মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে তেজগাঁও থানা বিএনপি পরিবারের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের সামনে থেকে একটি র্যালি বের করে নাখালপাড়া হয়ে নাবিস্কো মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হন তারা। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য ও তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী, আবু সুফিয়ান দুলাল, মুজাহিদুর রহমান, রইছ উদ্দিন, সাফিজুর রহমান, আবদুল বাসেদ, আবু বকর সিদ্দিক, গোলাম হোসেন মানিক, তারিকুল ইসলাম বাহালুল, সালামত খান সজিব, খাইরুল ইসলাম সেলিম, জালাল আহমেদ, মশিউর রহমান সোহান, আখতার হোসেন, মাহবুবুল আলম রাজন, কামাল মাহমুদসহ তেজগাঁও থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, ‘মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। আসুন, আমরা সবাই মাদককে ‘না’ বলি এবং এর বিরুদ্ধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলি। পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে, তাহলেই একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।’
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করি। দেশ ও সমাজকে মাদক, সন্ত্রাস এবং সব ধরনের অপরাধমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশে বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ দুই সামাজিক ব্যাধি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।







