• ই-পেপার

অবশেষে জানা গেল ‘দ্য রিং’ অভিনেত্রীর মৃত্যুর কারণ

‘প্রতারণা করলেও বিয়ে ভাঙা উচিত নয়’, অভিনেতার মন্তব্যে তুমুল বিতর্ক

বিনোদন ডেস্ক
‘প্রতারণা করলেও বিয়ে ভাঙা উচিত নয়’, অভিনেতার মন্তব্যে তুমুল বিতর্ক
সংগৃহীত ছবি

বিবাহিত সম্পর্কে পরকীয়া বা প্রতারণা কি বিচ্ছেদের যথেষ্ট কারণ? এমন স্পর্শকাতর বিষয় নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় টেলিভিশন অভিনেতা রাম কাপুর। রিয়্যালিটি শো ‘লক আপ’-এ দেওয়া তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

অনুষ্ঠানে রাম কাপুর বলেন, কোনো ব্যক্তি ভুলবশত সঙ্গীর সঙ্গে প্রতারণা করলেও, শুধু সেই কারণেই একটি দীর্ঘ দিনের বৈবাহিক সম্পর্ক ভেঙে দেওয়া উচিত নয়। তাঁর এই মন্তব্যের পরই নেটিজেনদের একাংশ তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।

রামের বক্তব্যের জবাবে সহ-প্রতিযোগী শ্রেয়া কালরা প্রশ্ন করেন, যদি তিনি নিজেই জানতে পারেন তাঁর জীবনসঙ্গী তাঁকে প্রতারণা করেছেন, তাহলে কি তিনিও অন্য সম্পর্কে জড়াবেন? জবাবে রাম সেই ধারণা নাকচ করে দেন। 

তাঁর মতে, বিবাহিত জীবন সহজ নয় এবং একটি ভুলের কারণে সম্পর্ক শেষ করে দেওয়া সমাধান হতে পারে না।

নিজের অবস্থান ব্যাখ্যা করে রাম কাপুর বলেন, ‘যদি আপনি সত্যিই আপনার সঙ্গীকে ভালোবাসেন, তবে কোনও পরিস্থিতিই বিয়ে ভাঙার কারণ হতে পারে না। ২০-২৫ বছরের দীর্ঘ দাম্পত্যে ভালো ও খারাপ—দুই সময়ই আসে। খারাপ সময়ে যদি কেউ ভুলবশত কোনও ভুল পদক্ষেপ করে ফেলে, আর আপনি যদি তাঁকে বা আপনাদের সন্তানদের ছাড়া বাঁচতে না পারেন, তবে সময় সব ঠিক করে দেয়। একটা ভুল কখনও সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না।’

তবে তাঁর এই বক্তব্যের সঙ্গে একমত হননি অনুষ্ঠানের আরেক প্রতিযোগী আকাঙ্ক্ষা চমোলা। তিনিও এ বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেন।

প্রতারণা নিয়ে তারকাদের মন্তব্য অবশ্য নতুন নয়। কয়েক মাস আগে অভিনেত্রী কাজল ও টুইঙ্কেল খান্নাও নিজেদের একটি অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছিলেন। তাঁদের মতে, শুধু শারীরিক সম্পর্ক নয়, বরং সম্পর্কে থাকা অবস্থায় মানসিকভাবে অন্য কারও প্রতি আকৃষ্ট হওয়াও প্রতারণার শামিল।

তবে সে সময় কাজল ও টুইঙ্কেলের এই মতের বিরোধিতা করেছিলেন রাম কাপুরের স্ত্রী ও অভিনেত্রী গৌতমী কাপুর। তিনি বলেছিলেন, ‘যে কোনও ধরনের প্রতারণাই আমার কাছে অন্যায়। যে কোনও ফাঁকিই আসলে প্রতারণা।’

স্বামীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে গৌতমী কাপুর এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।

এদিকে রাম কাপুরের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ তাঁর সমালোচনায় সরব হয়েছেন। কেউ মন্তব্যটিকে ‘পুরুষতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ’ বলছেন, আবার কেউ একে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছেন। একজন লিখেছেন, ‘একেবারে পুরুষতান্ত্রিক মানসিকতা।’ আরেকজনের মন্তব্য, ‘অসহ্য চিন্তাভাবনা! এসব যুক্তি শুনতেও ভালো লাগে না।’

সব মিলিয়ে, রাম কাপুরের এই মন্তব্য এখন ভারতীয় বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।
 

বাংলায় আসছে জনপ্রিয় তুর্কি সিরিজ

বিনোদন প্রতিবেদক
বাংলায় আসছে জনপ্রিয় তুর্কি সিরিজ
সংগৃহীত ছবি

মুসলিম বিশ্বের কিংবদন্তি বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও বীরত্বগাথা নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার বাংলা ভাষায় উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা। নাগরিক টিভি ও বঙ্গ-এর যৌথ উদ্যোগে আগামী ২ আগস্ট থেকে শুরু হচ্ছে সিরিজটির বাংলা সম্প্রচার।

এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় বঙ্গ প্ল্যাটফর্মে প্রচারিত হবে সিরিজটি।

