• ই-পেপার

বিয়ের ৮ বছর পর মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী

প্রবল বৃষ্টি উপেক্ষা করেই চলছে আমিরের বিয়ের প্রস্তুতি

বিনোদন ডেস্ক
প্রবল বৃষ্টি উপেক্ষা করেই চলছে আমিরের বিয়ের প্রস্তুতি
সংগৃহীত ছবি

মুম্বাইজুড়ে টানা বৃষ্টির মধ্যেও থেমে নেই প্রস্তুতি। সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে আগামীকাল রবিবার (৫ জুলাই) দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান। বিশেষ এই আয়োজনকে ঘিরে সাজিয়ে তোলা হয়েছে তার পালি হিলের বাসভবন।

শনিবার সকাল থেকেই আমিরের বাড়িতে ব্যস্ত সময় পার করছেন সাজসজ্জার কর্মীরা। প্রবল বর্ষণের মধ্যেও আলোকসজ্জা, আসবাবপত্র আনা এবং অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রাখতে দেখা গেছে তাদের। অনেকেই রেইনকোট পরে কাজ করেছেন, যাতে আবহাওয়ার কারণে আয়োজনের কোনো ব্যাঘাত না ঘটে।

বিয়ের আগে একে একে আমিরের পরিবারের সদস্যদেরও বাসভবনে পৌঁছাতে দেখা গেছে। অনুষ্ঠানের প্রস্তুতিতে অংশ নিতে অভিনেতার বোনসহ ঘনিষ্ঠ স্বজনরা আগেভাগেই সেখানে উপস্থিত হয়েছেন।

জানা গেছে, আমির ও গৌরী শুরু থেকেই নিজেদের বিয়েকে ব্যক্তিগত রাখতে চেয়েছেন। তাই কোনো বিলাসবহুল ভেন্যু নয়, বরং অভিনেতার নিজ বাড়িতেই অনুষ্ঠিত হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবারের সদস্য এবং অল্প কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর কেউ এই আয়োজনে থাকছেন না।

কয়েক দিন আগে পরিচালক রাজকুমার হিরানির একটি ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে আমির নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, ৫ জুলাই তাদের জীবনের একটি বিশেষ দিন। তাই ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই ছোট পরিসরে নতুন জীবনের সূচনা করতে চান তারা। একই সঙ্গে সবার কাছে ভালোবাসা ও আশীর্বাদও কামনা করেন এই অভিনেতা।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন তিনি। এবার দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটের হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

আদালতের দ্বারস্থ প্রীতি জিনতা

বিনোদন ডেস্ক
আদালতের দ্বারস্থ প্রীতি জিনতা
সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ডিপফেক কনটেন্টের অপব্যবহারের অভিযোগে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী ও আইপিএল ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক প্রীতি জিনতা। নিজের ছবি, পরিচয় ও ব্যক্তিত্ব অনুমতি ছাড়াই ব্যবহার করে বিভ্রান্তিকর ও বাণিজ্যিক কনটেন্ট তৈরির অভিযোগ এনে তিনি মামলা করেছেন।

মামলায় গুগল এলএলসি, মেটা প্ল্যাটফর্মস, কয়েকটি ডোমেন নেম রেজিস্ট্রার, কয়েকজন চিহ্নিত ব্যক্তি এবং অজ্ঞাতপরিচয়ের (জন ডো) অভিযুক্তদের বিবাদী করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে একই ধরনের কনটেন্ট তৈরি বা ছড়িয়ে দেওয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।

আদালতে জমা দেওয়া আবেদনে অভিযোগ করা হয়েছে, অভিনেত্রীর সম্মতি ছাড়াই তার মুখাবয়ব ও পরিচয় ব্যবহার করে এআই-নির্ভর ডিপফেক ভিডিও, মরফড ছবি এবং ভুয়া চ্যাটবট-ধাঁচের কনটেন্ট তৈরি করা হয়েছে। এসব কনটেন্ট ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে।

