বলিউডের সেরা নৃত্যশিল্পীদের তালিকায় সাধারণত সালমান খানের নাম খুব বেশি আসে না। তবে অভিনেতা বিন্দু দারা সিংয়ের মতে, এর কারণ তার নাচের দক্ষতার অভাব নয়। বরং সালমান খুব কম মহড়া করেও সহজেই নাচের স্টেপ আয়ত্ত করতে পারেন।
সম্প্রতি ‘কাড়াক’ ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে বিন্দু বলেন, সালমান খানের অসাধারণ স্মৃতিশক্তি ও সহজাত প্রতিভা রয়েছে। তিনি জানান, অন্য অনেক অভিনেতা যেখানে একটি গানের জন্য ১০-২০ দিন মহড়া করেন, সেখানে সালমান কোরিওগ্রাফারের কাছ থেকে স্টেপ একবার দেখেই শট দিতে শুরু করেন।
বিন্দুর জানান, সালমান আসেন, বসেন এবং জানতে চান তাকে কী করতে হবে। ড্যান্স মাস্টার স্টেপগুলো দেখিয়ে দেন, আর তিনি সঙ্গে সঙ্গে শুটিং শুরু করেন। কোনো অনুশীলন ছাড়াই তিনি স্টেপগুলো রপ্ত করে ফেলেন। যদি তিনি নিয়মিত মহড়া করতেন, তাহলে ইন্ডাস্ট্রির সেরা নৃত্যশিল্পীদেরও টেক্কা দিতে পারতেন।
‘ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া’, ‘পার্টনার’ ও ‘মুঝসে শাদি করোগি’ ছবিতে সালমানের সঙ্গে কাজ করেছেন বিন্দু। তার মতে, মহড়ার প্রতি অনাগ্রহের কারণেই অনেক সময় সালমানের নাচের প্রতিভা যথাযথ মূল্যায়ন পায় না।
তিনি আরো বলেন, সালমান যদি কোনো গানের জন্য ১০-১৫ দিন অনুশীলন করতেন, তাহলে তার মতো নৃত্যশিল্পী আর থাকত না। মানুষ তার পারফরম্যান্স দেখে অবাক হয়ে যেত।
সাক্ষাৎকারে ‘মুঝসে শাদি করোগি’ ছবির শুটিংয়ের একটি ঘটনাও তুলে ধরেন বিন্দু। তিনি জানান, শুটিং চলাকালে দিল্লিতে একটি লাইভ অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল সালমানের। কোরিওগ্রাফার মহড়ার জন্য সময় চাইলে সালমান একবার পুরো কোরিওগ্রাফি দেখে নেন এবং পরে সবাইকে চলে যেতে বলেন।
এ ঘটনায় অবাক হয়ে বিন্দু তাকে জিজ্ঞেস করেছিলেন, ‘যদি স্টেপ ভুলে যান?’ জবাবে সালমান মজা করে বলেন, ‘তাহলে শার্ট খুলে ফেলব।’
বিন্দুর মতে, সালমান খানের এই আত্মবিশ্বাস, সহজাত দক্ষতা এবং স্বতঃস্ফূর্ত পারফরম্যান্সই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। যদিও তার কিছু নাচের ভঙ্গি প্রায়ই সামাজিক মাধ্যমে মিমের বিষয় হয়, তবুও তিনি মনে করেন, সালমানের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই।





