যশোরের অভয়নগরে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মোহাম্মদ হুসাইন (২১) নামের এক মাদরাসাশিক্ষক নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর-খুলনা রেলপথের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকার রহমত ওয়েব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হুসাইন উপজেলার ভাঙ্গাগেট এলাকার উম্মুলকুরা নূরানী একাডেমি মাদরাসার শিক্ষক ছিলেন। তিনি যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদ হুসাইন মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন। রহমত ওয়েব্রিজের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মৌসুমি ইয়াসমিন বলেন, ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক মাদরাসাশিক্ষককে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি যশোর রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।’




