• ই-পেপার

হাসপাতালে ভর্তি সব্যসাচী চক্রবর্তী

অবশেষে জানা গেল ‘দ্য রিং’ অভিনেত্রীর মৃত্যুর কারণ

বিনোদন ডেস্ক
অবশেষে জানা গেল ‘দ্য রিং’ অভিনেত্রীর মৃত্যুর কারণ
সংগৃহীত ছবি

হলিউডের জনপ্রিয় হরর সিনেমা ‘দ্য রিং’-এ ভয়ংকর ভূত ‘সামারা মরগান’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া মার্কিন অভিনেত্রী ডেভি চেজ গত ১৬ জুন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর।

ডেভি চেজ মারা যাওয়ার পর তাঁর ম্যানেজার জন রায়ান জুনিয়র বিবিসিকে জানিয়েছিলেন, লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার পর সেপসিসে তাঁর মৃত্যু হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনারের চূড়ান্ত প্রতিবেদনে তাঁর মৃত্যুর কারণ হিসেবে এইডসজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে। 

প্রতিবেদনে আরো বলা হয়, তাঁর মৃত্যুকে স্বাভাবিক হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। পাশাপাশি ‘ক্রনিক পলিসাবস্ট্যান্স ইউজ’—অর্থাৎ দীর্ঘদিন একাধিক মাদকদ্রব্য ব্যবহারের বিষয়টিকেও গুরুত্বপূর্ণ সহায়ক শারীরিক অবস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, অভিনেত্রীর বাবা জন ডেভিড শওয়ালিয়ার দ্য নিউইয়র্ক টাইমসকে জানান, মৃত্যুর আগে ডেভেই চেজ লস অ্যাঞ্জেলেসে তাঁর প্রেমিকের সঙ্গে বসবাস করছিলেন।

২০০২ সালে মুক্তি পাওয়া ‘দ্য রিং’ সিনেমায় সামারা মরগান চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন ডেভি চেজ। জাপানি হরর ক্লাসিকের এই মার্কিন রিমেকে টেলিভিশনের পর্দা ভেদ করে বেরিয়ে আসা দীর্ঘ চুলের ভয়ংকর ভূতের চরিত্রটি তাঁকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয়।

এই চরিত্রে অভিনয়ের জন্য ২০০৩ সালে এমটিভি মুভি অ্যাওয়ার্ডসে ‘সেরা ভিলেন’ পুরস্কারও জিতেছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে ডেভি চেজ বলেছিলেন, ‘এটি একেবারেই সাধারণ কোনো চরিত্র ছিল না। সাধারণত তারা হাসিখুশি শিশুচরিত্র খোঁজে, কিন্তু সামারা ছিল ভিন্ন ধরনের। আমি আমার নিজের কণ্ঠকে একটু ভয়ংকরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম।’

একই বছর তিনি ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এ লিলো চরিত্রে কণ্ঠ দেন। এই কাজের জন্য তিনি অ্যানি অ্যাওয়ার্ডে ‘সেরা ভয়েস অ্যাক্টিং ইন অ্যান অ্যানিমেটেড ফিচার’ পুরস্কার অর্জন করেন। পরবর্তীতে ‘লিলো অ্যান্ড স্টিচ’–এর একাধিক স্পিন-অফেও একই চরিত্রে কণ্ঠ দেন তিনি।

এ ছাড়া টেলিভিশনের জনপ্রিয় সিরিজ ‘চার্মড’, ‘ইআর’ এবং ‘টাচড বাই অ্যান অ্যাঞ্জেল’-এ অভিনয় করেন ডেভি চেজ। এইচবিওর আলোচিত সিরিজ ‘বিগ লাভ’-এ ‘রোন্ডা ভলমার’ চরিত্রে ৩২টি পর্বে অভিনয় করেও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

দীর্ঘ বিরতির পর আবারও প্লেব্যাকে ন্যান্সি-ইমরান

বিনোদন প্রতিবেদক
দীর্ঘ বিরতির পর আবারও প্লেব্যাকে ন্যান্সি-ইমরান
সংগৃহীত ছবি

বাংলা গানের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল আবারও একসঙ্গে গাইলেন। দীর্ঘদিন পর তাঁদের কণ্ঠ মিলছে একটি চলচ্চিত্রের গানে। নতুন এই দ্বৈত গানটি থাকছে ‘শিকার’ সিনেমায়।

‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের রোমান্টিক গানটির কথা লিখেছেন কবির বকুল। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। জানা গেছে, গত রবিবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

নতুন গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ন্যান্সি বলেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। গানটির কথা ও সুর এত চমৎকার যে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। অনেক দিন পর মনের মতো একটি চলচ্চিত্রের গান গাইলাম।’

দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রের গানে ইমরান-ন্যান্সি | চ্যানেল আই অনলাইন

ন্যান্সির সঙ্গে নতুন গান নিয়ে ইমরান মাহমুদুল বলেন, ‘বাংলা গানের অনন্য কণ্ঠ ন্যান্সি। তাঁর সঙ্গে দ্বৈত গান মানেই আমার জন্য বিশেষ কিছু। তাই নতুন গানটি করেও ভীষণ আনন্দিত।’

কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। থ্রিলারধর্মী এ সিনেমার পুরো শুটিং হবে নেপালে। এ সপ্তাহেই শুটিংয়ের জন্য দেশটিতে যাচ্ছেন সিনেমার শিল্পী ও কলাকুশলীরা।

অপু বিশ্বাস ও মুরতজা পলাশ ছাড়াও ‘শিকার’ সিনেমায় অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপুসহ আরো অনেকে।

থালাপতির পর এবার রাজনীতিতে আসছেন সুরিয়া?

