• ই-পেপার

লালপুরে লাম্পি রোগে আক্রান্ত ২০ হাজার গরু, টিকা সংকটে ৩৬টির মৃত্যু

কক্সবাজারে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু
প্রতীকী ছবি

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় বসতভিটার চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে আহত মোহাম্মদ হাসেম (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নোয়াপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত সোমবার দুপুরে নোয়াপাড়া এলাকায় বসতভিটার চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ হাসেম ও তার বড় ভাইয়ের ছেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে ভাতিজা মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ রাসেল চাচা হাসেমের ওপর হামলা চালান। এ সময় তাদের একজন ধারালো অস্ত্র দিয়ে হাসেমের পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বসতভিটার চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে চাচা-ভাতিজাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত মোহাম্মদ হাসেম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে মহাসড়কের পাশে মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরে মহাসড়কের পাশে মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ
ছবি : কালের কণ্ঠ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণকান্দী গ্রামের ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে বিষয়টি নগরকান্দা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।’

তিনি আরো বলেন, ‘মরদেহের পরিচয় নিশ্চিত করতে সিআইডির ফরেনসিক টিম কাজ করছে। পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

মাদরাসায় অনুষ্ঠান করে জামায়াতে যোগ দিলেন আ. লীগ নেতা!

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
মাদরাসায় অনুষ্ঠান করে জামায়াতে যোগ দিলেন আ. লীগ নেতা!
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে হাজিরহাট হামেদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠান করে জামায়াতে যোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা। বুধবার (৮ জুলাই) রাতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। পরে ওই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ওই আওয়ামী লীগ নেতার নাম আক্তার হোসেন মিলন। তিনি কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। 

ওই ভিডিওতে দেখা যায়, মাদরাসার অধ্যক্ষের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন মিলনের জামায়াতে যোগদানের অনুষ্ঠান চলছিল। এতে প্রধান অতিথি হিসেবে জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের, সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির, মাতাব্বরনগর দারুচ্ছুনাত আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসেনসহ জামায়াতে বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে দলীয় সদস্য ফরম পূরণ করে আওয়ামী লীগ নেতা মিলন জামায়াত ইসলামীতে যোগদান শেষে বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন।

জামায়াতে সদ্য যোগ দেওয়া আক্তার হোসেন মিলন এক সময় আ স ম আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে মেজর আবদুল (অব.) মান্নানের বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। ২০১৬ সালে বিকল্পধারা ছেড়ে আনুষ্ঠানিকভাবে তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হন। বেশ কয়েক বছর ওই পদে দায়িত্বপালন করে ইউপি নির্বাচনে নৌকার মনোনয়নের জন্য লড়াইয়ের পাশাপাশি দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তবে ২০২২ সালে অনুষ্ঠিত ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী হয়েও নির্বাচিত হতে পারেননি তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছেড়ে জামায়াতে যোগ দেওয়া সম্পর্কে জানতে চাইলে আক্তার হোসেন মিলন বলেন, আমি যখন আওয়ামী লীগে ছিলাম, তখন তারা আমাকে জামায়াত ট্যাগ দিয়ে মাঠে দাঁড়াতে দেয়নি। তাই এখন আমি জামায়াতে যোগ দিয়েছি। আপনাদের সহযোগিতা নিয়ে মানুষের জন্য কাজ করতে চাই।

শিক্ষাপ্রতিষ্ঠানে তথা নিজ কার্যালয়ে রাজনৈতিক দলের কার্যক্রম পরিচালনার বিষয়ে জানতে চাইলে হাজিরহাট হামেদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন জানান, তার কক্ষে একটি দোয়ার অনুষ্ঠান চলছিল। সেখানে জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। এ সময় হঠাৎ করে আক্তার হোসেন মিলন সেখানে উপস্থিত হয়ে জামায়াতে যোগদান করেন।

তবে, ছড়িয়ে পড়া ভিডিওতে যোগদান অনুষ্ঠানের আয়োজন এবং অনুষ্ঠানটি তিনি নিজে সঞ্চালনা করার প্রমাণ রয়েছে—এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

কমলনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের বলেন, মাদরাসার অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে আক্তার হোসেন মিলন উপস্থিত হয়ে জামায়াতে যোগদান করেছেন।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. তৌহিদুল ইসলাম জানান, শিক্ষাপ্রতিষ্ঠান তথা মাদরাসার অধ্যক্ষের কার্যালয়ে রাজনৈতিক দলের কার্যক্রম পরিচালনা করার বিধান নেই। এমনটি করে থাকলে তা তদন্ত করে দেখা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান জানান, তিনি ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। মাদরাসার অফিস কক্ষে যে কোনো দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সরকারি আইনের পরিপন্থী। এ ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন।

নাটোরে ট্রাক-ইজি বাইক সংঘর্ষে চালক নিহত, আহত ৪

নাটোর প্রতিনিধি
নাটোরে ট্রাক-ইজি বাইক সংঘর্ষে চালক নিহত, আহত ৪
ছবি : কালের কণ্ঠ

নাটোরের বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রান্টু মিয়া (২৮) নামের এক ইজি বাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার যাত্রী। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের রাজাপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রান্টু মিয়া উপজেলার গড়মাটি গ্রামের তফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাটোর থেকে পাবনাগামী একটি ট্রাক রাজাপুর কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক রান্টু মিয়ার মৃত্যু হয়। আহত হন ইজিবাইকের আরো চার যাত্রী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অপর দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মরিুরুজ্জামান জানান, দুর্ঘটনায় ইজিবাইক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। এ ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’