সাম্প্রতিক প্রবল বর্ষণ ও বৈরি আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে শরীয়তপুরের গোসাইরহাটে বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ৪৩০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোনের উদ্যোগে গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রমের পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।
তিনি বলেন, সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজিত এ বিশেষ মেডিকেল ক্যাম্পে ৪৩০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন, জনসেবার অংশ হিসেবে ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের মানবিক ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখবে।