বিনোদন ডেস্ক
থালাপতির পর এবার রাজনীতিতে আসছেন সুরিয়া?
সংগৃহীত ছবি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকেই ভক্তদের কৌতূহল তার পথেই কি হাঁটবেন আরেক তারকা সুরিয়া? সম্প্রতি এমনই একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযো গমাধ্যমে। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছে অভিনেতার ফ্যান ক্লাব।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সুরিয়ার ফ্যান ক্লাবের প্রশাসনিক সদস্যদের এক বৈঠকে অভিনেতার এক অনুরাগী আর বীরমণি মন্তব্য করেন, ‘সময় যদি চায়, স্রষ্টা যদি চান, তবে কাউকে জননেতা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।’

এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় জোর আলোচনা। অনেকেই ধরে নেন, এটি সুরিয়ার রাজনীতিতে আসার ইঙ্গিত। মুহূর্তেই বিষয়টি নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে।

তবে গুঞ্জন ছড়ানোর পরপরই এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করে সুরিয়ার ফ্যান ক্লাব। সেখানে বলা হয়, একজন ভক্তের ব্যক্তিগত মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে সেটিকে ফ্যান ক্লাবের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

বিবৃতিতে আরো জানানো হয়, বীরমণি গত তিন বছর ধরে ফ্যান ক্লাবের প্রশাসনিক কমিটির সদস্য নন। তাই তাঁর মন্তব্যের সঙ্গে ফ্যান ক্লাবের কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে বিশ্বাস না করারও আহ্বান জানানো হয়েছে।

রাজনীতিতে সুরিয়ার যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও স্পষ্ট অবস্থান জানানো হয়েছে বিবৃতিতে। এতে বলা হয়, ‘অভিনেতা সুরিয়ার রাজনীতিতে আসার কোনো ইচ্ছা নেই। নিজের সংস্থা এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে মানুষের সেবা করেই তিনি আনন্দ ও তৃপ্তি পান।’

এদিকে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন সুরিয়া। বর্তমানে তিনি ‘বিশ্বনাথ অ্যান্ড সন্‌স’ এবং ‘সুরিয়া ৪৭’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। শিগগিরই সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা। এর আগে তাঁর অভিনীত ‘করুপ্পু’ বক্স অফিসে সফলতা পেয়েছে।

বাথরুমে স্যুটকেসে মিলল মডেলের মরদেহ

বিনোদন ডেস্ক
বাথরুমে স্যুটকেসে মিলল মডেলের মরদেহ
সংগৃহীত ছবি

কলম্বিয়ার রাজধানী বোগোতার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে জনপ্রিয় মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাটালিয়া ভিয়ালবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাথরুমে রাখা একটি ট্রাভেল স্যুটকেসের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে ব্রিটিশ নাগরিক ম্যাথিউ অ্যাশলে ফস্টার-স্মিথকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর ম্যাথিউ অ্যাশলে ফস্টার-স্মিথ ছদ্মনাম ব্যবহার করে জাল পাসপোর্টের মাধ্যমে কলম্বিয়া ছেড়ে ইকুয়েডরে পালিয়ে যান। পরে কলম্বিয়া, ইকুয়েডর ও যুক্তরাজ্যের ডরসেট পুলিশের যৌথ অভিযানে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গত ২৬ জুন ইকুয়েডরের কিতো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায়, নাটালিয়া একা থাকার সময় অভিযুক্ত ওই ফ্ল্যাটে প্রবেশ করেন এবং তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ঘটনাটি আড়াল করতে মরদেহ একটি ট্রাভেল স্যুটকেসে ভরে বাথরুমে লুকিয়ে রাখা হয়।

তদন্তকারীদের হাতে থাকা সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিকে ফ্ল্যাট থেকে বিছানার চাদর ও অন্যান্য সামগ্রী সরিয়ে নিতে দেখা গেছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ৩ জুন থেকে ওই অ্যাপার্টমেন্টে অবস্থান করছিলেন নাটালিয়া ভিয়ালবা। ২১ জুনের মধ্যে তাঁর ফ্ল্যাট ছাড়ার কথা ছিল। তবে ২২ জুন পরিচ্ছন্নতার জন্য অ্যাপার্টমেন্টে গিয়ে একজন পরিচ্ছন্নতাকর্মী বাথরুমে থাকা স্যুটকেস খুলে তাঁর মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

গ্রেপ্তারের এক দিন আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাথিউ অ্যাশলে ফস্টার-স্মিথ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। 

তিনি বলেন, ‘আমি আইরিশ বারের বড় স্ক্রিনে ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার ম্যাচ দেখছিলাম। ফলে হত্যাকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ম্যাচ শেষ হওয়ার পর আমি শপিং সেন্টারে গিয়েছিলাম। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আইসক্রিম কিনেছি। পরে বাকি ম্যাচগুলো দেখার জন্য আবার ফিরে এসেছি।’

তবে ব্রিটিশ পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্তের বিরুদ্ধে যুক্তরাজ্যে আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। ২০২৩ সালে এক ব্যক্তিকে উত্ত্যক্ত ও হয়রানির দায়ে তিনি দুই বছরের কারাদণ্ড ভোগ করেছিলেন।

ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। হত্যার উদ্দেশ্য এবং ঘটনার পূর্ণ বিবরণ জানতে বিভিন্ন আলামত ও ডিজিটাল তথ্য বিশ্লেষণ করছে কলম্বিয়ার তদন্তকারী সংস্থাগুলো।

হাসপাতালে ভর্তি সব্যসাচী চক্রবর্তী | কালের কণ্ঠ