রাজশাহীর বাগমারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কমলেশ দাসের বিরুদ্ধে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে তাকে এক ব্যক্তির কাছ থেকে খাম গ্রহণ করে তার ভেতরের টাকা গুনতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়া ওসি (তদন্ত) কমলেশকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নিজ কার্যালয়ে বসে কমলেশ দাস এক ব্যক্তির কাছ থেকে একটি খাম গ্রহণ করেন। পরে খামের ভেতর থাকা টাকাগুলো বের করে দ্রুত গুনে নিজের মানিব্যাগে রাখেন। পুরো ঘটনার সময় অর্থ প্রদানকারী ব্যক্তির সঙ্গে তাকে স্বাভাবিক ও হাস্যোজ্জ্বলভাবে কথা বলতে দেখা যায়।
তবে ভিডিওতে অর্থ প্রদানকারী ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। এ ছাড়া ভিডিওটির অডিও বন্ধ থাকায় সেখানে কী ধরনের কথোপকথন হয়েছে বা কী কারণে অর্থ লেনদেন হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
অভিযোগ প্রসঙ্গে কমলেশ দাস বলেন, ‘আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তবে ঘুষের টাকা আমি নেইনি।’
এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




