• ই-পেপার

হাঁস চুরির সময় হাতেনাতে ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে মুক্তি

জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসার সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুপারের নাম সাইদুর রহমান। 

মাদরাসা সূত্রে জানা যায়, মাদরাসার সুপার সাইদুর রহমান জাল সনদে কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসায় একজন শিক্ষক নিয়োগ দিয়েছেন। এ ঘটনায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে জনস্বার্থে কুড়িগ্রাম আদালতে মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। 

সিআইডি তদন্ত শেষ প্রতিবেদন দাখিল করলে আদালত সাইদুর রহমানকে সশরীরে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন। সাইদুর রহমান আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে আদালত। ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ মাদরাসা সুপার সাইদুর রহমানকে গ্রেপ্তার করে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘আদালতে দায়ের করা মামলায় ওয়ারেন্ট জারি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

প্রসঙ্গত, সাইদুর রহমান এর আগেও একবার নিয়োগ জালিয়াতির মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। সাইদুর রহমান তার অপকর্ম ধামাচাপা দিতে নিজেকে ‘দৈনিক শিরোমণি’ নামক পত্রিকার সাংবাদিক দাবি করতেন।

সন্দ্বীপ থেকে নিখোঁজ স্কুলছাত্রী বুড়িচংয়ে উদ্ধার

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
সন্দ্বীপ থেকে নিখোঁজ স্কুলছাত্রী বুড়িচংয়ে উদ্ধার

চট্টগ্রামের সন্দ্বীপ থেকে নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার আনিশাকে (১২) কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজার এলাকা থেকে উদ্ধার হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আনিশার বাবা শাহাদাত ও তার বাবার বন্ধু ব্যবসায়ী আমির হোসেন আজাদ।

এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল দেড়টার দিকে সন্দ্বীপ আনন্দ পাঠশালা স্কুলের গেট থেকে আনিশা নিখোঁজ হয়। সে সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তালতলী বাজার এলাকার ব্যবসায়ী শাহাদাতের মেয়ে এবং আনন্দ পাঠশালার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আনিশাকে তাদের বাড়ির পাশের একটি মুরগির খামারের কর্মরত এক যুবকের সঙ্গে স্কুলগেট থেকে বের হতে। ওই যুবকের বাড়ি রংপুরে। পারিবারিক পরিচয়ের কারণে অতীতেও জরুরি প্রয়োজনে তার মাধ্যমে আনিশাকে স্কুল থেকে আনা হয়েছিল। ঘটনার দিন যুবকটি তার মায়ের অসুস্থতার কথা বলে আনিশাকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়।

সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সন্দ্বীপ থানা পুলিশ অটোরিকশার চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে প্রযুক্তির সহায়তায় পুলিশ নিশ্চিত হয়, ওই যুবক আনিশাকে নিয়ে সেদিনই সন্দ্বীপ ত্যাগ করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। ফেসবুকে মুহাম্মদ সারোয়ার ঠাকুর নামে এক ব্যক্তি দাবি করেন, বিকেল ৩টার দিকে তিনি কুমিরা-গুপ্তছড়া নৌরুটের একটি সার্ভিস ট্রলারের কেবিনে স্কুলড্রেস পরা আনিশাকে দেখেছিলেন।

আনিশার বাবার বন্ধু আমির হোসেন আজাদ জানান, অপহরণকারী মেয়েটিকে কোনো ওষুধ প্রয়োগ করে অস্বাভাবিক অবস্থায় সীতাকুণ্ডের কুমিরা হয়ে কুমিল্লার বুড়িচংয়ের কাবিলা বাজার এলাকায় নিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেয়েটি স্বাভাবিক হলে কান্নাকাটি শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে অপহরণকারী পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে মেয়েটির পরিচয় জানতে পারেন এবং তার বাবার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের ব্যবস্থা করে দেন।

খবর পেয়ে আনিশার বাবা ও আমির হোসেন আজাদ বুড়িচংয়ে ছুটে যান। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে তারা আনিশার সঙ্গে দেখা করেন এবং তাকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
 

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার (২৪ জুলাই) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ভোলা জেলার বেশ কয়েকটি এলাকায়। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সঞ্চালন লাইনের পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ গাছপালার শাখা-প্রশাখা কাটা (রাইট-অব-ওয়ের কাজ) এবং জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বোরহানউদ্দিন গ্রিডের অধীনে থাকা কয়েকটি ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হবে। এর ফলে শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো—ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর এবং পরানগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ভোলা সদরের সব এলাকা। চরফ্যাশন-২ ফিডারের আওতাধীন এলাকা। তজুমুদ্দিন সাব-জোনাল অফিসের আওতাধীন সব এলাকা।

গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

মনোহরদীতে গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারি আটক

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদীতে গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারি আটক

নরসিংদীর মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মো. মনু মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চিকাদী গ্রামের মনু মিয়ার বসতবাড়ির উঠান থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এসময় মনু মিয়াকে আটক করা হয়।

আটক মাদক কারবারি মনু মিয়া ওই গ্রামের মৃত আয়েব আলীর পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) আবেদ আলীর নেতৃত্বে একদল পুলিশ মনু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় একটি পলিথিন কাগজের ভেতর থেকে দুই কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনু মিয়া মাদকদ্রব্য বিক্রির উদ্দেশে নিজের কাছে রাখার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, মনু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।