৩ নম্বর সতর্ক সংকেতের মধ্যে রবিবার সকালে কুমিরা-গুপ্তছড়া নৌরুটে যাত্রীবাহী একটি কাঠের ট্রলার থেকে ২ যাত্রী সাগরে পড়ে যান। ট্রলারকর্মী ও যাত্রীদের যৌথ প্রচেষ্টায় রশি দিয়ে তাদের উদ্ধার করা হয়। ভাগ্যক্রমে ২ জনই প্রাণে বেঁচে যান।
প্রত্যক্ষদর্শীদের মতে, শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সকাল ৯ টায় সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্বীপের গুপ্তছড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর উত্তাল ঢেউয়ের তোড়ে এ দুর্ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও ও যাত্রী আমজাদ হোসেনের ফেসবুক পোস্টে দাবি করা হয়, ট্রলারে কোনো যাত্রীকেই লাইফ জ্যাকেট দেওয়া হয়নি।
এ বিষয়ে যাত্রীদের অভিযোগ, বৈরী আবহাওয়ায়ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই যাত্রী পারাপার করা হচ্ছে। তবে অভিযোগের বিষয়ে জানতে কুমিরা ঘাটে বিআইডব্লিউটিএর অনুমোদিত এজেন্ট জগলুল হোসেন নয়নের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।




