলে জানিয়ে দেয়। তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে অফিস থেকে বের করে দেয়। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেন মর্মে অভিযোগে বলা হয়েছে।  

 

বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতাবেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক
বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতাবেন টম ক্রুজ
সংগৃহীত ছবি

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা নামছে আগামী ১৯ জুলাই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের আগে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান, যেখানে বিশ্বসংগীত ও বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা অংশ নেবেন।

ফিফা জানিয়েছে, এবারের সমাপনী আয়োজনে পারফর্ম করবেন হলিউড তারকা টম ক্রুজ। শুধু তাই নয়, এবারের আসরে আরো দেখা যাবে ইতালীয় গায়িকা লরা পাউসিনি, মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ সংগীতশিল্পী রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আইশোস্পিডকে। 

ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে ফাইনালের আগে এক জমকালো বিনোদনের আসর।

মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানের শিল্পীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি জানিয়েছে, ৪৮টি দল, তিনটি স্বাগতিক দেশ এবং ১৬টি আয়োজক শহরজুড়ে অনুষ্ঠিত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের স্মরণীয় যাত্রাকে উদযাপন করতেই এই আয়োজন।

May be an image of text

তালিকায় আইশোস্পিডকে পারফর্মার হিসেবে রাখা হলেও টম ক্রুজকে ‘বিশেষ উপস্থিতি’র অতিথি হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে গ্যালারিতে দেখা গেছে ‘মিশন : ইম্পসিবল’ তারকাকে। এ ছাড়া ২০২৪ প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানেও আলোচিত স্টান্ট পারফরম্যান্স করেছিলেন তিনি।

এ ছাড়া এমি, গ্র্যামি, অস্কার ও টনি—এই চার মর্যাদাপূর্ণ পুরস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন ফাইনালের আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন বলেও জানা গেছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানটি সৃজনশীল অংশীদার হিসেবে আয়োজন করছে বালিচ ওয়ান্ডার স্টুডিও। 

May be a graphic of text that says 'C 2 FIFA WORLDCUP 2026 JENNIFER HUDSON'

আয়োজকদের ভাষ্য, এই আয়োজনের মধ্য দিয়ে ফুটবল, সংগীত ও সংস্কৃতির এক বৈশ্বিক উদ্‌যাপন তুলে ধরা হবে। একই সঙ্গে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রজুড়ে অনুষ্ঠিত এই ঐতিহাসিক আসরের স্মরণীয় যাত্রাকেও সম্মান জানানো হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি বলেন, ‘কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যেভাবে বিশ্বকে স্বাগত জানানো হয়েছিল, সমাপনী অনুষ্ঠানও ঠিক সেভাবেই সংগীত, সংস্কৃতি ও ফুটবলের মাধ্যমে এই ঐতিহাসিক আসরের পূর্ণতা দেবে। এরপরই শুরু হবে বহুল প্রতীক্ষিত সেই ফাইনাল, যেখানে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।’

ফিফার ভাষ্য অনুযায়ী, ৪৮টি দল নিয়ে আয়োজিত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের সমাপ্তিকে স্মরণীয় করে তুলতেই এই তারকাখচিত আয়োজন। আগামী কয়েক দিনের মধ্যে আরো কয়েকজন শিল্পী ও বিশেষ অতিথির নাম ঘোষণা করা হবে।

জানা গেছে, সমাপনী অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে—অর্থাৎ ফাইনালের কিক-অফের ৯০ মিনিট আগে। দর্শকদের জন্য স্টেডিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে সকাল ১১টায়। 

সমাপনী অনুষ্ঠান ছাড়াও দর্শকদের জন্য থাকবে বিভিন্ন বিশেষ আয়োজন, ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, পুরস্কার এবং ম্যাচপূর্ব বিনোদনের ব্যবস্থা।
 

ভিন্ন ধর্মে বিয়ে ও ‘লাভ জিহাদ’ বিতর্কে মুখ খুললেন আমির খান

বিনোদন ডেস্ক
ভিন্ন ধর্মে বিয়ে ও ‘লাভ জিহাদ’ বিতর্কে মুখ খুললেন আমির খান
সংগৃহীত ছবি

তৃতীয়বারের মতো বিয়ের পর থেকেই নানা বিতর্কের মুখে পড়েছেন বলিউড সুপারস্টার আমির খান। ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করার পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে শুরু হয় সমালোচনা। 

কেউ কেউ এই বিয়েকে ‘লাভ জিহাদ’ বলে আখ্যা দেন। এমনকি এ নিয়ে ফতোয়াও জারি করা হয়েছে। অবশেষে পুরো বিতর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আমির খান।

সম্প্রতি মুসলিম পারসোনাল দারুল ইফতার শাহির প্রধান মুফতি মাওলানা ইব্রাহিম হুসাইন এ বিয়েতে আপত্তি জানিয়ে বলেন, কোনো মুসলিম পুরুষ অমুসলিম নারীকে বিয়ে করতে পারেন না, যদি না তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হলে বিষয়টি নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেন অভিনেতা।

রেডিফকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘লাভ জিহাদ’-এর অভিযোগের জবাবে আমির বলেন, ‘সত্যি বলতে, আমাদের পরিবার খুবই উদার এবং সবাইকে আপন করে নেয়। আমার দুই বোনেরই বিয়ে হিন্দু পরিবারে হয়েছে। আমার মেয়েও একজন হিন্দুকে বিয়ে করেছে। আমার চাচাতো ভাই মনসুর একজন খ্রিষ্টান নারীকে বিয়ে করেছে।’

ধর্ম পরিবর্তনের প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘গৌরী স্প্র্যাট, কিরণ রাও কিংবা রীনা দত্ত—কেউই তাঁদের ধর্ম পরিবর্তন করেননি। কারণ, আমাদের সব বিয়েই সিভিল ম্যারেজ ছিল। গৌরী হিন্দুও নন, তিনি একজন খ্রিষ্টান। তবে তিনি নিয়মিত ধর্মচর্চাকারী খ্রিষ্টানও নন। সময়ের সঙ্গে জীবন আরও বেশি উপভোগ্য হয়ে উঠছে।’

আমিরের বক্তব্য অনুযায়ী, তাঁদের পরিবারে বহুদিন ধরেই ভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিয়ের নজির রয়েছে। তবে কোনো ক্ষেত্রেই ধর্ম পরিবর্তনের শর্ত ছিল না। পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতেই সম্পর্কগুলো গড়ে উঠেছে।

ব্যক্তিগত জীবনে এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি প্রথম বিয়ে করেন রীনা দত্তকে। প্রায় ১৬ বছরের সংসারের পর ২০০২ সালে বিচ্ছেদ হয় তাঁদের। এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। সেই সম্পর্কেরও ইতি ঘটে ২০২১ সালে।

সর্বশেষ ৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে একান্ত ঘরোয়া আয়োজনে ৪৭ বছর বয়সী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন ৬১ বছর বয়সী এই অভিনেতা। 

জানা গেছে, প্রায় ২৫ বছর আগে প্রথম পরিচয় হলেও দুই বছরের কিছু বেশি আগে আমিরের চাচাতো বোন নুজহাত খানের মাধ্যমে তাঁদের আবার যোগাযোগ হয়। পরে সেই বন্ধুত্ব গড়ায় সম্পর্কে।

এর আগে গত মার্চে নিজের ৬১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে গৌরী স্প্র্যাটকে পরিচয় করিয়ে দেন আমির।