প্রীতি জিনতার আইনজীবীর দাবি, আধুনিক এআই প্রযুক্তির কারণে ডিপফেক কনটেন্ট এতটাই বাস্তবসম্মত হয়ে উঠেছে যে সাধারণ ব্যবহারকারীদের জন্য আসল ও ভুয়া কনটেন্টের পার্থক্য করা কঠিন হয়ে পড়ছে। তাই আপত্তিকর কনটেন্ট দ্রুত অপসারণের পাশাপাশি ভবিষ্যতে এমন অপব্যবহার ঠেকাতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

মামলায় আরো বলা হয়েছে, প্রীতি জিনতার পরিচয় ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপন, প্রচারণামূলক উপকরণ এবং বিভিন্ন বাণিজ্যিক কনটেন্ট তৈরি করা হচ্ছে, যা তার ব্যক্তিত্বের অধিকার, গোপনীয়তা এবং নৈতিক অধিকারের লঙ্ঘন। এছাড়া তার নাম ব্যবহার করে পরিচালিত কিছু ওয়েবসাইটের সঙ্গে অভিনেত্রীর কোনো সম্পৃক্ততা নেই বলেও উল্লেখ করা হয়েছে।

শুনানিতে গুগল ও মেটার পক্ষের আইনজীবীরা আদালতকে জানান, নির্দিষ্ট ইউআরএল (URL) চিহ্নিত করে দেওয়া হলে সংশ্লিষ্ট ডিপফেক বা আপত্তিকর কনটেন্ট সরিয়ে দিতে তাদের আপত্তি নেই। তবে এমন কোনো বিস্তৃত নির্দেশ না দেওয়ার অনুরোধ জানান তারা, যাতে প্ল্যাটফর্মগুলোকে প্রতিটি কনটেন্ট নিয়মিত পর্যবেক্ষণের বাধ্যবাধকতায় পড়তে না হয়। 

তাদের দাবি, মামলায় উল্লেখ করা কয়েকটি লিংকে আপত্তিকর কোনো উপাদানও নেই।

অন্যদিকে, মামলার একটি ডোমেন নেম রেজিস্ট্রার আদালতকে জানিয়েছে, তারা শুধু ডোমেন নিবন্ধনের দায়িত্ব পালন করে। কোনো ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নিয়ন্ত্রণ কিংবা অপসারণের ক্ষমতা তাদের নেই।

মামলার শুনানিতে বিচারপতি মাধব জামদার বলেন, আদালতের নির্দেশ এমন হওয়া উচিত যাতে শুধুমাত্র বেআইনি ও আপত্তিকর কনটেন্ট সরানো হয়, অথচ বৈধ ও তথ্যভিত্তিক কনটেন্ট অযথা ক্ষতিগ্রস্ত না হয়। তিনি সব পক্ষকে আলোচনার মাধ্যমে দ্রুত আপত্তিকর কনটেন্ট শনাক্ত ও অপসারণের একটি কার্যকর পদ্ধতি তৈরির নির্দেশ দিয়েছেন।

এর আগে ডিজিটাল মাধ্যমে পরিচয় ও ব্যক্তিত্বের অপব্যবহারের অভিযোগে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউডের আরও কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন কার্তিক আরিয়ান, শত্রুঘ্ন সিনহা, শিল্পা শেঠি, অক্ষয় কুমার, সুনীল শেঠি, আশা ভোঁসলে এবং অরিজিৎ সিং।

উল্লেখ্য, গত ১৬ জুন বিচারপতি অভয় আহুজা প্রীতি জিনতাকে এ মামলা করার অনুমতি দেন। যদিও ৩ জুলাইয়ের শুনানিতে আদালত কোনো অন্তর্বর্তীকালীন (এক্স-পার্টে) নির্দেশ দেননি। আগামী ৬ জুলাই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা।

ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবের বিচারক মোশাররফ করিম

বিনোদন প্রতিবেদক
ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবের বিচারক মোশাররফ করিম
সংগৃহীত ছবি

