• ই-পেপার

ভূমি প্রতিমন্ত্রী

জনগণকে দেশের প্রকৃত মালিক হিসেবে স্বীকৃতি দিতে চায় সরকার

হিলিতে বাড়ল পেঁয়াজের দাম

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হিলিতে বাড়ল পেঁয়াজের দাম
ছবি: কালের কণ্ঠ

দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে সপ্তাহের ব্যবধানে দেশীয় পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ থেকে ১২ টাকা বেড়েছে। বর্তমানে বাজারে দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে, যা এক সপ্তাহ আগেও ছিল ৩০ থেকে ৩৫ টাকা। হঠাৎ দামের এ ঊর্ধ্বগতিতে সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন।

ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টি ও বিভিন্ন এলাকায় বন্যার কারণে পেঁয়াজের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উৎপাদন কমে যাওয়ায় মোকামগুলোতে পেঁয়াজের সরবরাহ উল্লেখযোগ্য হারে কমেছে। এর প্রভাব পড়েছে পাইকারি বাজারে, যার কারণে দাম বেড়েছে।

হিলি পাইকারি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী আতোয়ার গনি ওসমান বলেন, ‘পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চলে বন্যা ও অতিবৃষ্টির কারণে ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে মোকামগুলোতে পেঁয়াজের আমদানি কমে গেছে। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তবে বাজারে আমদানি বাড়লে দাম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা করছি।’

বাজারে পেঁয়াজ কিনতে আসা একাধিক ক্রেতা জানান, কয়েক দিনের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১২ টাকা দাম বেড়ে যাওয়ায় সংসারের ব্যয় বেড়েছে। দ্রুত বাজার মনিটরিং জোরদার করে দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

অন্যদিকে, পেঁয়াজ বিক্রেতারা বলছেন, সরবরাহ সংকটই বর্তমান মূল্যবৃদ্ধির প্রধান কারণ। উৎপাদনকারী অঞ্চল থেকে স্বাভাবিক হারে পেঁয়াজ বাজারে আসতে শুরু করলে দাম কমে আসবে বলে তাদের প্রত্যাশা।

আইনজীবী পান্নার মেয়ের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার এক

অনলাইন ডেস্ক
আইনজীবী পান্নার মেয়ের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার এক

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্নার মেয়ে নাদীমা মোহম্মদি খান (৩৯) ওপর হামলার ঘটনায় চাঁদনী নামক একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) বরিশাল নগরের নিজ বাসভবনে হামলার শিকার হন নাদিমা মোহাম্মদী খান। পরে আহত হয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

ওই দিন রাতেই আহত নাদীমা পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালী থানায় মামলা করেছেন। 

রবিবার (১৯ জুলাই) ভোরে তিনি বরিশাল কোতোয়ালি মডেল থানায় তার চাচা নজরুল ইসলাম খানসহ পাঁচ জনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ জানায়, এ ঘটনায় এজাহারভুক্ত আসামি তানজিয়া চাঁদনি (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের পাশাপাশি নাদিমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সেই দাবিতে রাজি না হওয়ায় মাদকসেবী ও মাদক বিক্রেতাদের একটি সংঘবদ্ধ দল শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি দিয়ে মারধর করে তাকে আহত করেন।

নাদিমা মোহাম্মদী খান জানিয়েছেন, শনিবার তিনি ও তার চাচাতো বোন ঢাকা থেকে বরিশালের পৈতৃক বাড়িতে আসেন। কয়েকজন যুবক বাড়ির ভেতরে আবর্জনা ফেলে রাখার পাশাপাশি মাদক সেবন ও বেচাবিক্রি করছিলেন। এর প্রতিবাদ করলে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন স্থানীয় লোকজন।

নাদিমা বলেন, ‘আমাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে এবং ভবিষ্যতে যেন আর বাড়িতে না আসি, সেই উদ্দেশ্যেই আমার চাচা নজরুল ইসলাম খানের প্রশ্রয় ও উসকানিতে এই হামলা চালানো হয়েছে।’

অভিযোগের বিষয়ে জানতে নজরুল ইসলাম খানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুল ইসলাম বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলানো হচ্ছে।

পাবনায় মাদকবিরোধী অভিযানে আটকের পর ৩ জনকে জেল-জরিমানা

আঞ্চলিক প্রতিনিধি, পাবনা
পাবনায় মাদকবিরোধী অভিযানে আটকের পর ৩ জনকে জেল-জরিমানা
প্রতীকী ছবি

পাবনার বেড়া উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা কারবারি মো. জনিসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৯ জুলাই) রাত ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত দীর্ঘ আড়াই ঘণ্টাব্যাপী এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। আমিনপুর থানার এসআই মিজানুর রহমান ও এসআই আবদুল লতিফসহ পুলিশের একটি চৌকস দল এই অভিযানে সক্রিয় সহায়তা প্রদান করে।

আদালত সূত্র জানায়, ত্রিমোহনী বাজারের তালিমনগর প্রাইমারি স্কুলের পাশে লুৎফর রহমান লুটু মেম্বারের বাসা সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তরা প্রশাসনের কড়া নজরদারিতে ছিলেন। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে লুৎফর রহমান লুটুর ছেলে মো. জনির বসতবাড়িতে আকস্মিক অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

তল্লাশিকালে ওই বাড়ি থেকে ইয়াবা সেবন, ব্যবহার ও পরিবহনের বিপুল পরিমাণ আলামত জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি জনি স্বীকার করেন, তিনি গত তিন মাস ধরে ওই এলাকায় নিয়মিত ইয়াবার কারবার চালিয়ে আসছিলেন। অভিযোগটি ভ্রাম্যমাণ আদালতের কাছে হাতেনাতে প্রমাণিত হওয়ায় প্রধান আমি হিসেবে মো. জনিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

এদিকে একই অভিযানে মূল মাদক কারবারি জনির পাশাপাশি একই সময়ে মাদক সেবন ও ব্যবহারের অপরাধে সুধান হালদার ও রানা খান নামে আরো দুজনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত সুধান হালদারকে তিন মাস এবং রানা খানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে এবং জনস্বার্থে প্রশাসনের এ ধরনের কঠোর ও কড়া নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দণ্ডিতদের রাতেই সাজা পরোয়ানাসহ জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

পানি বাড়ছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

অনলাইন ডেস্ক
পানি বাড়ছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

ভারি বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামলাতে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশনের তিস্তা নদীর পানি পরিমাপক নুরুল ইসলাম।

তিনি বলেন, সকাল ৯টায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ মিটার। এটি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। একই দিন সকাল ৬টায়ও পানির উচ্চতা একই পর্যায়ে ছিল।

পাউবো ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলছেন, তিস্তা নদীর পানি বেড়ে সকাল ৯টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরো বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।