সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশায় থাকা এক নারী ও তার শিশু ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কামারখন্দ উপজেলার নূরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নিলা খাতুন (২৫) এবং তাদের ছেলে নিয়ামত উল্লাহ (৬)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস হাটিকুমরুল এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী মা ও ছেলে নিহত হন এবং আরো তিনজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
তিনি বলেন, ‘দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকা থেকে সেটি জব্দ করা হয়। এ সময় চালকের সহকারী শিমুলকে (২৪) আটক করা হয়েছে। তিনি ময়মনসিংহের কোতোয়ালি উপজেলার বাসিন্দা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’






