সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পরদিন এক ব্যক্তির (স্বামীর) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) দুপুরে জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুন্দর আলী (২৫) হবিবনগর গ্রামের ছমেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে সুন্দর আলী ও তার স্ত্রী লুবনা বেগমের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল।
রবিবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও ঝগড়া হয়। একপর্যায়ে লুবনা বেগম তার বোনের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান।
পরদিন সোমবার দুপুর ১টা পর্যন্ত সুন্দর আলী ঘর থেকে বের না হওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি।
পরে পুলিশে খবর দেওয়া হলে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে সুন্দর আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এ ঘটনার পর থেকে সুন্দর আলীর স্ত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি।
খবর পেয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) রফিকুল ইসলাম এবং জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি শফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।




