রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় ছিনতাইকারীর ছোড়া ইটে আহত হয়ে চলন্ত মোটরসাইকেল চালক সাজিদ চৌধুরী রাফি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকদের ভাষ্য, তিনি এখনো শঙ্কামুক্ত নন। রাফির মা তানিয়া চৌধুরী দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘আমার ছেলের অবস্থা খুবই খারাপ। সবাই তার জন্য দোয়া করবেন।’
এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। গ্রেপ্তাররা হলেন মো. ফয়সাল ও মো. কালু (২৭)।
আরো পড়ুন
ক্ষতিগ্রস্ত ফুসফুসের চিকিৎসায় আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দাবি করেন, মোটরসাইকেলচালক রাফির সঙ্গে তাদের ব্যাবসায়িক বিরোধ ছিল। সেই বিরোধ থেকেই আগে একাধিকবার বাগবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাকে থামানোর চেষ্টা করা হয়। প্রথমে কালু মোটরসাইকেল থামাতে ব্যর্থ হন। পরে আগে থেকে অবস্থান নেওয়া পারভেজ একটি ইটের টুকরো ছুড়ে রাফির মাথায় আঘাত করেন। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন।
স্বজনদের দাবি, হামলায় জড়িতদের মধ্যে পারভেজ ও কালু নামে দুই যুবক রয়েছেন। তাদের বিরুদ্ধে কাফরুল থানায় একাধিক মামলা রয়েছে বলেও অভিযোগ করেন তারা।
স্বজনদের ভাষ্য, রাফি পৈতৃক সূত্রে উল্লেখযোগ্য সম্পত্তির মালিক। তার কিছু সম্পত্তি দীর্ঘদিন ধরে অন্য আত্মীয়রা ভোগদখল করে আসছেন। এ নিয়ে পারিবারিক বিরোধও রয়েছে। রাফির বাবা মানসিকভাবে অসুস্থ এবং মা প্রবাসে থাকতেন। ফলে পারিবারিক সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী রাফিই।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, বুধবার দিবাগত রাতে রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী সড়কে ইট ছুড়ে বাইক ছিনতাইয়ের ঘটনা ঘটে। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশবাসীকে চমকে দেয়। পরে খবর পেয়ে পুলিশ বাইক উদ্ধার করে এবং র্যাবের অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়।