• ই-পেপার

সাভারে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ

খুলনা অফিস
সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ
ছবি: কালের কণ্ঠ

সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে বোমা হামলার প্রতিবাদে খুলনা জেলা ও মহানগর এনসিপির উদ্যোগে সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সোয়া ১১টায় নগরীর শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিববাড়ী মোড় থেকে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আশপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

মিছিল শেষে শিববাড়ী মোড় চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলা প্রধান সমন্বয়কারী হাফেজ মাহমুদুল হাসান ফয়জুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন খুলনা মহানগর সংগঠক ডা. আব্দুল্লাহ চৌধুরী, ফরিদ পাঠান, সামসুল আরেফিন লিওন, জাতীয় যুবশক্তি খুলনা জেলা সদস্যসচিব সরদার তুহিনুজ্জামান সোহাগসহ জেলা ও মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন হাসানুর রহমান, ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগীয় সংগঠক মহাম্মাদুল্লাহ হাফেজী আরিয়ান, জাতীয় ছাত্রশক্তি খুলনা মহানগর সদস্যসচিব মেহেদী হাসান সাইমুন, মুখ্য সংগঠক সাকিবুল ইসলাম, নারীশক্তির সংগঠক রুমি রহমানসহ জেলা, মহানগর ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, “সাভারে এনসিপির শান্তিপূর্ণ ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে সংঘটিত কাপুরুষোচিত বোমা হামলা প্রমাণ করে, একটি অপশক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সন্ত্রাসী ও সহিংস হামলা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। এই হামলার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না; বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে।”

বক্তারা অবিলম্বে সাভারের বোমা হামলার পরিকল্পনাকারী ও জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে দেশব্যাপী কঠোর ও তীব্র গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করা হবে।

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাঠে কাজ করার বজ্রপাতে আব্দুস সালাম (৬৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের কাটাবাগান গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) বিকাল ৫টার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের নাধাই কৃষ্ণপুর এলাকায় ফসলের মাঠে বজ্রসহ বৃষ্টির মধ্যে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান সালাম।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, দিনমজুর হিসেবে কৃষিকাজ করার সময় মাঠেই বজ্রপাতে আব্দুস সালামের মৃত্যু হয়।

খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।

নিয়ন্ত্রণ হারিয়ে আন্ডারপাস থেকে নিচে পড়ে ঝরল যুবকের প্রাণ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নিয়ন্ত্রণ হারিয়ে আন্ডারপাস থেকে নিচে পড়ে ঝরল যুবকের প্রাণ
প্রতীকী ছবি

নরসিংদীর মনোহরদীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আন্ডারপাসের রেলিংয়ে ধাক্কা লেগে নিচে পড়ে জিমেল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের হেতেমদী আন্ডারপাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিমেল উপজেলার বড়চাপা ইউনিয়নের জামালপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিমেল দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে হেতিমদী আন্ডারপাস অতিক্রম করছিলেন।

এসময় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে ফ্লাইওভারের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

সদরপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু

ফরিদপুরের সদরপুর উপজেলায় পুকুরে ডুবে আবদুল্লাহ (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ভাষানচর ইউনিয়নের সুবদেব নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ ভাষানচর ইউনিয়নের চানপুর গ্রামের বেলায়েত হোসেন ও রিনা আক্তারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবদুল্লাহ গত তিন-চার দিন ধরে তার নানা সদর আলীর বাড়িতে বেড়াতে এসেছিল। বিকেলে বাড়ির পাশে ইসলাম বয়াতীর পুকুরে গোসল করতে যায়। এরপর দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। 

একপর্যায়ে স্থানীয় বাসিন্দা রাসেলের পুকুরে নেমে খোঁজাখুঁজি করে শিশুটিকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।