• ই-পেপার

ইকরার মৃত্যু : আলভী এখন কোথায়?

বাংলাদেশে আসার জন্য জন্য উদগ্রীব হয়ে আছি: মধুমিতা

ইমরুল নূর
বাংলাদেশে আসার জন্য জন্য উদগ্রীব হয়ে আছি: মধুমিতা
সংগৃহীত ছবি

অবশেষে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের। দীর্ঘদিন ধরেই বাংলাদেশে তার কাজ করার গুঞ্জন শোনা গেলেও নানা কারণে তা বাস্তবায়ন হয়নি। তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটছে। 

‘গুলশানের চামেলি’র মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের বড় পর্দায় দেখা যাবে ‘পাখি’খ্যাত এই অভিনেত্রীকে।

জানা গেছে, ‘ডেডবডি’, ‘কিল হিম’ ও ‘রিভেঞ্জ’খ্যাত পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মধুমিতা। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

File:MadhumitaSarcar.jpg - Wikimedia Commons

কলকাতা থেকে মুঠোফোনে কালের কণ্ঠকে মধুমিতা সরকার বলেন, ‘আমি খুবই এক্সাইটেড কাজটি করার জন্য। অনেক বছর ধরেই আমার বিভিন্ন কাজে বাংলাদেশে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে সেটা আর হয়ে উঠেনি। অবশেষে সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে। শিগগিরই আমি আসছি।’

অভিনেত্রী জানান, কিছুদিন আগে তিনি ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। গল্প ও চরিত্র সম্পর্কে জানার পর কাজটির প্রতি আগ্রহ তৈরি হয় তার।

মধুমিতা বলেন, ‘গল্পটি খুবই দারুণ এবং চরিত্রটি আমার অনেক পছন্দ হয়েছে। কলকাতায় অনেক ধরণের কাজ করলেও এরকম চরিত্রে আমার কখনো কাজ করা হয়নি। চরিত্রটিতে অনেকগুলো লেয়ার রয়েছে, আমি খুবই এক্সাইটেড কাজটি করার জন্য।’

জানা গেছে, ‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে। গল্পের কেন্দ্রে থাকবেন একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার শিকার হন। সিনেমাটির বিশেষত্ব হলো, এতে প্রচলিত অর্থে কোনো নায়ক থাকছে না। পুরো গল্প আবর্তিত হবে একজন নারীকে ঘিরে। একই চরিত্রকে কখনো নায়িকা, আবার পরিস্থিতির কারণে ভিন্ন এক রূপে দেখা যাবে।

Madhumita Sarcar Age, Husband, Family, Biography, Instagram

সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর বা ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। তবে মধুমিতার বিপরীতে আর কারা অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘মাঝে তিন-চার মাসের একটা টাইমলাইন রয়েছে। এর পরেই ছবিটির শুটিং শুরু হতে পারে। তাছাড়া এখানে আর কে কে অভিনয় করছেন, এই বিষয়েও আমি এখনও কিছু জানিনা।’

বাংলাদেশে আসা নিয়ে বেশ উচ্ছ্বসিত মধুমিতা। তিনি জানান, বাংলাদেশের দর্শকদের ভালোবাসা তিনি অনেক আগে থেকেই অনুভব করেন।

তার কথায়, ‘কলকাতার বাইরে বাংলাদেশে অসংখ্য ভক্ত রয়েছে আমার। আমি বিভিন্ন সময়েই সেটা টের পাই। সেই ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিক থেকে আমি সেটা খেয়াল করেছি। আজকে আমি যা হয়েছি বা যতটুকু ভালোবাসা পাচ্ছি তার বেশিরভাগটুকু জুড়েই রয়েছেন বাংলাদেশি দর্শকেরা। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি সেখানে এসে তাদের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয়ে আছি।’

বাংলাদেশের নাটক, ওয়েব কনটেন্ট ও সিনেমাও নিয়মিত দেখেন মধুমিতা। তার পছন্দের তালিকায় রয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিপড়াবিদ্যা’, ‘টেলিভিশন’ ও ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’, পাশাপাশি গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’।

Madhumita, actress, bengali, HD phone wallpaper | Peakpx

বাংলাদেশের শিল্পীদের প্রতিও মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন, ‘বাংলাদেশের অনেক কাজ দেখা হয় আমার। তাদের গল্প বলার ধরণ, উপস্থাপন এত চমৎকার! কি দারুণভাবে গল্প উপস্থাপন করেন। আমার খুবই ভালো লাগে। পছন্দের শিল্পী অনেকেই আছেন, একজনের নাম বললে দেখা যাবে আরেকজন যদি মাইন্ড করে বসে। মোশাররফ করিম আমার পছন্দের, উনার সঙ্গে আমি কাজও করেছি। এছাড়া চঞ্চল চৌধুরীও আমার ভীষণ প্রিয়। তার সঙ্গে কাজ করতে চাই। এর বাইরে তো শাকিব খান রয়েছেন, যিনি কিনা সেখানকার সবচেয়ে হিট, সুপারস্টার। সুযোগ পেলে তার সঙ্গে কাজ করতে চাই।’