প্রথমবার কোনো চলচ্চিত্র উৎসবের বিচারকের দায়িত্ব পেলেন অভিনেতা মোশাররফ করিম। সহবিচারক নয়, একেবারে প্রধান বিচারক।

বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুর—তিন দেশের উদ্যোগে আয়োজিত ‘বাভাসি চলচ্চিত্র উৎসব’-এর দশম আসরে প্রধান বিচারকের দায়িত্ব নিয়েছেন ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ অভিনেতা।

এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘বিচারক শব্দটা শুনতে যতটা সহজ মনে হয়, দায়িত্বটা কিন্তু তত সহজ নয়। তবে আমি জীবনে যেকোনো কাজে আমার সেরাটাই দেওয়ার চেষ্টা করি। আমার এত বছরের ক্যারিয়ারে এবারই প্রথম বিচারকের দায়িত্ব পেলাম। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।’

ওপেনিংয়েই ধাক্কা খেল আলিয়ার ‘আলফা’

বিনোদন ডেস্ক
ওপেনিংয়েই ধাক্কা খেল আলিয়ার ‘আলফা’
সংগৃহীত ছবি

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে এবার প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে দেখা গেল দুই নারীকে। আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত অ্যাকশন থ্রিলার ‘আলফা’ ঘিরে মুক্তির আগে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। টিজার ও ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে তৈরি হয়েছিল বেশ আলোচনা। তবে বক্স অফিসে প্রথম দিনের আয় সেই প্রত্যাশার সঙ্গে তাল মেলাতে পারেনি।

সিনেবাণিজ্য বিশ্লেষক প্রতিষ্ঠান স্যাকনিল্কের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার মুক্তি পাওয়া ‘আলফা’ প্রথম দিনে ভারতে প্রায় ৯ কোটি রুপি আয় করেছে। দেশের প্রায় ৭ হাজার ৫০০-এর বেশি পর্দায় মুক্তি পেলেও ওপেনিং কালেকশন এক অঙ্কের ঘরেই সীমাবদ্ধ রয়েছে।

এর ফলে যশরাজ স্পাই ইউনিভার্সের আগের সিনেমাগুলোর তুলনায় বেশ পিছিয়ে পড়েছে ‘আলফা’। শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তির প্রথম দিনেই ৫৭ কোটি রুপি আয় করেছিল। সালমান খানের ‘টাইগার ৩’-এর উদ্বোধনী দিনের আয় ছিল ৪৩ কোটি রুপি। অন্যদিকে হৃত্বিক রোশন অভিনীত ‘ওয়ার ২’ প্রথম দিনে ৫২ কোটি রুপি সংগ্রহ করে শক্তিশালী সূচনা করেছিল।

তবে আলিয়া ভাটের আগের সিনেমা ‘জিগরা’র তুলনায় ভালো শুরু করেছে ‘আলফা’। ‘জিগরা’ প্রথম দিনে আয় করেছিল প্রায় ৪ দশমিক ৫৫ কোটি রুপি। সে হিসাবে নতুন সিনেমাটি প্রায় দ্বিগুণ আয় নিয়ে যাত্রা শুরু করেছে।

‘আলফা’ যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে একটি নতুন সংযোজন। এতদিন এই ফ্র্যাঞ্চাইজিতে শাহরুখ খান, সালমান খান ও হৃত্বিক রোশনের মতো তারকাদের নেতৃত্বে অ্যাকশনধর্মী গল্প দেখা গেলেও এবার প্রথমবারের মতো দুই নারী গুপ্তচরের অভিযানকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে পুরো সিনেমা।

মুক্তির আগে সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার পাশাপাশি সমালোচনাও দেখা যায়। বিশেষ করে অ্যাকশন ঘরানায় আলিয়া ভাটকে নিয়ে বিভিন্ন মতামত উঠে আসে। তবে বক্স অফিসে সিনেমাটির প্রকৃত অবস্থান নির্ধারণে সপ্তাহান্তের আয়কে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইতিবাচক দর্শক প্রতিক্রিয়া থাকলে পরবর্তী দিনগুলোতে আয় বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।