অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতুর বহু প্রতীক্ষিত নতুন সিনেমা ‘ডিগার’-এর প্রথম ট্রেলার মুক্তি পেয়েছে। এই সিনেমার মাধ্যমে হলিউড তারকা টম ক্রুজকে পর্দায় একেবারে নতুন ও অচেনা এক লুকে দেখা গেছে। ট্রেলারে ধূসর রঙের আঁচড়ানো চুল, ভুঁড়ি ও আমেরিকার দক্ষিণাঞ্চলের টানে কথা বলতে দেখা গেছে এই অভিনেতাকে। আগামী অক্টোবর মাসের শুরুতে বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।
কমেডি-ড্রামা ঘরানার এই সিনেমায় টম ক্রুজ অভিনয় করেছেন ‘ডিগার রকওয়েল’ নামের এক তেল ব্যবসায়ীর চরিত্রে। নিজের তেল কম্পানির কারণে পৃথিবীতে একটি বড় পরিবেশগত বিপর্যয় নেমে আসে। এই মহাবিপর্যয় থেকে বিশ্বকে বাঁচাতে নিজেকে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ’ দাবি করে এক মরিয়া অভিযানে নামেন তিনি। লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে টম ক্রুজ বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। দর্শকরা পর্দায় একেবারে নতুন কিছু দেখতে পাবেন।’ সিনেমায় টম ক্রুজের সঙ্গে আরো অভিনয় করেছেন জন গুডম্যান, রিজ আহমেদ ও জেসি প্লেমন্সের মতো একঝাঁক জনপ্রিয় তারকা।
২০১৫ সালে অস্কারজয়ী ছবি ‘দ্য রেভেন্যান্ট’ বানানোর পরই পরিচালক ইনারিতুর মাথায় এই সিনেমার মূল ভাবনা আসে। তবে গল্পটি বলার সঠিক উপায় খুঁজে বের করতে এবং সিনেমাটি পর্দায় আনতে তার প্রায় ১০ বছর সময় লেগেছে। সিনেমাটির আরেকটি বিশেষত্ব হলো—এটি ১৯৫০-এর দশকের জনপ্রিয় অ্যানালগ হাই-ডেফিনিশন প্রযুক্তি ‘ভিস্তাভিশন’-এ ধারণ করা হয়েছে, যা দর্শকদের বড় পর্দায় ভিন্নধর্মী এক সিনেমাটিক অভিজ্ঞতা দেবে।




