নীলফামারীর কিশোরগঞ্জে সাংবাদিককে পেটানোর ঘটনায় মামলা হয়েছে। মামলার পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) দিবাগত রাতে উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম রশিদুল (৫৫)। তিনি উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রামের তালেব উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্র জানায়, অনিয়মের সংবাদ প্রকাশের জেরে রাস্তা থেকে তুলে নিয়ে সাহেব আলী নামের এক সাংবাদিককে মারধর করেন প্রধান শিক্ষক ও তার সহযোগীরা। ওই ঘটনায় সাহেব আলী প্রধান শিক্ষক সফিকুল ইসলামকে ১ নম্বর আসামি করে আরো তিনজনকে নামীয় ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার ৪ নম্বর আসামি রশিদুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান জানান, সাংবাদিককে মারধরের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।





