• ই-পেপার

চট্টগ্রামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত, আহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত, আহত ৩
ছবি : কালের কণ্ঠ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশায় থাকা এক নারী ও তার শিশু ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কামারখন্দ উপজেলার নূরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নিলা খাতুন (২৫) এবং তাদের ছেলে নিয়ামত উল্লাহ (৬)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস হাটিকুমরুল এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী মা ও ছেলে নিহত হন এবং আরো তিনজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

তিনি বলেন, ‘দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকা থেকে সেটি জব্দ করা হয়। এ সময় চালকের সহকারী শিমুলকে (২৪) আটক করা হয়েছে। তিনি ময়মনসিংহের কোতোয়ালি উপজেলার বাসিন্দা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

নাশকতার মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে

জামালপুর প্রতিনিধি
নাশকতার মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে
নাশকতার মামলায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে বকশীগঞ্জ থানার নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তাঁকে হাজির করা হলে বিচারক তানজিনা আক্তার এ আদেশ দেন। একই সঙ্গে তাঁর জামিন আবেদনের পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করা হয়।

আদালত সূত্র জানা গেছে, বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় নূর মোহাম্মদকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ২৭ জুন রাতে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুজ্জামান গামা বলেন, ‘বকশীগঞ্জ থানার নাশকতার মামলায় তাঁকে আদালতে হাজির করা হয়। পরে আদালত ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তিনি ঢাকায় গ্রেপ্তার হয়েছিলেন।’

উল্লেখ্য, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে নূর মোহাম্মদ জামালপুর-১ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন তিনি। এ ছাড়া দুর্নীতির অভিযোগে নূর মোহাম্মদ, তাঁর স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগের নিষেধাজ্ঞা রয়েছে।’

খালা পরিচয়ে বিদ্যালয় থেকে শিশু শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
খালা পরিচয়ে বিদ্যালয় থেকে শিশু শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা
ছবি: কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বিদ্যালয় থেকে খালা পরিচয়ে শিশু শ্রেণির এক শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এক তরুণী। সন্দেহ হলে তুল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় ওই তরুণীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটক তরুণী নিজেকে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাসিন্দা সুমাইয়া আক্তার (২০) বলে পরিচয় দিয়েছেন। বর্তমানে তাকে নাসিরনগর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

অপহরণের চেষ্টার শিকার শিশু শিক্ষার্থী তুল্লাপাড়া গ্রামের আব্দুল বাছিলের মেয়ে জান্নাত আক্তার।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সুমাইয়া আক্তার শিশু শ্রেণির কক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি নিজেকে জান্নাতের খালা পরিচয় দিয়ে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি শিক্ষক-শিক্ষিকাদের সন্দেহ হলে তারা জান্নাতের মাকে খবর দেন।

পরে জান্নাতের মা বিদ্যালয়ে এসে জানান, আটক তরুণী তার বোন নন এবং তাদের কোনো আত্মীয়ও নন। এরপর স্থানীয় লোকজন জড়ো হয়ে তরুণীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম বলেন, শিশু অপহরণের চেষ্টার অভিযোগে ওই তরুণীকে থানায় আনা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বা শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

কক্সবাজারে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু
প্রতীকী ছবি

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় বসতভিটার চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে আহত মোহাম্মদ হাসেম (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নোয়াপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত সোমবার দুপুরে নোয়াপাড়া এলাকায় বসতভিটার চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ হাসেম ও তার বড় ভাইয়ের ছেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে ভাতিজা মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ রাসেল চাচা হাসেমের ওপর হামলা চালান। এ সময় তাদের একজন ধারালো অস্ত্র দিয়ে হাসেমের পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বসতভিটার চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে চাচা-ভাতিজাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত মোহাম্মদ হাসেম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।