টাঙ্গাইলের সখীপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান সাব্বির (২৫) নামের এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুর দুইটার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাসান ওই এলাকার সোনা মিয়ার ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, দুপুরে ভুক্তভোগী শিশু বাড়ির উঠোনে খেলছিল। এ সময় প্রতিবেশী ও পল্লী চিকিৎসক হাসান শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি বিষয়টি তার মাকে জানালে দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটি এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়রা ওই অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এদিকে ওই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান সাব্বির নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল পাঠানো হবে।’




