• ই-পেপার

আদমদীঘি

সাড়ে ৩ কিলোমিটারে ব্যয় ১০ কোটি, এর পরও নিম্নমানের সামগ্রী

বৃষ্টির মধ্যেও দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি
বৃষ্টির মধ্যেও দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা
সংগৃহীত ছবি

বিশ্বকাপ উন্মাদনায় দিনাজপুর শহরে বৃষ্টি উপেক্ষা করে আনন্দ শোভাযাত্রা করেছে ব্রাজিল সমর্থকরা। এতে প্রায় সহস্রাধিক সমর্থক অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় গোর-এ-শহীদ বড়দানের সামনে সিঅ্যান্ডবি মোড়ে এই বিশাল আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রঙ্গণে শেষ হয়। 
আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারী সমর্থকদের গায়ে ছিল ব্রাজিলের জার্সি, পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে উল্লাস করতে দেখা যায়।

ব্রাজিল সমর্থক রাশাদুজ্জামান রাশেদ বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের ভক্ত। এ দলটির প্রতিবারেই আমাদের নান্দনিক খেলা উপহার দেয়। আশা করছি, এবার হেক্সা জয় করবে।’ ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক রুবেল ইসলাম জানান, অন্যান্য বারের ন্যায় এবারও ব্রাজিল ভাল খেলবে ও বিশ্বকাপ জয় করবে।

শোভাযাত্রায় ব্রাাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুজার সেতু, ব্রাাজিল সমর্থক গোষ্ঠী সদস্য এম বি বিপুল রায়, মো. রাজিউল ইসলাম রাজুসহ বিপুলসংখ্যাক ফুটবল ভক্ত অংশগ্রহণ করেন।

বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সাইনবোর্ডের খুঁটিতে ধাক্কা, নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, রংপুর
বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সাইনবোর্ডের খুঁটিতে ধাক্কা, নারী নিহত

ঢাকা-রংপুর মহাসড়কের রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি সাইনবোর্ডের খুঁটিতে সজোরে ধাক্কা দিলে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

গত বুধবার (১০ জুন) রাতে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার দমদমা রহমান পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ারসার্ভিসকর্মী ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান এবং ভর্তি করানো হয়।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ তথ্য জানায় পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, নিহত নারীর নাম শামসুন্নাহার (৩৫)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট এলাকার প্রথম ভাঙ্গা গ্রামের বাসিন্দা খসড়ু মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর নগরীর পাগলাপীর এলাকা থেকে পীরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস রাতে দমদমা রহমান পাম্পসংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে বাসটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই বাসটি সড়কের পাশে থাকা একটি সাইনবোর্ডের লোহার খুঁটিতে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার সময় বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী আসনের সঙ্গে আঘাতপ্রাপ্ত হন এবং কয়েকজন বাসের ভেতরে আটকে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধারকাজ শুরু করেন।

দুর্ঘটনায় গুরুতর আহত হন শামসুন্নাহার। পরে ঘটনাস্থলেই তার  স্বামীর কেলে তার মৃত্যু হয়। এ ছাড়া আরো ২০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের দাবি, মহাসড়কে চলাচলকারী যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী বাসটির সামনের চাকা ফেটে যাওয়ার পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি সাইনবোর্ডের খুঁটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন। এঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন।

তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাবনা পুলিশ লাইনস স্কুল

ক্লাস চলাকালীন ফ্যান মাথার ওপর পড়ে স্কুলশিক্ষার্থী আহত

আঞ্চলিক প্রতিনিধি, পাবনা
ক্লাস চলাকালীন ফ্যান মাথার ওপর পড়ে স্কুলশিক্ষার্থী আহত
সংগৃহীত ছবি

পাবনায় ক্লাস চলাকালে ফ্যান মাথায় পড়ে পঞ্চম শ্রেণির এক স্কুলশিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পাবনা পুলিশ লাইনস স্কুলে এ ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থী পাবনা পৌর সদরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে তামজিদ (১০)। 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, টিফিন শেষে ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পর ১০টা ৩৫ মিনিটের দিকে স্কুলের পঞ্চম শ্রেণির কক্ষের ফ্যানটি হঠাৎ খুলে শিক্ষার্থী তামজিদের মাথার ওপর পড়ে। এতে তার মাথা ফেটে গুরুতর আহত হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।

পাবনা পুলিশ লাইনস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা শিশুটিকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থাপত্র, ওষুধসহ অভিভাবককে ডেকে এনে বুঝিয়ে দিয়েছি। তার আঘাত খুব গুরুতর নয়। যেহেতু দুর্ঘটনা সে কারণে তার পিতার কোনো অভিযোগ নেই।’  

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরো বলেন, ‘আমরা সব সময় স্কুলের বৈদ্যুতিক জিনিসগুলো চেক করি। এখন একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই পুনরায় সব ফ্যান ঠিক আছে কি না দেখা হবে এবং নতুন ফ্যান লাগানো হবে।’

দামুড়হুদায় নিষিদ্ধ ছাত্রলীগকর্মী আটক

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদায় নিষিদ্ধ ছাত্রলীগকর্মী আটক
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাব্বির হোসেন (২৫) নামে এক নিষিদ্ধ ছাত্রলীগকর্মীকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) ভোররাতে উপজেলার লোকনাথপুর গ্রামে নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ওই গ্রামের আলম হোসেনের ছেলে।

দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহউদ্দিন জানান, সাব্বির হোসেনের মোবাইল ফোনে সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি এ ধরনের অভিযানে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।