ছোট পর্দা থেকে বড় পর্দা—দুই মাধ্যমেই সমান জনপ্রিয় মধুমিতা সরকার। ‘বোঝে না সে বোঝে না’, ‘কেয়ার করি না’ ও ‘চিনি’সহ একাধিক কাজের মাধ্যমে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দর্শকদের কাছেও তিনি পরিচিত মুখ। 

এর আগে ২০১৬ সালে এনটিভিতে প্রচারিত ‘মেঘবালিকা’ নাটকে অভিনয় করেছিলেন তিনি। তবে ‘গুলশানের চামেলি’ হতে যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রে তার প্রথম কাজ।
 

নোলানের অনুপ্রেরণায় সত্যজিৎ রায়ের কালজয়ী ‘পথের পাঁচালী’

অনলাইন ডেস্ক
নোলানের অনুপ্রেরণায় সত্যজিৎ রায়ের কালজয়ী ‘পথের পাঁচালী’

সময়, স্মৃতি ও বৈজ্ঞানিক জটিলতাকে পর্দায় রূপ দেওয়া বিশ্বখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলান প্রকাশ করলেন তার প্রিয় চলচ্চিত্রের তালিকা। সম্প্রতি ‘ক্রাইটেরিয়ন ক্লোজেট’ পরিদর্শনের সময় হলিউডের এই মাস্টারমাইন্ড নিজের পছন্দের সিনেমাগুলোর একটি তালিকা তৈরি করেন। আর অরসন ওয়েলস, ডেভিড লিঞ্চ বা স্পাইক লি-র মতো কিংবদন্তিদের পেছনে ফেলে নোলান তার এই অভিজ্ঞতার শুরুটাই করেন সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র ‘পথের পাঁচালী’ (১৯৫৫) দিয়ে

নোলান জানান, ‘পথের পাঁচালী’ দেখে তিনি গভীরভাবে বিস্ময় প্রকাশ করেছিলেন এবং খুব শিগগিরই অপু ট্রিলজির বাকি দুটি পর্ব দেখার ইচ্ছা রাখেন। নোলানের মতে, এই সংকলনটি তার নিজের চলচ্চিত্র যাত্রার এক গোপন মানচিত্র। তার পছন্দের তালিকায় আরো রয়েছে অরসন ওয়েলসের ‘মিস্টার আরকাডিন’ ও ‘সিটিজেন কেন’, ফ্রিটজ ল্যাং-এর ‘দ্য টেস্টামেন্ট অফ ডক্টর মাবুসে’, স্পাইক লি-র ‘ম্যালকম এক্স’, ডেভিড লিঞ্চের ‘লস্ট হাইওয়ে’, রবার্ট অল্টম্যানের ‘দ্য প্লেয়ার’ এবং রিচার্ড লিঙ্কলেটারের ‘বয়হুড’-এর মতো বিখ্যাত সব সিনেমা।

নোলান প্রতিটি চলচ্চিত্রের পেছনে থাকা নিজের ব্যক্তিগত স্মৃতির কথাও তুলে ধরেন। তিনি প্রকাশ করেন যে, ফ্রিটজ ল্যাং-এর ‘দ্য টেস্টামেন্ট অফ ডক্টর মাবুসে’ ছবিটি তার বিখ্যাত ‘দ্য ডার্ক নাইট’ চলচ্চিত্রের ‘জোকার’ চরিত্রটি তৈরিতে দারুণ অনুপ্রেরণা জুগিয়েছিল। অন্যদিকে, ডেভিড লিঞ্চের ‘লস্ট হাইওয়ে’ প্রথমে তার কাছে দুর্বোধ্য মনে হলেও এটি যে তার অবচেতন মনে স্বপ্নের মতো স্থায়ী প্রভাব ফেলেছিল, তা অকপটে স্বীকার করেন। আবার স্পাইক লি-র ‘ম্যালকম এক্স’ ৭০ মিমি স্ক্রিনে দেখার স্মৃতিও তিনি রোমন্থন করেন।

আইম্যাক্স ক্যামেরা, পারমাণবিক বিস্ফোরণ বা সময়কে পেঁচিয়ে ফেলা জটিল গল্পের পেছনে ছোটা নোলান যে আড়ালে আবেগের গভীরতা ও ভিন্ন ধাঁচের চলচ্চিত্রের এক পরম অনুরাগী, তা এই তালিকা দেখলেই বোঝা যায়। সত্যজিৎ রায়ের গ্রামীণ বাংলার এক কিশোরের গল্পকে এভাবে বিখ্যাত সব হলিউড ও আন্তর্জাতিক মাস্টারপিসের পাশে স্থান দিয়ে নোলান কেবল ‘পথের পাঁচালী’র প্রতি সম্মানই জানাননি, বরং বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে ভারতীয় সিনেমার অন্যতম এই অর্জনকে আবারও নতুন করে স্মরণ করিয়ে দিলেন।

