• ই-পেপার

বগুড়ায় পানির ট্যাংকারের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

ফেনীতে আকস্মিক টর্নেডোয় লণ্ডভণ্ড ৩৫ পরিবার

ফেনী প্রতিনিধি
ফেনীতে আকস্মিক টর্নেডোয় লণ্ডভণ্ড ৩৫ পরিবার
ছবি : কালের কণ্ঠ

ফেনীর সোনাগাজী উপজেলায় আকস্মিক টর্নেডোর তাণ্ডবে ৩৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় এক মিনিট স্থায়ী এ টর্নেডোয় ঘরবাড়ি, গাছপালা ও বৈদ্যুতিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকট শব্দের সঙ্গে হঠাৎ টর্নেডো বয়ে গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে চারটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়, শতাধিক গাছপালা উপড়ে পড়ে এবং প্রায় ২০টি ছোট-বড় ঘর ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ৩৫টি পরিবারের বৈদ্যুতিক মিটারও উড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত বৃদ্ধ সাহাব উদ্দিন বলেন, তার ৭০ বছরের জীবনে এমন টর্নেডো তিনি আর দেখেননি। হঠাৎ করে যেন কেয়ামত নেমে এসেছিল।

মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের দুর্দশার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং সরকারি সহায়তার আবেদন করা হয়েছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দিতে উপজেলা প্রশাসন কাজ করছে।

তিন দশক পর সরল টমছমব্রিজ সড়কের গলার কাঁটা

কুমিল্লা প্রতিনিধি
তিন দশক পর সরল টমছমব্রিজ সড়কের গলার কাঁটা
ছবি: কালের কণ্ঠ

দীর্ঘ তিন দশক পর অবশেষে মুক্ত হলো কুমিল্লা নগরীর ব্যস্ততম টমছমব্রিজ সড়ক। সড়কের ওপর ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ কাঁচাবাজার উচ্ছেদ করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। রবিবার (১৯ জুলাই) বিকালে পরিচালিত এই বিশেষ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে এই বাজারের কারণে সৃষ্টি হওয়া তীব্র যানজটে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হতো নগরবাসীকে। বাজারটি অপসারণ করায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। নগরবাসী এই অভিযানকে স্বাগত জানিয়ে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

সিটি করপোরেশন সূত্র জানায়, প্রধান সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলায় টমছমব্রিজ এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র যানজট লেগে থাকত। এতে নগরবাসীর পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা মানুষের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল। আজ বিকালে সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের তত্ত্বাবধানে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে সড়ক ও ফুটপাত পুরোপুরি দখলমুক্ত করা হয়।

অভিযান চলাকালে উচ্ছেদ হওয়া টমছমব্রিজ কাঁচাবাজারের মুরগি ব্যবসায়ী জাবেদ বলেন, ‘আগে থেকেই উচ্ছেদের বিষয়টি আমাদের জানানো হয়েছিল। আমরা কোনোভাবে টিকে থাকার জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত উচ্ছেদ করা হলো। এখন এই মালামাল নিয়ে কোথায় যাব?’

একই বাজারের সবজি ব্যবসায়ী হৃদয় হোসেন বলেন, ‘আমার দোকানটি ভেঙে ফেলা হয়েছে। কোনো রকমে মালামাল সরাতে পেরেছি। আমরা এখানে ভাড়া দিয়ে ব্যবসা করতাম।’

উচ্ছেদ অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন বলেন, ‘নগরীতে যানজট কমানো, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনে এ ধরনের উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।’

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘যেকোনো স্থাপনা উচ্ছেদের আগে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়। যারা সেই নোটিশ মানেন না, কেবল তাদেরই অপসারণ করা হয়েছে। সড়কের ওপর যত অবৈধ স্থাপনা থাকবে, সবগুলোই আইনানুগভাবে উচ্ছেদ করা হবে।’

অভিযান চলাকালে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন এবং কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গাজীপুর

বিয়েবাড়িতে মদ্যপানে প্রাণ গেল ২ যুবকের

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বিয়েবাড়িতে মদ্যপানে প্রাণ গেল ২ যুবকের
সংগৃহীত ছবি

গাজীপুরে একটি বিয়েবাড়িতে উৎসব চরাকালে মিথিনলযুক্ত অ্যালকোহল (মদ) পান করে দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন সজিব (২২) ও রনি মিয়া (২০)। সজিব ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার জুনিয়ার বাজার এলাকার আব্দুল রাজ্জাক ওরফে রেজাকের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার বাইমাইল কাদের মার্কেট এলাকায় মফিজ উদ্দিনের বাসায় ভাড়া থেকে কাঁচামালের ব্যবসা করতেন। আর রনি মিয়া একই জেলার মোস্তফা ইসলামের ছেলে এবং বাইমাইল কাদের মার্কেট এলাকার তোবারক মোল্লার বাসায় ভাড়া থেকে আশুলিয়া পলিটেকনিক্যালে পড়াশোনা করতেন।

স্থানীয়রা জানায়, গত ১০ জুলাই রাতে কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে সজিব ও রনি মিয়া মিথিনর মিশ্রিত অ্যালকোহল পান করেন। পরদিন সকাল থেকে তারা অসুস্থ অনুভব করলে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ কিনে খান। উন্নতি না হলে তাদের স্থানীয় কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৯ জুলাই) ভোর ৪টায় সজিব এবং বিকেল সাড়ে ৪টায় রনি মিয়া মারা যান।

