• ই-পেপার

রৌমারীতে সেতু আছে, নেই সংযোগ সড়ক

চুয়াডাঙ্গা সীমান্তে ১ কোটি ৭৬ লাখ টাকার সোনাসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গা সীমান্তে ১ কোটি ৭৬ লাখ টাকার সোনাসহ পাচারকারী আটক
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ৮টি সোনার বারসহ মো. মিজানুর রহমান (৬১) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের কাছে গোপন তথ্য আসে যে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত দিয়ে সোনার একটি চালান ভারতে পাচারের চেষ্টা হতে পারে। তথ্যের ভিত্তিতে মুন্সিপুর বিওপিকে সতর্ক করা হয় এবং সীমান্ত এলাকায় একটি বিশেষ টহলদল মোতায়েন করা হয়।

বিজিবি আরো জানায়, আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে কার্পাসডাঙ্গা বাজার থেকে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে মুন্সিপুর বিওপির সামনের সড়কে এলে বিজিবি টহলদল সন্দেহজনকভাবে তাকে থামায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কোমরে লুঙ্গির ভাঁজে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ৮টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং তার ব্যবহৃত  ডিওয়াই-৫০ মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক মো. মিজানুর রহমান চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে। তাকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত সোনা সরকারি বিধি অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
ছবি: কালের কণ্ঠ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০১৫ সালের একটি হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুজন পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রামের মো. ইউনুস আকনের ছেলে মো. কামরুল আকন এবং চরকখালী গ্রামের মো. টুকু মিয়া হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার। খালাস পাওয়া আসামি হলেন একই উপজেলার মো. ইউসুফ আকন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ মে বিকেলে পূর্বশত্রুতার জেরে মঠবাড়িয়া পৌর এলাকার বেতমোর বাজারে মো. হালিম কাজীর ছেলে রাকিবুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ওই দিনই মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় কামরুল আকন, সোহাগ হাওলাদার ও ইউসুফ আকনের নাম উল্লেখ করে আরো দুই থেকে তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার সাক্ষ্য–প্রমাণ পর্যালোচনা শেষে আদালত কামরুল আকন ও সোহাগ হাওলাদারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইউসুফ আকনকে খালাস দেওয়া হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আকন। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল বাবা-ছেলের

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল বাবা-ছেলের
সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রাঘাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩)। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র।

স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ির পাশের পাটখেতে আনোয়ার প্রভু ও তার ছেলে নিমাই পাট কাটতে যান। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানা ওসি শাহজাহান আলী বলেন, ‘বাবা ছেলে মৃত্যু হয়েছে এটা আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই সেখানে পুলিশ গিয়েছে।’

পঞ্চগড়

মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট

পঞ্চগড় প্রতিনিধি
মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট
সংগৃহীত ছবি

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে মানিক হোসেন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে প্রেরণ করে।

নিহত পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের মালাদাম এলাকার রইস উদ্দিনের ছেলে। তার হাতে একটি চিরকুট মিলেছে। সেখানে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে মহারাজার দিঘিতে ওই কিশোরের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। শার্ট ও জিন্স প্যান্ট পরা ওই মরদেহের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে মানিকের পরিবারের লোকজন মরদেহটি শনাক্ত করেন। এদিকে পুলিশের পাশাপাশি সিআইডির সদস্যরা ঘটনাস্থলে পৌছে তদন্ত শুরু করেন।

পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘ওই তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’