ঐতিহাসিক এই সিরিজের কাহিনি আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র জেরুজালেম পুনরুদ্ধারের সংগ্রামকে ঘিরে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার রাজনৈতিক ও সামরিক প্রচেষ্টা, ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই এবং সুলতান সালাহউদ্দিন আইয়ুবির অসাধারণ নেতৃত্ব ও বীরত্বগাথা এতে তুলে ধরা হয়েছে।

তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সিরিজটিতে বিশাল সেট, দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি, বাস্তবধর্মী যুদ্ধদৃশ্য এবং শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক প্রেক্ষাপটকে জীবন্ত করে উপস্থাপন করা হয়েছে।

নাগরিক টিভির চেয়ারম্যান নাভিদুল হক বলেন, ‘দর্শকদের জন্য বিশ্বমানের কনটেন্ট উপস্থাপনের ধারাবাহিকতায় আমরা এই সিরিজটি নিয়ে আসছি। আমাদের এই উদ্যোগ দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে।’

দীর্ঘ বিরতির পর আবারও প্লেব্যাকে ন্যান্সি-ইমরান

বিনোদন প্রতিবেদক
দীর্ঘ বিরতির পর আবারও প্লেব্যাকে ন্যান্সি-ইমরান
সংগৃহীত ছবি

বাংলা গানের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল আবারও একসঙ্গে গাইলেন। দীর্ঘদিন পর তাঁদের কণ্ঠ মিলছে একটি চলচ্চিত্রের গানে। নতুন এই দ্বৈত গানটি থাকছে ‘শিকার’ সিনেমায়।

‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের রোমান্টিক গানটির কথা লিখেছেন কবির বকুল। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। জানা গেছে, গত রবিবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

নতুন গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ন্যান্সি বলেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। গানটির কথা ও সুর এত চমৎকার যে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। অনেক দিন পর মনের মতো একটি চলচ্চিত্রের গান গাইলাম।’

দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রের গানে ইমরান-ন্যান্সি | চ্যানেল আই অনলাইন

ন্যান্সির সঙ্গে নতুন গান নিয়ে ইমরান মাহমুদুল বলেন, ‘বাংলা গানের অনন্য কণ্ঠ ন্যান্সি। তাঁর সঙ্গে দ্বৈত গান মানেই আমার জন্য বিশেষ কিছু। তাই নতুন গানটি করেও ভীষণ আনন্দিত।’

কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। থ্রিলারধর্মী এ সিনেমার পুরো শুটিং হবে নেপালে। এ সপ্তাহেই শুটিংয়ের জন্য দেশটিতে যাচ্ছেন সিনেমার শিল্পী ও কলাকুশলীরা।

অপু বিশ্বাস ও মুরতজা পলাশ ছাড়াও ‘শিকার’ সিনেমায় অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপুসহ আরো অনেকে।

থালাপতির পর এবার রাজনীতিতে আসছেন সুরিয়া?

বিনোদন ডেস্ক
থালাপতির পর এবার রাজনীতিতে আসছেন সুরিয়া?
সংগৃহীত ছবি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকেই ভক্তদের কৌতূহল তার পথেই কি হাঁটবেন আরেক তারকা সুরিয়া? সম্প্রতি এমনই একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযো গমাধ্যমে। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছে অভিনেতার ফ্যান ক্লাব।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সুরিয়ার ফ্যান ক্লাবের প্রশাসনিক সদস্যদের এক বৈঠকে অভিনেতার এক অনুরাগী আর বীরমণি মন্তব্য করেন, ‘সময় যদি চায়, স্রষ্টা যদি চান, তবে কাউকে জননেতা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।’

এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় জোর আলোচনা। অনেকেই ধরে নেন, এটি সুরিয়ার রাজনীতিতে আসার ইঙ্গিত। মুহূর্তেই বিষয়টি নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে।

তবে গুঞ্জন ছড়ানোর পরপরই এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করে সুরিয়ার ফ্যান ক্লাব। সেখানে বলা হয়, একজন ভক্তের ব্যক্তিগত মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে সেটিকে ফ্যান ক্লাবের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

বিবৃতিতে আরো জানানো হয়, বীরমণি গত তিন বছর ধরে ফ্যান ক্লাবের প্রশাসনিক কমিটির সদস্য নন। তাই তাঁর মন্তব্যের সঙ্গে ফ্যান ক্লাবের কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে বিশ্বাস না করারও আহ্বান জানানো হয়েছে।

রাজনীতিতে সুরিয়ার যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও স্পষ্ট অবস্থান জানানো হয়েছে বিবৃতিতে। এতে বলা হয়, ‘অভিনেতা সুরিয়ার রাজনীতিতে আসার কোনো ইচ্ছা নেই। নিজের সংস্থা এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে মানুষের সেবা করেই তিনি আনন্দ ও তৃপ্তি পান।’

এদিকে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন সুরিয়া। বর্তমানে তিনি ‘বিশ্বনাথ অ্যান্ড সন্‌স’ এবং ‘সুরিয়া ৪৭’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। শিগগিরই সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা। এর আগে তাঁর অভিনীত ‘করুপ্পু’ বক্স অফিসে সফলতা পেয়েছে।