• ই-পেপার

নোয়াখালী

মাদকসেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

বোয়ালখালীতে লবণ কারখানায় বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে দগ্ধ ১০

চট্টগ্রাম, বোয়ালখালী প্রতিনিধি
বোয়ালখালীতে লবণ কারখানায় বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে দগ্ধ ১০

 

 

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- বোয়ালখালীর দিদারুল আলম (৩২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮) ও নূর নবী (২৫), রাঙ্গুনিয়ার উজ্জ্বল দাশ (৫৩), সদরঘাটের মোহাম্মদ লিটন (২৮), লোহাগাড়ার সিরাজুল ইসলাম (৩৪), রাউজানের জাহিদুল আলম (৪২), পটিয়ার মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) এবং চন্দনাইশের সেলিম উদ্দিন (৩০)।

জানা গেছে, শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে তারা দগ্ধ হন। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জনকে চমেক হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের দগ্ধের মাত্রা বেশি হওয়ায় অবস্থা আশঙ্কাজনক।

চট্টগ্রাম

বড় পর্দায় খেলা দেখার সময় ছুরিকাঘাতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বড় পর্দায় খেলা দেখার সময় ছুরিকাঘাতে যুবক আহত
ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেইট এলাকায় বড় পর্দায় আর্জেন্টিনা-ইংল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনালের খেলা দেখার সময় আসাদুল হক (২১) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল বুধবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। তবে কেন বা কারা তাকে ছুরিকাঘাত করেছে, তা জানা যায়নি। 

আসাদুল চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। 

পুলিশ সূত্র জানায়, পাঁচলাইশের বাসা থেকে বন্ধুদের সঙ্গে খেলা দেখতে ২ নম্বর গেইট এলাকায় গিয়েছিলেন আসাদুল। তিনি অন্যান্য দর্শকদের সঙ্গে খেলা দেখছিলেন। এ সময় ভিড়ের মধ্যে হঠাৎ তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘দুই নম্বর গেইটে খেলা দেখার সময় ভিড়ের মধ্যে আসাদুলের পায়ে ছুরিকাঘাত করা হয়। আমরা তার সঙ্গে কথা বলেছি। তবে কী কারণে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে, সে এ বিষয়ে কিছুই বলতে পারছে না। বর্তমানে আসাদুল শঙ্কামুক্ত আছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

নাফ নদীপথে পাচারের সময় আড়াই লাখ ইয়াবা উদ্ধার

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
নাফ নদীপথে পাচারের সময় আড়াই লাখ ইয়াবা উদ্ধার
সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ায় নাফ নদীপথে মিয়ানমার থেকে পাচারের সময় মালিকবিহীন ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত তিন চোরাকারবারি নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারে পালিয়ে যান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে উখিয়া পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮-এর প্রায় সাড়ে ৩ কিলোমিটার উত্তর-পূর্বে এবং শূন্যরেখা থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল এলাকায় অভিযান চালায়। এ সময় তিন ব্যক্তি বস্তা হাতে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে প্রবেশ করছে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা বস্তা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান।

বিজিবি আরো জানায়, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বস্তার ভেতরে খাকি রঙের নীল বায়ুরোধী ২৫টি প্যাকেটে রাখা ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের সময় আশপাশে আরো তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

কচুরিপানার নিচে ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না ২ চোরের

অনলাইন ডেস্ক
কচুরিপানার নিচে ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না ২ চোরের
প্রতীকী ছবি

নাটোরে পুলিশের ধাওয়া খেয়ে খালের কচুরিপানার নিচে দীর্ঘ ৯ ঘণ্টা লুকিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি আন্তঃজেলা গরু চোর চক্রের দুই সদস্যের। শেষ পর্যন্ত টের পেয়ে এলাকাবাসী খালটি ঘিরে ফেললে তারা উঠে আসতে বাধ্য হন। পরে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে নাটোরের সিংড়া থানার চৌগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।

আটকরা হলেন—ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বেতাকুড়-আতারামপুর এলাকার কুদরত আলীর ছেলে হাবিবুর রহমান (৪২) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মইপুর গোপালপুর এলাকার মোস্তাকের ছেলে ফেরদৌস (২৬)।

নওগাঁ জেলার রানীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, গত ১০ জুলাই রানীনগর থানা এলাকায় একটি গরু চুরির মামলা হয়। ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে নওগাঁর আত্রাই থানার কাশিয়াড়ী এলাকার আসলাম দেওয়ানকে (৪৩) আটক করে র‍্যাব। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে সিংড়ার চৌগ্রাম এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসায় রানীনগর থানা পুলিশ।

ভোরবেলা আসলাম দেওয়ান চক্রের ৫-৬ জন সদস্য একটি মিনিট্রাকে করে সেখানে পৌঁছায়। কিন্তু দূর থেকেই পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা চৌগ্রাম-কালিগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে চোর চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও এই দুজন রাস্তার পাশের একটি কচুরিপানাপূর্ণ খালে ঝাঁপ দিয়ে আত্মগোপন করে।

স্থানীয় যুবক হাসান জানান, পুলিশ চলে যাওয়ার পর বা পরিস্থিতি শান্ত হওয়ার আশায় তারা খালের নোংরা পানিতে কচুরিপানার নিচে মাথা লুকিয়ে অবস্থান করছিল। দীর্ঘ সময় পার হওয়ার পর বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। তারা বুঝতে পারেন খালের ভেতর চোর লুকিয়ে আছে। সঙ্গে সঙ্গে তারা পুরো খালটি চারদিক থেকে ঘিরে ফেলে তাদের পালানোর পথ বন্ধ করে দেন। অবশেষে ৯ ঘণ্টা পর তারা পানি থেকে উঠে আসতে বাধ্য হন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, আটক দুজনকে প্রথমে প্রশাসনের হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তীতে থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সিংড়া থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, দীর্ঘ সময় খালের পানিতে ও কচুরিপানার নিচে থাকায় আটক দুই চোর কিছুটা অসুস্থ হয়ে পড়ে। উদ্ধারের পর পরই তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আটক চোরদের বিরুদ্ধে সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে। পাশাপাশি রানীনগর থানা পুলিশও তাদের পূর্বের মামলায় শ্যোন অ্যারেস্ট দেখাবে। আজ বৃহস্পতিবার তাদের আদালতে চালান করা হবে।