ইমরান হাশমির নায়িকা হতে চান তিশা

বিনোদন প্রতিবেদক
ইমরান হাশমির নায়িকা হতে চান তিশা
সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। ‘সিরিয়াল কিসার’ খ্যাত এই তারকার অভিনয় ও রোমান্টিক পর্দায় উপস্থিতির ভক্ত তিনি। সুযোগ পেলে একদিন ইমরানের বিপরীতে অভিনয় করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিশা।

সম্প্রতি একটি সেলিব্রিটি টক শোতে অতিথি হয়ে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অজানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। সেখানেই নিজের পছন্দের বলিউড অভিনেতার নাম জানিয়ে ভবিষ্যৎ ইচ্ছার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানের উপস্থাপক জানতে চান, বলিউডের কোন নায়কের বিপরীতে অভিনয় করার স্বপ্ন দেখেন তিনি। জবাবে কোনো দ্বিধা না রেখেই তিশা বলেন, ‘ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই। অভিনয়ে যে আবেগ ও প্যাশন উনি আনেন, তা সত্যি দারুণ। পর্দায় তার মতো করে এত সুন্দরভাবে কেউ ফুটিয়ে তুলতে পারেন না। তাকে খুব সাবলীল দেখায় এবং মনে হয় সবকিছু যেন বাস্তবেই ঘটছে।’

যে চরিত্রের জন্য এখনও আফসোস করেন তাসনুভা তিশা

শুধু অভিনয়জীবন নয়, অনুষ্ঠানে নিজের শৈশবের একটি স্বপ্নের কথাও জানান তিশা। তিনি বলেন, ছোটবেলায় তার ইচ্ছা ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার। তবে সেই স্বপ্ন নিয়ে বাবা প্রায়ই মজা করতেন।

তিশা জানান, তখন তিনি ছিলেন বেশ ছিপছিপে গড়নের। বিষয়টি নিয়ে হাস্যরস করে বাবা বলতেন, ‘আর্মির ভারী বন্দুক তো তুমি উঁচুই করতে পারবে না!’

কবে আসছে শুভ-ফারিয়ার ‘ঠিকানা বাংলাদেশ’?

বিনোদন প্রতিবেদক
কবে আসছে শুভ-ফারিয়ার ‘ঠিকানা বাংলাদেশ’?
সংগৃহীত ছবি

মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক লড়াইকে বড় পর্দায় তুলে আনছে সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’। দীর্ঘদিনের অপেক্ষার পর ছবিটি মুক্তির প্রস্তুতি শুরু করেছে। এরই অংশ হিসেবে ঐতিহাসিক ২৫ জুলাই প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার।

নির্মাতা অনম বিশ্বাস পরিচালিত সিনেমাটির পোস্টার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রচারণা কার্যক্রম। মুক্তিযুদ্ধের এক অনন্য অধ্যায়—স্বাধীন বাংলা ফুটবল দলের আত্মত্যাগ, দেশপ্রেম এবং সংগ্রামের গল্পই উঠে আসবে এই সিনেমায়।

১৯৭১ সালের ২৫ জুলাই ভারতের নদীয়া ফুটবল একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। বিদেশের মাটিতে প্রথমবার বাংলাদেশের লাল-সবুজের পতাকা বহন করে খেলতে নামা সেই ম্যাচ মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হয়। সেই ঐতিহাসিক ঘটনাকেই কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘ঠিকানা বাংলাদেশ’।

প্রকাশিত পোস্টারে যুদ্ধকালীন বাংলাদেশের প্রতীকী আবহ ফুটিয়ে তোলা হয়েছে। পানিতে ডুবে থাকা জনপদের সামনে এক ফুটবলারের ভাস্কর্য, আকাশে যুদ্ধবিমান এবং পাশে উড়তে থাকা বাংলাদেশের পতাকা—সব মিলিয়ে পোস্টারটি মুক্তিযুদ্ধ ও ফুটবলকে এক সুতোয় গেঁথে প্রতিরোধের শক্তিশালী বার্তা তুলে ধরেছে।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রেজওয়ান পারভেজ, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম ও শতাব্দী ওয়াদুদসহ আরও অনেক শিল্পী।

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে নির্মাতা অনম বিশ্বাস জানান, ‘ঠিকানা বাংলাদেশ’ এ বছরই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে ধীরে ধীরে প্রচারণামূলক কার্যক্রম শুরু করছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘ঠিকানা বাংলাদেশ’।

মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমায় শুধু যুদ্ধের গল্পই নয়, স্বাধীন বাংলা ফুটবল দলের মাঠের লড়াই, দেশপ্রেম এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলার সংগ্রামও তুলে ধরা হবে।

ইকরার মৃত্যু : আলভী এখন কোথায়? | কালের কণ্ঠ