• ই-পেপার

মানবপাচার রোধে কক্সবাজারে শত কিলোমিটার রোড শো

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি: লুট হওয়া শটগান উদ্ধার

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি: লুট হওয়া শটগান উদ্ধার
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের কাছ থেকে ডাকাতিতে লুট হওয়া শটগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর মধ্য দিয়ে আলোচিত এ ডাকাতির ঘটনায় লুট হওয়া দুটি শটগানই উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান।

এর আগে শুক্রবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে রূপগঞ্জ থানার চনপাড়া ৯ নম্বর ওয়ার্ডে জলিলের জমির পাশের ধইঞ্চা ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় লুট হওয়া দ্বিতীয় শটগানটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২ জুলাই ভোরে বন্দর থানার হরিপুর ২৭ নম্বর ওয়ার্ডের ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রের নদীঘাটসংলগ্ন ডিউটি পোস্টে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য সৈকত মিয়া ও মো. মনিরুজ্জামান মুন্সী। এসময় ইঞ্জিনচালিত নৌকায় করে আসা ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে দুটি শটগান লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় প্লাটুন কমান্ডার মো. মনির মিয়া বাদী হয়ে বন্দর থানায় ডাকাতি মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বলেন, ‘১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রে সংঘটিত ডাকাতির ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করে লুট হওয়া দুটি শটগানই উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ মামলার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।’

প্রসঙ্গত, গত ১৩ জুলাই একই মামলায় একটি শটগান উদ্ধার এবং একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। সর্বশেষ উদ্ধার অভিযানের মাধ্যমে ডাকাতির ঘটনায় লুট হওয়া দুটি শটগানই উদ্ধার করা হয়েছে।

কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ধরল পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ধরল পুলিশ
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুশীলকে (৪৫) নওগাঁর নিয়ামতপুর উপজেলার একটি ফসলের মাঠ থেকে কৃষকের ছদ্মবেশে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিয়ামতপুর থানার রাওতা গ্রামের একটি মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুশীল নাচোল উপজেলার রাজবাড়ীহাট টাওয়ারপাড়া গ্রামের মৃত শুকান্তের ছেলে।

পুলিশ জানায়, নাচোল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কৃষকের বেশে অভিযান পরিচালনা করেন। এ সময় সুশীলও কৃষকের ছদ্মবেশে মাঠে কাজ করছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ২০১৭ সালের একটি মাদক মামলায় চলতি বছর আদালত সুশীলকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

টাঙ্গাইলে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক গ্রেপ্তার
অভিযুক্ত হাসান সাব্বির। সংগৃহীত ছবি

টাঙ্গাইলের সখীপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান সাব্বির (২৫) নামের এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুর দুইটার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাসান ওই এলাকার সোনা মিয়ার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, দুপুরে ভুক্তভোগী শিশু বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী ও পল্লী চিকিৎসক হাসান শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি বিষয়টি তার মাকে জানালে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি এবংএকপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়রা ওই অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এদিকে ওই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান সাব্বির নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল পাঠানো হবে।’

ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতালের ডাক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতালের ডাক
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামের নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর সুবিধাজনক ও যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ।

ঘোষণা অনুযায়ী, আগামীকাল রবিবার (২৬ জুলাই) ভোর থেকে টানা ৪৮ ঘণ্টা খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়ক, মিরসরাই-ফটিকছড়ি সড়ক এবং হেয়াকো-চট্টগ্রাম সড়কে এ হরতাল পালন করা হবে।

হরতালের সমর্থনে শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাগান বাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে সদর দপ্তরের স্থান পরিবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক নুরুল আমিন আজাদ বলেন, “সদ্যঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যে স্থানে (পশ্চিম ভূজপুর মৌজা) নির্ধারণ করা হয়েছে, তা পুরনো ফটিকছড়ি সদর দপ্তরের খুব কাছাকাছি। এতে উত্তরাঞ্চলের প্রান্তিক মানুষের দীর্ঘদিনের ভোগান্তির সমাধান হবে না। দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের মধ্যবর্তী সুবিধাজনক স্থানে সদর দপ্তর স্থাপন করতে হবে।”

তিনি আরো বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

প্রসঙ্গত, গত ৮ জুলাই ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ করা হয়। তবে সদর দপ্তরের অবস্থান নিয়ে আপত্তি জানিয়ে দাঁতমারা, বাগান বাজার ও নারায়ণহাট ইউনিয়নের বাসিন্দারা শুরু থেকেই আন্দোলন করে আসছেন।