ফুটবল বিশ্বকাপে ইরান ফুটবল দলের সমর্থনে নাটোরে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা করেছে সমর্থকরা। বৃহস্পতিবার দুপুরে নাটোর প্রেস ক্লাব চত্বরে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর ও আশপাশের এলাকা দেতে ইরান সমর্থকরা ব্যানার ও ইরানের জাতীয় পতাকা হাতে প্রেস ক্লাব চত্বরে এসে জড়ো হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ইরান ফুটবল দলের সমর্থকরা উপস্থিত ছিল।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে কথাসাহিত্যিক ও ইরান সমর্থক ড. জাকির তালুকদার বলেন, ‘বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশে সাধারণত ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা জার্মানির মতো পরাশক্তি দলগুলোর সমর্থকদের তুমুল উন্মাদনা দেখা যায়। আমাদের মধ্যেও অনেকে ওইসব ঐতিহ্যবাহী দলের সমর্থক। তবে একটি বিশেষ জায়গায় দাঁড়িয়ে আমরা এবার ইরান ফুটবল দলকে নৈতিকভাবে সমর্থন দিচ্ছি।’
তিনি অভিযোগ করে বলেন, ‘এবারের বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক দেশ আমেরিকা (যুক্তরাষ্ট্র)। তারা ইরান ফুটবল দলের সঙ্গে শুরু থেকেই এক ধরনের বিমাতাসুলভ ও বৈষম্যমূলক আচরণ করে আসছে, যা ক্রীড়াঙ্গনের চেতনা পরিপন্থী। খেলার মাঠকে রাজনৈতিক প্রতিহিংসার বাইরে রাখা উচিত। একজন ফুটবলপ্রেমী হিসেবে আমরা আমেরিকার এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকরা জানান, বৈশ্বিক এই টুর্নামেন্টে সব দলের জন্য সমান সুযোগ ও সম্মান নিশ্চিত করার দাবিতেই তাদের এই অভিনব অবস্থান। তারা আশা প্রকাশ করেন, মাঠের বাইরে যত প্রতিকূলতাই থাকুক না কেন, ইরান দল তাদের সেরা খেলা উপহার দিয়ে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে।





