গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথ সভায় বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ বলেছেন অনুষ্ঠানের সভাপতি ও দলের উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম। পরে চারদিকে গুঞ্জন শুনে তিনি দ্রুত ‘সরি, সরি’ বলে আরো কিছু কথা বলে বক্তব্য শেষ করেন।
গতকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে ওই কর্মসূচির আয়োজন করা হয়। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
৫৮ সেকেন্ডের এই ভিডিওতে শফিজল ইসলাম বলেন, ‘আমি সাদুল্লাপুর উপজেলায় জামালপুর ইউনিয়নের নির্বাচনের জন্য বিভিন্ন মানুষের পাড়া–মহল্লায় গিয়ে কথা বলতাছি। অত্যন্ত সাড়া পাচ্ছি। ইনশা আল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন, আশা করি আমাকে কেউ ঠেকাতে পারবে না। এখান থেকে হাফ কিলোমিটার দূরে জামালপুর ইউনিয়ন। আপনারা সহযোগিতা করলে চেয়ারম্যান পদে কেউ আমাকে ঠেকাতে পারবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা।’ এর পরপরই তিনি বলেন, ‘সরি, সরি’ এবং মঞ্চ থেকে নেমে যান।
জানা যায় , ‘দেশ গড়তে জুলাই জাগরণ ’এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় জাতীয় নাগরিক কমিটি- এনসিপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে পদ যাত্রা ও সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে পথ সভার আয়োজন করা হয়। এতে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমসহ অন্যান্য কেন্দ্রীয় ও জেলা উপজেলা নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা আহ্বায়কের ‘জয় বাংলা’ বলার প্রসঙ্গে জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি বলেন, এলাকায় শফিজলের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি আগে কখনো রাজনীতি করেননি। তিনি রাজনীতিতে নবাগত এবং এই ধরণের বড় সভায় বক্তব্য দেওয়ার অভিজ্ঞতা না থাকায় ভুলক্রমে অনিচ্ছাকৃতভাবে কথাটি বলে ফেলেছেন। তবে সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশও করেছেন। সাধারণ মানুষও বিষয়টিকে সহজভাবে গ্রহণ করেছেন।