মৃত রনি মিয়ার নানি রেজিয়া খাতুন বলেন, ‘ভিক্ষাবৃত্তি করে নাতিকে পড়াশোনা করাচ্ছি। সে ভদ্র ছিল। কোনো দিন নেশা করেনি। ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে।’ এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।

গাজীপুর কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হোসেন জানান, শুনেছি মদ্যপান করে তারা মারা গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

লক্ষ্মীপুর

সড়ক সংস্কারে ‘রাবিশ’, অভিযোগ পেয়ে কাজ বন্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি
সড়ক সংস্কারে ‘রাবিশ’, অভিযোগ পেয়ে কাজ বন্ধ
লক্ষ্মীপুর পৌরসভার সড়ক সংস্কারের কাজে খোয়ার পরিবর্তে ‘রাবিশ’ ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি পৌরসভার মজুপুর এলাকার সড়কে। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর পৌরসভার একটি সড়কের সংস্কার কাজে খোয়ার পরিবর্তে রাবিশ (পুরনো সড়ক বা ভবনের ভাঙা টুকরো) দিয়ে মেকাডম (চূর্ণ পাথরের স্তর) প্রস্তুত করার অভিযোগ উঠেছে। 

রবিবার (১৯ জুলাই) দুপুরে সরেজমিন নির্মীয়মাণ সড়কে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ঠিকাদারকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন। একইসঙ্গে নিয়ম অনুযায়ী খোয়া ব্যবহারেরও নির্দেশ দেন তিনি। 

ঘটনাটি লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর মাওলানা রেহান উদ্দিন সড়ক ও চৌধুরী বাড়ি কানেক্টিং সড়ক সংস্কারের কাজ নিয়ে। বিশ্বব্যাংকের অর্থায়নে সাত কোটি ৩৪ লাখ টাকার কাজটি করাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএস মোস্তফা অ্যান্ড সন্স।  

স্থানীয়দের অভিযোগ, রেহান উদ্দিন সড়কের পাশে ড্রেন নির্মাণ চলমান থাকলেও চৌধুরী বাড়ি সড়কে ড্রেন হচ্ছে না। অথচ সড়ক সংস্কারের চেয়ে ড্রেন বেশি জরুরি। তাদের আশঙ্কা, সড়কটির নির্মাণকাজ শেষে দুই পাশের বাসিন্দারা জলাবদ্ধতায় আটকা পড়বে। এ ছাড়া সড়কের কাজও নিয়ম অনুযায়ী হচ্ছে না। ১২ ফুট প্রশস্ত হওয়ার কথা থাকলেও কোথাও কোথাও ১০-৯ ফুটে নেমে গেছে। 

স্থানীয়দের আরো অভিযোগ, সড়কটির কাজে খোয়া একেবারেই কম, বালুর পরিমাণ বেশি। রেহান উদ্দিন সড়কের পাশে ড্রেন নির্মাণের কাজেও ব্যাপক অনিয়ম হয়েছে।

সড়ক সংলগ্ন এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম, মাওলানা লোকমান ও মমিনসহ কয়েকজনের অভিযোগ, সড়কের দুই পাশ থেকে মাটি এনে খোয়ার সঙ্গে মেশানো হয়েছে। পুরো সড়কে খোয়ার চেয়ে ‘রাবিশ’ বেশি। রাস্তা প্রশস্ত হচ্ছে না। শুরু থেকেই পৌর কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো তদারকি ছিল না। এজন্যই ঠিকাদার অনিয়ম করার সুযোগ পেয়েছে। 

এ ছাড়া ডিবি রোডেও ঠিকাদার একইভাবে অনিয়ম করে কাজ করেছেন। ড্রেন নির্মাণ কাজেও অনিয়ম করেছেন ঠিকাদার। পৌর কর্তৃপক্ষ তদারকি করলেও ঠিকাদার অনিয়মের সুযোগ পেত না।

অভিযোগ প্রসঙ্গে ঠিকাদার ফিরোজ আলম বলেন, ‘সাব বেইজ আগে করেছি। সেখানে খোয়ার পরিমাণ কি তা আমার জানা নেই। কাজে কোনো অনিয়ম করা হচ্ছে না। মানুষের বাসাবাড়ি বা দেওয়াল ভাঙা আমাদের কাজ নয়। সড়ক চওড়া করার উদ্দেশ্যে জনগণকে বলেন দেওয়াল ভেঙে দিতে, আমি শ্রমিক দেব।’

লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে সড়কটি সংস্কার করা হচ্ছে। কাজ নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছে। মৌখিকভাবে একাধিকবার সতর্ক করা হলেও ঠিকাদার কথা শোনেননি। 

নির্বাহী প্রকৌশলী আরো বলেন, ঘটনাস্থল গিয়ে কাজে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। ঠিকাদারকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। একইসঙ্গে নিম্নমানের খোয়া সরিয়ে নির্ধারিত মান অনুযায়ী উপকরণ ব্যবহার করে পুনরায় কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।