বান্দরবানের লামায় এক বিধবা নারীকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে তার দুই বছরের শিশুকে অপহরণ চেষ্টার অভিযোগে মো. নাছির মাঝি (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লামা থানা পুলিশ। শুক্রবার (১২ জুন) ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনফুর বড় পাড়ার বাঁশখাইল্যা ঝিরি এলাকার নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার মৃত মজু মাঝির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১০ জুন) বিকেলে বাঁশখাইল্যা ঝিরি পাড়ার এক বিধবা নারী তার বাড়ি সংলগ্ন জমিতে কাজ করছিলেন। এসময় নাছির আকস্মিকভাবে তাকে পিছে থেকে জাপটে ধরে ধর্ষণ চেষ্টা চালান। তিনি ছুরি দেখিয়ে ওই বিধবা নারীকে ভয় ভীতি ও প্রদর্শন করেন। এক পর্যায়ে ওই নারী নিজেকে বাঁচাতে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান।
এর কিছুক্ষণ পর ওই নারীর দুই বছরের শিশু সন্তানকেও অপহরণের চেষ্টা চালান নাছির। এসময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল ত্যাগ করে গা ঢাকা দেন তিনি। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে বৃহস্পতিবার (১১ জুন) রাতে লামা থানায় নাছিরকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে শুক্রবার ভোররাতে কুমারী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই জামিল আহমদেরর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে অভিযুক্ত নাছিরকে গ্রেপ্তার করেন।
লামা থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আসামিকে ইতিমধ্যে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।






