• ই-পেপার

আমরা দলীয় অন্ধত্ব বিশ্বাস করি না : ভূমিমন্ত্রী মিনু

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় এক স্কুলছাত্র এবং পাকুন্দিয়া উপজেলায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হন।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা এবং পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল এলাকার বাসা থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তুহিন (১০) সাইকেল নিয়ে জনতা স্কুল রোড এলাকায় বের হয়। এ সময় একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত তুহিন কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত পুলিশ সদস্য সামছুলের ছেলে।

অন্যদিকে, সকাল ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার চিলকারা এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কে কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশে যাওয়া একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও মাইক্রোবাস দুটিই সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নিহত হন। তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ কিশোরগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি
ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে ভৈরব নদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব নদের জোয়ারের পানিতে কচুরিপানার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখা যায়। পরে খবর পেয়ে নওয়াপাড়া নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নওয়াপাড়া নৌপুলিশের ইনচার্জ এসআই রনজিৎ সেন বলেন, ভৈরব নদের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে মরদেহটি ভেসে এসেছে। দীর্ঘদিন পানিতে থাকায় চেহারা বিকৃত হয়ে গেছে।

তিনি আরো জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিদ্ধিরগঞ্জে আ. লীগের ২ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে আ. লীগের ২ সদস্য গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে মাদানীনগরের নিমাইকাশাড়ি এলাকা থেকে সমাবেশের নেতৃত্বদানকারী হিসেবে অভিযুক্ত মাসুদ মিয়া (২৮) এবং একই দিন রাতে বাগমারা এলাকা থেকে ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাহুলকে (২৫) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২২ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগর এলাকায় আল-আমিন গার্মেন্টের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সদস্যরা সরকারবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনায় জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তী সময়ে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের তথ্যের ভিত্তিতে ১৮ জনের নাম উল্লেখ করে এবং আরো ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মাসুম বিল্লাহ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘দেশবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকায় নিষিদ্ধ সংগঠনের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরো জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ৯

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ৯
সংগৃহীত ছবি

টেকনাফের নোয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত ৭ জন এবং ওয়ারেন্টভুক্ত একজন আসামি রয়েছেন। এ সময় একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি ও ২২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টেকনাফের নোয়াপাড়া রেজিস্টার্ড এফডিএমএন ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

অভিযানের সার্বিক নেতৃত্বে ছিলেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), আরআরআরসির প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) এবং টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) উপস্থিত থেকে অভিযান তদারকি করেন।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এ ধরনের যৌথ অভিযান ক্যাম্প এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, মাদক, অস্ত্র, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।