• ই-পেপার

এমপি মানিক

জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে

নেত্রকোনায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২
ছবি: কালের কণ্ঠ

নেত্রকোনার পূর্বধলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইছবপুর-পালেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবান মিয়া (৩১) মদন উপজেলার হাঁসকুড়ি গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, এদিন সকালে নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী আরেকটি ট্রাক ইছবপুর-পালেরঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি হয়। এতে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। একটি ট্রাকের চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে অপর ট্রাকের আহত চালক ও হেলপারকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। পরে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ওই চালক ও তার সহযোগী পালিয়ে যান। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও পূর্বধলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাক কেটে ভেতরে আটকে থাকা চালকের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গোসাইরহাটে কোস্ট গার্ডের বিনা মূল্যে চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক
গোসাইরহাটে কোস্ট গার্ডের বিনা মূল্যে চিকিৎসাসেবা
ছবি : কালের কণ্ঠ

সাম্প্রতিক প্রবল বর্ষণ ও বৈরি আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে শরীয়তপুরের গোসাইরহাটে বিশেষ মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ৪৩০ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোনের উদ্যোগে গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রমের পাশাপাশি নিয়মিত মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।

তিনি বলেন, সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজিত এ বিশেষ মেডিক্যাল ক্যাম্পে ৪৩০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন, জনসেবার অংশ হিসেবে ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের মানবিক ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখবে।

নারায়ণগঞ্জে বায়ুদূষণের দায়ে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে বায়ুদূষণের দায়ে লাখ টাকা জরিমানা
ছবি : কালের কণ্ঠ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়ুদূষণের দায়ে একটি শিল্পপ্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানান নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিচালক এইচ এম রাশেদ।

এর আগে বুধবার (১৫ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলামের নেতৃত্বে সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযান চলাকালে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী ফতুল্লার পিলকুনি এলাকার মেসার্স নাস ফিনিশিং-এর বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচ এম রাশেদ বলেন, ‘প্রতিষ্ঠানটি কাঠ পুড়িয়ে আগুন জালিয়ে তাদের বয়লার মেশিন চালাচ্ছিল, যা পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইনত নিষিদ্ধ। এই কারণেই তাদেরকে জরিমানা করা হয়েছে।’

সৌদিতে সড়কে ঝরল বাংলাদেশি ২ সহোদরের প্রাণ

লক্ষ্মীপুর প্রতিনিধি
সৌদিতে সড়কে ঝরল বাংলাদেশি ২ সহোদরের প্রাণ
বামে ফরহাদ হোসেন সুজন ও ডানে ফয়েজ আহমেদ সজীব। ছবি : সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১) বাংলাদেশি দুই সহোদর ভাই নিহত হয়েছেন। সজীব ও সুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের বাবা ব্যবসায়ী আব্দুল মালেক।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে প্রাইভেটকারযোগে রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সজীব ও সুজন মারা যান। তারা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের বড় ছেলে ও মেজো ছেলে। 

সজীব ও সুজনের সহকর্মীদের বরাত দিয়ে তাদের বাবা আব্দুল মালেক জানান, সজীব ও সুজন জেদ্দায় ব্যবসা করতেন। তারা দুজনই রিয়াদ শহরে ব্যাবসায়িক মালামাল কিনতে যান। ওই মালামাল নিয়ে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটিকে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় গুরুত্বর আহত হয়ে সজীব ও সুজন মারা যান।

নিহতদের বাবা আব্দুল মালেক বলেন, ‘আমার দুই ছেলে একসঙ্গে মারা গেছে। সবাই তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন।’ তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, ‘ঘটনাটি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’